'অভিনয়ের প্রস্তাব পাচ্ছি বেশি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাওয়ার ভয়েজের শিল্পী আনিকা l ছবি: সৌরভ দাশ
পাওয়ার ভয়েজের শিল্পী আনিকা l ছবি: সৌরভ দাশ

আনিকা। সংগীতশিল্পী। চট্টগ্রামের মেয়েটি ২০১২ সালে চ্যানেল নাইনের রিয়েলিটি শো পাওয়ার ভয়েজে সেরা দশে স্থান পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। কারণ, ওই শোটিতে যাওয়ার আগে কারও কাছে তালিম নেননি তিনি। আনিকা এখন পুরোদস্তুর ব্যস্ত গান নিয়ে
পাওয়ার ভয়েজের দিনগুলো...
আমার কাছে জীবনের বড় একটা অর্জন এটি। টুকটাক গান করতাম। কিন্তু কারও কাছে কখনো শিখিনি। বাবা-মার কাছে যতটুকু শিখেছি, সেটা দিয়েই পাওয়ার ভয়েজে অংশ নিই। বলতে গেলে সংগীতের সঞ্চয়টা একেবারে ক্ষুদ্র। তবে মনের জোর ছিল। নিজের ওপর আত্মবিশ্বাস ছিল। যা আমাকে এত দূর নিয়ে এসেছে। পাওয়ার ভয়েজ আমার জন্য আরও এক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। তা হলো এক বছরের গ্রুমিং সেশনটি। গানের অনেক খুঁটিনাটি বিষয় জেনেছি। যা আমার আগে জানা ছিল না।
যেভাবে শুরু...
আমার বেড়ে ওঠা গানের মধ্যেই। বাবা মইনুদ্দিন আহমেদ চট্টগ্রামের ‘জেমিং’ ব্যান্ডের ভোকাল ছিলেন। মা নাসরিন আকতার নজরুল সংগীতশিল্পী (বর্তমানে শিক্ষক)। ফলে ঘরেই হাতেখড়ি। তা ছাড়া ছোটবেলায় বাবা কনসার্টে গেলে আমাকে সঙ্গে নিয়ে যেতেন। ফলে মঞ্চের প্রতি টানটা তখন থেকেই। মাঝেমেধ্য নিজেকে কল্পনা করতাম সেই মঞ্চে। আর সেই স্বপ্নই আমাকে পুরোদস্তুর শিল্পী বানিয়ে দিয়েছে।
গানের বাইরে...
প্রথম দিকে ঝোঁক ছিল মডেলিংয়েও। ২০০৮ সালে পোর্টেট আয়োজিত মিস চিটাগাং প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছি। আবার পোশাকের ফ্যাশন নিয়েও কাজ করি। এর মধ্যে স্বীকৃতিও মিলেছে। চট্টগ্রামে ফ্যাশন ডিজাইনারদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় এবার পুরস্কার জিতেছি। তা ছাড়া ২০১০ সালে শৈল্পিক আয়োজিত ডিজাইনার হান্ট প্রতিযোগিতায় নবম হই। পাশাপাশি চালিয়ে নিচ্ছি পড়ালেখাও। পড়ছি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএতে।
অতঃপর অ্যালবাম...
পাওয়ার ভয়েজের সেরা ১০ শিল্পীর গান নিয়ে বেরিয়েছে অ্যালবাম পাওয়ার প্রজেক্ট। এটি ছাড়াও আরও দুটি দ্বৈত অ্যালবামে কাজ করছি। তা ছাড়া সিনেমার গানেও প্লেব্যাক করছি।
অবাক ব্যাপার হচ্ছে, বেশি প্রস্তাব পাচ্ছি অভিনয়ের জন্য। কিন্তু এখনই অভিনয়ে আসব কি না তা ভাবছি। কারণ, এই বিষয়টি আমার কাছে একেবারে নতুন। ভাবছি কী করব। কারণ, নিজের মধ্যে অভিনয়ের প্রতি একটা ভালোলাগা আছে। তার পরও গানই আমার সব। সেটা মুখ্য, বাকি সব পরে।
সাক্ষাৎকার: আশরাফ উল্লাহ