মিরসরাই ট্র্যাজেডি নাড়া দিয়েছে দেশবাসীকে। সড়ক দুর্ঘটনায় মুত্যু বেড়েই চলেছে। সড়ক দুর্ঘটনা রোধে করণীয় নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সভাপতি ইন্দ্রজিৎ কুন্ডুর সঙ্গে কথা বলেছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন ঘোষপ্রথম আলো: মিরসরাই ট্র্যাজেডিকে কীভাবে দেখছেন?ইন্দ্রজিৎ কুন্ডু: খুবই অমানবিক ও ভয়ংকর একটি দুর্ঘটনা। একসঙ্গে ৪৩ জন স্কুলছাত্রের অকালে ঝরে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রথম আলো: বেঁচে যাওয়া ছাত্রদের পরবর্তী জীবনে এ ঘটনার প্রভাব কি পড়বে?ইন্দ্রজিৎ কুন্ডু: কোমলমতি স্কুলছাত্রেরা পরবর্তী জীবনেও এ দুর্ঘটনার প্রভাব এড়াতে পারবে না। তারা বড় হবে এক ধরনের ‘মানসিক আঘাত’ নিয়ে। সমাজ বিকৃতির ধাক্কাটি তাদের জীবনে ভয়ংকর ছাপ ফেলবে।প্রথম আলো: গ্রামবাসীর অবস্থা কী হতে পারে?ইন্দ্রজিৎ কুন্ডু: দেশের মানুষ হয়তো একসময় এ ঘটনা ভুলে যাবে। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত এবং স্থানীয় লোকজন এ দুর্ঘটনার কথা ভুলতে পারবে না। শোক আর হাহাকারই এসব মানুষের আজীবন সঙ্গী হয়ে থাকবে। প্রথম আলো: এ দুর্ঘটনার বিচার পাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা?ইন্দ্রজিৎ কুন্ডু: মনে হয় না। সবকিছু এখন কালো টাকার কাছে জিম্মি। কালো টাকার দাপটে কেউ বিচার পাচ্ছেন না। দুর্ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের যখন শাস্তি হয় না এবং আইনের প্রয়োগ ঘটে না, তখন এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।প্রথম আলো: গাড়িচালকদের সচেতনতা নিয়ে আপনার মন্তব্য?ইন্দ্রজিৎ কুন্ডু: সমাজের যে অবক্ষয়। তা থেকে মুক্ত নন গাড়িচালক ও সহকারীরাও। এরা ক্রমাগত আইন লঙ্ঘন করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর উদাসীনতা এবং অবৈধ অর্থ উপার্জনের লালসার কারণে পার পেয়ে যাচ্ছে জড়িত ব্যক্তিরা। এই অবক্ষয়ের কারণে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে।প্রথম আলো: এ ধরনের দুর্ঘটনা এড়ানোর উপায় কী?ইন্দ্রজিৎ কুন্ডু: প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ। এ ছাড়া আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলোকে সক্রিয় হতে হবে, মূলত যেসব প্রতিষ্ঠানের অবহেলায় পার পেয়ে যায় অভিযুক্ত ব্যক্তিরা। আর জড়িত ব্যক্তিদের যদি কঠোর শাস্তি দেওয়া হয়, তাহলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কমবে। এতে মৃত্যুর মিছিল ও শোকের হাহাকারও থামবে।