প্রিয়াম সরকার। চট্টগ্রামের মেয়েটি কাজ আর পড়াশোনার জন্য থিতু হয়েছেন ঢাকায়। সমান তালে চালিয়ে যাচ্ছেন মডেলিং ও অভিনয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও কুড়িয়েছেন প্রশংসা। সাম্প্রতিক কাজ নিয়ে কথা হয় তাঁর সঙ্গে

ব্যস্ততা এখন
অভিনয় নিয়ে বেশি সময় কাটছে। এখন কাজ করছি সালাউদ্দিন লাভলুর পরিচালনায় সোনার পাখি রূপার পাখি ধারাবাহিক নাটকে। এটি প্রচারিত হচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে। শেষ করেছি স্বল্পদৈরর্ঘ্য চলচ্চিত্র কমলাপুরাণ-এরশুটিং। সরকারি অনুদানের এই চলচ্চিত্র পরিচালনা করছেন আমিনুর রহমান। এটি চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পেতে পারে। একটি মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে। এ ছাড়া অভিনয় করেছি আশুতোষ সুজনের বাজি ও কৌশিক শংকর দাশের ভয়াল রাত্রি নাটকে। ধারাবাহিকের মধ্যে কাজ করেছি আশুতোষ সুজনের নাটক থ্রি সিস্টার্স -এ।
মডেলিংয়ের খবর
আমার শুরু তো মডেলিং দিয়ে। তবে এ ক্ষেত্রে ভাগ্য খুবই ভালো, টেলিভিশন বিজ্ঞাপনের শুরু হয়েছিল নামী বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার হাত ধরে। সেটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির একটি বিজ্ঞাপন ছিল। এর মধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছি। গ্রামীণফোন আর বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকার ফটোশুট তো নিয়মিতই করছি।
গোড়ার কথা
সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা আমার। মা (শুক্লা রক্ষিত) শিক্ষক হলেও রবীন্দ্রসংগীতশিল্পী। এ ছাড়া দাদাও (চিকিৎসক সত্যেম সরকার) ভালো গান করতেন। তাই মুখে বোল ফোটার সময় থেকে গানের হাতেখড়ি। স্কুলে কোনো অনুষ্ঠান হলে আমার ডাক পড়ত। ২০০৮ সালের দিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর মডেলিংয়ে ঝুঁকে পড়ি। এরপর শিল্পকলা থেকে নাট্যকলায় পড়াশোনা শেষে অনুপ মিত্রের তত্ত্বাবধানে যুক্ত হই বিনোদিনী নাট্যদলে। অভিনয় করি প্রদীপ দেওয়ানজী পরিচালিত পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকে। পরে পড়াশোনার জন্য ঢাকায় পাড়ি। বাবা (প্রকৌশলী আমল কৃষ্ণ সরকার) পড়াশোনাকে আগে প্রাধান্য দিলেও বরাবরই অভিনয় ও মডেলিংয়ে সায় দিয়ে আসছেন।
অর্জনের ঝুলি
২০০৮সালে পোট্রেট আয়োজিত মিস্টার অ্যান্ড মিস চিটাগাং প্রতিযোগিতায় মিস চিটাগাং হই। এ ছাড়া ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় ছিলাম সেরা ১৭ জনে। অভিনয়ে অর্জন বলতে সাজেদুর রহমানের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অন্তরীণ-এ কাজ করা। এটি ঢাকায় অনুষ্ঠিত ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
স্বপ্ন আমার
অভিনয়েই এগোতে চাই। পাশাপাশি মডেলিংও চলবে। এ ছাড়া পড়াশোনাও এগিয়ে নেব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছি। আরও পড়াশোনার ইচ্ছা আমার।