‘আঁই যত দিন বাঁইচমু তোঙ্গরে আশীর্বাদ করমু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আঁই যত দিন বাঁইচমু তোঙ্গরে আশীর্বাদ করমু, বাঁই-গর নদীয়ে লই গেছে, তাইকবার জাগা নাই, শীতে কাঁপি, কেয় কিছু দে ন। আইজ্জা তোন্ডা একখান কম্বল দিলা, খুব খুশি হইছি।’ কম্বল পেয়ে সোনাগাজীর নদী ভাঙনকবলিত এলাকার বাস্তুভিটাহীন অশীতিপর প্রিয়বালা এভাবেই আবেগাপু্লত হয়ে কথাগুলো বলেন। গত ২৯ জানুয়ারি প্রথম আলো ট্রাস্টের দেওয়া ১০০ কম্বল সোনাগাজীর দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া গ্রামের ভাঙনকবলিত ছিন্নমূল মানুষের মধ্যে বিতরণ করা হয়। কম্বল পেয়ে বৃদ্ধ আবদুল হক জানান, ‘একসময় বাড়িঘর ছিল, ছিল কিছু জমিজমাও, নদীভাঙনে আজ সবই হারিয়েছি। প্রথম আলো আমাদের পাশে আছে দেখে মন ভরে গেছে। সোনাগাজীর বাঁকা নদীটা সোজা করার জন্য প্রথম আলোয় লেখা হোক—এটাই আমাদের বড় দাবি। নদী সোজা হলে আমরা জমিজমা ফিরে পাব।’ফেনী আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এ কে এম গালিব খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আরেফিন, প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নান, ফেনী বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন ভূঞা, শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন, ফেনী বন্ধুসভার সভাপতি মোশাররফ হোসেনসহ বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠানে সহযোগিতা করে প্রগতি সমাজকল্যাণ সোসাইটি।সোনাগাজী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এ কে এম গালিব খান বলেন, ‘প্রথম আলো শুধু মুখে বদলে যাও বদলে দাও বলে না, কাজেও প্রমাণ করে। অন্যরা শহর এলাকায় শীতবস্ত্র বিতরণ করে। আর প্রথম আলো শীতবস্ত্র বিতরণের জন্য শহর থেকে দীর্ঘ ৩০ কিলোমিটার দূরে দুর্গম চরাঞ্চলে এসেছে।’