'আইটেম গানে আমার ডাক পড়ে বেশি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী আফরোজা বেলী, ছবি: সৌরভ দাশ
সংগীতশিল্পী আফরোজা বেলী, ছবি: সৌরভ দাশ

সংগীতশিল্পী আফরোজা বেলী। বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের রিয়েলিটি শো পাওয়ার ভয়েজে ছিলেন সেরা ছয়ে। শেষ পর্যন্ত শিরোপা ছঁুতে না পারলেও পোক্ত অবস্থান গড়ে নিয়েছেন। গায়কি অভিব্যক্তির জন্য সব সময় দর্শকের নজর কাড়েন তিনি। মঞ্চ মাতিয়ে চলেছেন এখনো। সম্প্রতি প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে কথা হয় তাঁর সঙ্গে
আমার ব্যস্ততা...
সিনেমার প্লেব্যাক নিয়ে ব্যস্ত সময় কাটছে। এর মধ্যে প্রায় ৩০টি ছবির গানে কণ্ঠ দিয়েছি। এসবের বেশির ভাগ আইটেম গান। সিনেমার আইটেম গান হলে আমার ডাক পড়ে বেশি। এ ছাড়া মঞ্চ ও টেলিভিশনের অনুষ্ঠান তো আছেই। সপ্তাহের সাত দিনই গান নিয়ে থাকছি। ফাঁকে চালিয়ে নিচ্ছি অ্যালবামের কাজ। কয়েকটা গান রেকর্ডিং করেছি। অ্যালবামে আটটি গান থাকবে। লোকসংগীত ও আধুনিক—এই দুই ধাঁচের গান রাখার চেষ্টা করছি। ইচ্ছা আছে এক-দুিট আঞ্চলিক গান রাখার।
যখন হাতেখড়ি...
গানের সঙ্গে সখ্য ছোটবেলা থেকেই। শিখেছি সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ধ্রুব পরিষদে। এদিকে বিদ্যালয়ের গণ্ডি পেরোনোর আগেই ভাইয়া হাতে ধরিয়ে দেন ড্রামের স্টিক। ভাইয়ার সঙ্গে বাজাতে বাজাতে একসময় ড্রাম বাজানো রপ্ত করি। এরপর গঠন করলাম ব্যান্ড দল ‘ব্লু বাডর্স’। এভাবেই গানের সঙ্গে জড়িয়ে যাওয়া। ঘর বেঁধেছিও গানের মানুষ মেজবাহ উদ্দিনের সঙ্গে। তাঁর সহযোগিতায় পথ চলেছি।
আমার প্রেরণা...
ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের মতো হাজারো দর্শকের মধ্যে গান গাওয়ার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। পাওয়ার ভয়েজে মহাগুরু প্রখ্যাত শিল্পী রুনা লায়লার প্রশংসাই সবচেয়ে বড় পাওয়া। তিনি বলেছেন, ‘তুমি ভারসেটাইল শিল্পী।’ কথাটি সব সময় কানে বাজে। এই কথা আমার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়েছে। 
ভবিষ্যতের পথে...
গান আমার সবটা জুড়ে। গান দিয়ে দর্শকদের মধ্যে সারা জীবন বেঁচে থাকতে চাই। তবে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি মঞ্চে গান করে। সেখানে সরাসরি দর্শকদের কাছে যাওয়া যায়। সবচেয়ে বড় ব্যাপার, এই গানের জন্য চট্টগ্রাম ছাড়তে হয়েছে। ঢাকায় থাকছি দুই বছর ধরে। তবে মন পড়ে থাকে চট্টগ্রামে। তাই চট্টগ্রামের কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলেই ছুটে আসি।