তারল্য-সংকট বা মূলধন ঘাটতিতে পড়ে আমাদের দেশের কয়েকটি ব্যাংকের অবস্থা নাজেহাল। আইসিইউতে ভর্তি হওয়া এ রকম একটি ব্যাংকের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন রস+আলোর ভ্রাম্যমাণ প্রতিনিধি আসফিদুল হক
রস+আলো: কেমন আছেন, ভাই?
মুমূর্ষু ব্যাংক (অস্পষ্ট স্বরে): কে? কে কথা বলে? টাকা?
র. আ.: টাকা আবার কথা বলে নাকি?
মু. ব্যা.: হাসালেন ভাই, টাকা কথা বলে না তো কি মানুষ কথা বলে? কিন্তু সে তর্ক পরে, কে আপনি?
র. আ.: আমি রস+আলো থেকে এসেছি, আপনাকে দেখতে।
মু. ব্যা.: রস+আলো? এটা আবার কী? ডলার, পাউন্ড, ইউরোর মতো নতুন কোনো মুদ্রার নাম?
র. আ.: জি না, রস+আলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অজনপ্রিয় এবং হাস্যকর রম্য সাময়িকী, যা পড়তে গিয়ে মানুষের চোখে পানি চলে আসে।
মু. ব্যা.: ও, মানে পত্রিকা? মানে সাংবাদিক? মানে আমাদের শত্রু?
র. আ.: শত্রু!
মু. ব্যা.: হ্যাঁ, শত্রু। আপনারা শত্রু না হলে দিনের পর দিন ব্যাংকের ভেতরের বিভিন্ন ঘটনা, যাকে আপনারা বলেন অনিয়ম-দুর্নীতি, সেগুলোর কথা লিখে যেতেন না।
র. আ.: বাদ দিন ওসব। এবার বলুন, জীবন-মৃত্যুর এই সন্ধিক্ষণে আপনি কেমন আছেন?
মু. ব্যা.: ভালো নেই। ডাক্তার বলেছে, আমার মূলধনে ঘাটতি। আমানতের চেয়ে ঋণের পরিমাণ বেশি। তাই আমানতকারীরা টাকা ফেরত পাচ্ছেন না। বিপদে আছি।
র. আ.: তো এই বিপজ্জনক অবসরগুলো কীভাবে কাটছে আপনার?
মু. ব্যা.: কবিতা পড়ে সময় কাটছে। বিশেষ করে রুদ্র গোস্বামীর ওই কবিতাটা প্রায়ই পড়ি—
মুঠো ভরে অপেক্ষা দিয়ে/ ধর বলে কখন যে চলে গেল বেলা!/ আমি তার খেয়াল রাখিনি। /হিসাবের খাতা খুলে দেখি/ শুধু বেড়েছে বয়স, আর ব্যথাদের ঋণ...
র. আ.: বাহ্, খুব অর্থপূর্ণ কবিতা।আপনাকে নিয়ে বোধ হয় লিখেছিলেন। তোশেষ বেলায় আপনার কোনো ইচ্ছা?
মু. ব্যা.: জি, একটাই ইচ্ছা। অর্থমন্ত্রী যদি একবার এসে আমাকে দেখে যেতেন, আর আসার সময় কিছু টাকা নিয়ে আসতেন, তাহলে হয়তো আরও কটা দিন বাঁচতে পারতাম। আরও কটা দিন বেঁচে থেকে আরও কয়েকজন মানুষকে খেলাপি ঋণ দিতাম। আরও কজন মানুষকে ঋণ দিয়ে আবার মুমূর্ষু হতাম। আবার মুমূর্ষু হলে পত্রিকায় লেখালেখি হতো, আপনি আবার আমাকে দেখতে আসতেন। আপনি এলে অর্থমন্ত্রীও আবার আসতেন। তিনি এলে হয়তো আরও কিছু টাকা…
র. আ.: জি জি, বুঝতে পেরেছি। আপনি একটা চক্রের ভেতর আটকা পড়ে গেছেন। চক্রের নাম দুষ্টচক্র।
মু. ব্যা.: এই দুষ্টচক্র মিডিয়ার সৃষ্টি। সুতরাং আপনিও এই চক্রের একজন সদস্য। তো সদস্য হিসেবে পকেটে যা আছে তা দিয়ে যান, ভবিষ্যতে ভালো ইন্টারেস্ট পাবেন।
র. আ.: ইন্টারেস্টের বিষয়ে আমার এই মুহূর্তে ইন্টারেস্ট কম। দেখি, পরেরবার আসার আগে চিন্তা করব। আজ আসি তবে, ধন্যবাদ।
মু. ব্যা.: ভাই, ও ভাই, শোনেন...
(চলে আসার আগে মুমূর্ষু ব্যাংকটি একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অনুরোধ করেছিল। অনুরোধে সাড়া দিয়ে নিচে সেই জরুরি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো)