‘আঁর বুকের মানিকরে ফিরাই দ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আঁর পোয়ারে আনি দ, আঁর পোয়া তো কেওর ক্ষতি ন গরে, কিল্লায় আঁর পোয়ারে মারি ফেলাইয়ে। আঁর বুকের মানিকরে আঁর বুকত ফিরাই দ।’ এভাবেই বুক ফাটা কান্নার ফাঁকে ফাঁকে কথাগুলো বলছিলেন সীতাকুণ্ডের ভাটিয়ারিতে সন্ত্রাসীদের হাতে নিহত আওয়ামী লীগের নেতা মো. শফির মা সখিনা খাতুন (৭৫)। কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি।সীতাকুণ্ড উপজেলার হাসনাবাদ গ্রামের বাসিন্দা স্ক্র্যাপ ব্যবসায়ী ও স্থানীয় আওয়ামী লীগের নেতা মো. শফি ১৭ মে রাত সাড়ে আটটায় ভাটিয়ারি রেলস্টেশনসংলগ্ন বিএসবিএ হাসপাতালের সামনে সন্ত্রাসীদের হাতে নিহত হন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন জানান, সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে বাধা দিতেন বলে খুন হন শফি। সন্ত্রাসীদের মধ্যে নিজ দলের সমর্থকও ছিলেন বলে তাঁরা মন্তব্য করেন।শফির পারিবারিক সূত্র জানায়, মা সখিনার সঙ্গে শফির শেষ দেখা হয় গত শুক্রবার মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে। এ সময় ঘরের বাইরে বসে ছিলেন তিনি। ৩ মে তাঁর বড় মেয়ে নুসরাত জাহানের বিয়ে হয়। বিয়ের এক সপ্তাহ পর বাবার বাড়ি এসেছিলেন নুসরাত। তারও এক সপ্তাহ পর তাঁকে ফিরতি গাড়িতে তুলে দিয়ে এসে শফি কাঁদছিলেন বড় মেয়ের জন্য। হঠাৎ ফোন পেয়ে ছুটে যান বিএসবিএ হাসপাতালের দিকে। যাওয়ার সময় বলে যান, ‘আমি একটু আসি, তারেককে (বড় ছেলে) নিয়ে আবার শীতলপুর যাব।’ সেই যে গেলেন, আর ফিরলেন না শফি।বড় ছেলে মো. তারেক কাঁদতে কাঁদতে বাবার খুনের বর্ণনা দিয়ে বলেন, ‘বাবা ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই কে যেন দৌড়ে এসে চিৎকার করে বললেন, “তারেক, তোমার বাবাকে মেরে ফেলতেছে।” দৌড়ে গিয়ে দেখি, গাদ্দাফী, রফিকসহ ১০-১২ জন ঘিরে নির্মমভাবে মারছে বাবাকে। আমি তাদের পায়ে ধরে মিনতি করলাম, বাবাকে ছেড়ে দাও, দরকার হলে আমাকে মারো। তারা কোনো কথা শুনল না। সবার সামনে বোতলের কাচের খোঁচা দিয়ে মেরে ফেলল বাবাকে।’শফির ছোট ভাই মো. তছলিম বলেন, ‘গাদ্দাফী ও রফিক এসে মদ খাওয়ার ভান করে বড় ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটি করছিলেন। ঝগড়া চরম পর্যায়ে যাচ্ছে দেখে আমি ভাইকে টেনে নিয়ে আসি। পরে ফারুক, মহিউদ্দিন, আসলাম, নয়নসহ কয়েকজন এসে মিটমাট করার কথা বলে তাঁকে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করে হত্যা করে। আমরা যেকোনো কিছুর বিনিময়ে আমার ভাইয়ের খুনের বিচার চাই।’মো. শফিকে খুনের কারণ সম্পর্কে প্রতিবেশী মো. সোহরাব বলেন, শফি ভাই ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ। তিনি মদ, গাঁজা, জুয়া ও চাঁদাবাজি পছন্দ করতেন না। তাঁর দলের কোনো লোকও এসব করতে দেখলে তিনি সরাসরি বাধা দিতেন অথবা সাংগঠনিক ব্যবস্থা নিতেন। এলাকার সবাই তাঁকে ভালো মানুষ হিসেবেই জানতেন। তাই তাঁর এ হত্যাকাণ্ড কেউ মেনে নিতে পারছেন না।ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল আনোয়ার বলেন, শফি ভালো লোক ছিলেন। দলীয় কিংবা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেও তিনি হত্যার শিকার হতে পারেন।এ ব্যাপারে গত শনিবার রাতে শফির স্ত্রী আনজুমান আরা বেগম বাদী হয়ে ২৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শফির পরিবারের অভিযোগ, খুনের চার-পাঁচ দিন পরও পুলিশ কোনো আসামি ধরতে পারেনি। এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর থেকে আসামি গ্রেপ্তারের অভিযান চলছে। ঘটনার কারণ সম্পর্কে তিনি আরও বলেন, অনুসন্ধান শেষ হওয়ার আগে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না।