‘আঁর পোয়া বিশ্বজয় গরিবু’
‘আঁর পাঁচ পোয়ার ভিতর জাফর চোড। আদর গরি তারে বড় গইজ্জি, আদর পাই মাতাত ন উডে, ইতা চোডত্তুন বেশি কষ্ট গরে। এ হতাল্লাই ইতা আজিয়া দেশর ১ নম্বর সার্ফার অইয়ে, গরিবর পোয়া অইলেও দেশের বউত মানুষ তারে চিনে। বিদেশত্তুন পুরস্কার আইন্নে। জাফরের কারণে আঁরেও মাইনষে সম্মান গরে। আঁর পোয়ারে লই আঁই গর্ব গরি, আঁর পোয়া একদিন বিশ্বজয় গরিব।’ (আমার পাঁচ ছেলের মধ্যে সে ছোট। আদর করে তাকে মানুষ করেছি, আদর পেয়ে সে মাথায় ওঠেনি। ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করেছে বলে দেশের প্রথম সার্ফার হতে পেরেছে সে। গরিব ঘরের সন্তান হলেও তাকে দেশের অনেকে চেনে। বিদেশ থেকে পুরস্কারও এনেছে। জাফরের কারণে মানুষ আজ আমাকেও সম্মান করে। আমার ছেলেকে নিয়ে আমি গর্ব করি। আমার ছেলে একদিন বিশ্ব জয় করবে।) গত বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বাহারছড়ায় নিজঘরে বসে সার্ফার জাফর আলম সম্পর্কে এসব কথা বলেন তাঁর মা গোল বাহার (৮০)। তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আরও যা বলেন তার অর্থ এ রকমই—‘আমি জাফরকে সব সময় দোয়া করি, সে যেন আরও উন্নতি করতে পারে। কক্সবাজার তথা বাংলাদেশের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে। আমার বিশ্বাস, জাফর একদিন বিশ্বজয় করবে।’ বৃদ্ধা গোল বাহারের পাঁচ ছেলে, চার মেয়ে। ছেলেদের মধ্যে জাফর আলম সবার ছোট। প্রায় ১০ বছর আগে স্বামী ফারুক আহমদের মৃত্যু হলে সংসারের হাল ধরেন গোল বাহার। মেয়েদের বিয়ে দিয়েছেন। বর্তমানে জাফর আলমকে নিয়ে সময় পার করছেন। গোল বাহার জানান, তিনি শুনেছেন, কক্সবাজার সৈকত নিয়ে এখন সারা বিশ্বে হইচই চলছে। বিদেশ থেকে ছেলেমেয়েরা (সার্ফার) কক্সবাজার সৈকতে আসছে সার্ফিং শিখতে। তাঁরা ঘরে এসে আমাকে মা বলে ডাকে। জাফরের মা বলে আমিও আলাদা সম্মান পাচ্ছি। বঙ্গোপসাগরে সাঁতার কেটে বেড়ে ওঠা জাফর আলম (২৯) দেশের প্রথম সার্ফার। ভ্রমণে আসা বিদেশি সার্ফার থেকে সার্ফিং শিখেছেন তিনি। তাঁর গড়ে তোলা সার্ফিং বাংলাদেশের সদস্য বর্তমানে ৭৪ জন। এর মধ্যে মেয়ে আছেন ৩৫ জন। বিনা পয়সায় তাঁদের সার্ফিং শেখান জাফর। সার্ফিং শিখছেন জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড থেকে আসা ১১ নারী-পুরুষ। ২০০৯ সালের ১০ মে জাফর আলম প্রথমবারের মতো আমেরিকার হাওয়াই দ্বীপে অনুষ্ঠিত আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতায় অংশ নেন। ওই প্রতিযোগিতায় বিশ্বের বাঘা বাঘা ১৩০ প্রতিযোগীকে পেছনে ফেলে জাফর ষষ্ঠ স্থান অধিকার করেন। পরের বছর হাইয়াই দ্বীপের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পঞ্চম হন। এর আগে ও পরে জাফর আলম শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশে সার্ফিং করেন। বিদেশে সাগরের জলরাশিতে যখন জাফর সার্ফ বোর্ড নিয়ে ঝড় তোলেন তখন কেমন লাগে? ‘টেলিভিশনে দেখেছি ছেলের খেলা, দেখে খুব আনন্দিত হয়েছি। আমি বিশ্বজয়ী ছেলেকে দেখে যেতে চাই। বয়স তো এখন অনেক হয়েছে। পরকালের চিন্তা মাথায় ঘুরঘুর করে।’ছেলে বিদেশে গেলে কেমন লাগে?‘ছেলে দেশের বাইরে গেলে মনটা কাঁদে। ইচ্ছে করে যেতে না দিই। কিন্তু তখন মাথায় আসে তাকে বিশ্বজয় করতে হবে। বাধা দিলে তা সম্ভব নয়। বাংলাদেশ বিশ্ব থেকে হারিয়ে যাবে। তখন মাথায় হাত বুলিয়ে দিয়ে বলি, যাও বাবা।’ বলেন গোল বাহার।তিনি আরও জানান, ‘বিদেশ থেকে আসার সময় জাফর আমার জন্য কাপড়, চকলেটসহ অনেক কিছু নিয়ে আসে। তাতে আমার মন ভরে না। জাফর পাশে থাকলে সব তুচ্ছ মনে হয়। মা দিবসে আমি দেশের সব ছেলেদের জাফরের মতো কঠোর পরিশ্রমী হতে বলি।’ একটা কাজে ঢাকা গেছেন জাফর আলম। মুঠোফোনে মা সম্পর্কে বললেন, ‘মা-ই আমার সব। মায়ের আদর-যত্ন না পেলে আমি এত দূর আসতে পারতাম না। আমার মা দীর্ঘজীবী হোক।’ জাফর আলম জানান, সাগরে পাহাড় সমান ঢেউ সামনে এলে মায়ের মুখটা ভাসে, মায়ের দোয়ায় সে ঢেউ পেছনে ফেলে সামনে এগিয়ে যাই। জাফরের স্বপ্ন মায়ের আশা পূর্ণ করবেন, সার্ফিংয়ে বিশ্বজয় করাই তাঁর লক্ষ্য। আর সেটা সম্ভব হলে মায়ের আশা পূর্ণ হবে। বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে।