‘অভিযান চালানোর জন্য নিজস্ব ম্যাজিস্ট্রেট থাকলে ভালো হতো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ১৪ অক্টোবর ৪২তম বিশ্ব মান দিবস। দিবসটি সামনে রেখে পণ্যের মান নিয়ন্ত্রণ, সাফল্য ও সীমাবদ্ধতা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী এস এম ইসহাক আলী।প্রথম আলো: কাল বিশ্ব মান দিবস। দিবসটি সামনে রেখে এবার আপনারা কোন বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছেন?ইসহাক আলী: দিবসটি উপলক্ষে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে ‘আন্তর্জাতিক মান বিশ্বময় আস্থা অর্জন করতে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।প্রথম আলো: মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে আপনাদের কার্যক্রম কি সন্তোষজনক?ইসহাক আলী: মান নিয়ন্ত্রণের লক্ষ্যে আমাদের সর্বোত্তম প্রচেষ্টা রয়েছে। এ বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত পাঁচ মাসে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মামলা করেছি ১৪৩টি, জরিমানা আদায় করেছি ১৬ লাখ ৮১ হাজার ৫০০ টাকা। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা নজরদারি অব্যাহত রেখেছি।প্রথম আলো: অভিযান পরিচালনা করতে গিয়ে কোনো রকম সমস্যার মুখে পড়েন?ইসহাক আলী: তেমন কোনো সমস্যা হয় না। অভিযানের সময় জেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতা নিয়ে থাকি। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী উপযুক্ত সময়ে অভিযান চালানোর জন্য নিজস্ব ম্যাজিস্ট্রেট থাকলে ভালো হতো। এ বিষয়ে আমরা উচ্চ পর্যায়ে সুপারিশ পাঠিয়েছি।প্রথম আলো: বিএসটিআইয়ের যন্ত্রপাতির ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রয়েছে?ইসহাক আলী: আমাদের এখানে দেশি-বিদেশি ৫৩টি পণ্যের মান নিয়ন্ত্রণ করা হয়। মান পরীক্ষার জন্য চট্টগ্রাম কার্যালয়ে একটি মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব বসানো প্রয়োজন। এ ব্যাপারে প্রস্তুতি চলছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও কুমিল্লায় পৃথক দুটি কার্যালয় স্থাপন করা হবে।বিএসটিআই মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সম্প্রতি। গত ১৮ মার্চ ভারতের এনএবিএলের (ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর ক্যালিব্রেশন অ্যান্ড টেস্টিং ল্যাবরেটরিজ) কাছ থেকে এই সনদ (ল্যাবরেটরি অ্যাক্রিডিটেশন) পেয়েছে। আমরা এখন খাবার পানি, ফলের রস, সয়াবিন তেল, পাম তেল ইত্যাদি পণ্যের আন্তর্জাতিক মানের সনদ দিতে পারছি।