ফেনীতে অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রথম আলো ফেনী বন্ধুসভা। অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে ১৬ আগস্ট সকাল ১০টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে (দোয়েল চত্বর) এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে বন্ধুসভার সদস্যরা ছাড়াও শহরের সচেতন নাগরিকেরা অংশ নেন। অন্যদের মধ্যে রাজাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হক, ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন, ফেনী লায়ন্স ক্লাবের রিজিওনাল চেয়ারপার্সন আনোয়ার হোসেন ভূঁঞা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক রাশেদ মাযহার প্রমুখ উপস্থিত ছিলেন।বক্তব্য দেন প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ফেনী বন্ধুসভার সভাপতি হারুন-উর-রশিদ ও সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী। বক্তারা বলেন, অ্যাসিড নিক্ষেপকারীরা সমাজের শত্রু। তাদের মোকাবিলায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। প্রসঙ্গত, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৪ আগস্ট ফেনী শহরের কদলগাজী সড়ক এলাকায় মো. ফারুক (৩৫) নামের এক দুর্বৃত্ত তাঁর অপর দুই সহযোগীসহ আলেয়া (৩৫) নামের এক বিধবা নারীর শরীরে অ্যাসিড ছোড়েন। এতে ওই নারীর শরীরের ২০ শতাংশ ঝলসে গেছে। তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভতি করা হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।এ ব্যাপারে মো. ফারুক, আলী আসগর, ছোবেদাসহ তিনজনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।