'আইসক্রিম' দল যখন চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচারণার কাজে চট্টগ্রামে এসেছে আইসক্রিম ছবির দল। গত সোমবার তাঁরা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রচারণার ফাঁকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে (বাঁ থেকে) ছবির নির্মাতা রেদওয়ান রনি, অভিনয়শিল্পী নাজিফা তুষি,  শরিফুল রাজ ও কুমার উদয়। ইনসেটে শাটল ট্রেনে প্রচারপত্র বিলি করছেন নাজিফা তুষি। ছবিটি বেলা একটায় তোলা l সৌরভ দাশ
প্রচারণার কাজে চট্টগ্রামে এসেছে আইসক্রিম ছবির দল। গত সোমবার তাঁরা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রচারণার ফাঁকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে (বাঁ থেকে) ছবির নির্মাতা রেদওয়ান রনি, অভিনয়শিল্পী নাজিফা তুষি, শরিফুল রাজ ও কুমার উদয়। ইনসেটে শাটল ট্রেনে প্রচারপত্র বিলি করছেন নাজিফা তুষি। ছবিটি বেলা একটায় তোলা l সৌরভ দাশ

সিনেমা সবে শেষ হলো। হলঘরে দর্শকদের ফিসফাস, ‘ইস্! এটা কী হইল।’ আবার কারও আবেগমাখা উচ্ছ্বাস, ‘মেয়েটার জন্য খারাপ লাগছে।’ কেউ কেউ এককাঠি সরেস, ‘আগাছা সব সময়ই গাছ খেয়ে ফেলে। তাই আগেই উপড়ে ফেলা ভালো।’ আলো জ্বলতেই সবাই অবাক। পর্দার সেই চরিত্রগুলো চোখের সামনে! এবার সব ছাপিয়ে উচ্ছ্বাস বাঁধভাঙা, হাততালিতে ফেটে পড়ল হলঘর।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনির দ্বিতীয় চলচ্চিত্র আইসক্রিম দেখার পর প্রথম দিন চট্টগ্রামের দর্শকদের প্রতিক্রিয়া ছিল এ রকম। গত ২৮ এপ্রিল সারা দেশে মুক্তি পায় চলচ্চিত্রটি। গত রোববার থেকে থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামে শুরু হয়েছে বিকল্প প্রদর্শনী। এতে সহযোগিতা করছে হুইজ কমিউনিকেশন। প্রথম দিন বেলা ১১টার শো থেকেই দর্শকদের ভিড়। প্রতিদিন চলছে চারটি শো। প্রতিটি হাউসফুল। বিশেষ করে তরুণ-তরুণীরা তো দলে বেঁধে সিনেমা দেখতে এসেছেন। আজ বৃহস্পতিবার প্রদর্শনীর শেষ দিন।
গত মঙ্গলবার সিনেমা দেখে বেরিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শমীক বড়ুয়া বলেন, ‘অনেক দিন পর ভালো একটি ছবি দেখলাম। গল্পের পরতে পরতে বাস্তবতা এতটাই প্রখর, যেন আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনারই চিত্র। অনেকেই নিজেকে খুঁজে পাবে এতে।’ তাঁর পাশে থাকা তরুণীদের একটি দলের নমিতা ধর, সালমা চৌধুরী ও তারানা তাবাসসুম বলেন, ছবির নায়ক-নায়িকাকে কাছে পাওয়ার আনন্দটা অন্য রকম।’
গল্পের মূল চরিত্র প্রিয়তা, রনক ও নাদিম। প্রিয়তা ও রনকের সম্পর্কে অনুপ্রবেশ নাদিমের। এরপর পাল্টে যেতে থাকে ভালোবাসার রং। প্রিয়তার প্রশ্রয়ে আগাছার মতো বেড়ে ওঠা নাদিমের কারণে নতুন মোড় নেয় সম্পর্কের গতি। টান টান উত্তেজনায় মোড়ানো শেষ দৃশ্যের ঘোর থেকে যায় সিনেমা শেষের পরও। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি (প্রিয়তা), কুমার উদয় (রনক) ও শরিফুল রাজ (নাদিম)। এ ছাড়া অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, ওমর সানি, প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনয়শিল্পী সাইম সাদাত।
ছবির প্রদর্শনী শুরুর দিন থেকে রেদওয়ান রনি, নাজিফা তুষি, কুমার উদয় ও শরিফুল রাজ রয়েছেন চট্টগ্রামে। তাঁরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালাচ্ছেন প্রচারণা। গত সোমবার যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে কাটিয়ে ছবি নিয়ে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে। শার্টল ট্রেন স্টেশন, বিভিন্ন অনুষদ ও ঝুপড়িতে বিলি করেন সিনেমার প্রচারপত্র। ছবির নায়ক-নায়িকা ও নির্মাতাকে কাছে পেয়ে হই –হুল্লোড়ে মেতে ওঠেন সবাই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে আসেন প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে। অল্প সময়ের আড্ডায় রনি শোনান ছবি বানানোর পেছনের নানা গল্প। শুরুতে প্রশ্ন—ছবির মূল চরিত্রের তিনজনই নতুন, ঝুঁকির কথা িক মাথায় ছিল? দৃঢ় রনির জবাব, ‘ঝুঁকি তো আছেই। কিন্তু আমরা ঝুঁকি না নিলে কে নেবে। সবচেয়ে বড় ব্যাপার, গল্পের জন্য নতুনদের দরকার ছিল। নতুনদের নিয়েছি বলেই দর্শকেরা বেশি সংযুক্ত হতে পারছেন। অনেকেই নিজেকে খুঁজে পাচ্ছেন গল্পে।’
চট্টগ্রামের দর্শকদের সাড়া কেমন পেলেন? এবার রনির চেহারায় উচ্ছ্বাস। বললেন, ‘আমার প্রত্যাশা ছাড়িয়ে গেছে। বিশেষ করে মেয়ে দর্শক বেশি। একটা সময় কিন্তু মেয়ে দর্শকেরাই ছিলেন ছবির প্রাণ। তাঁরা হলমুখী হলে সিনেমা আবার জেগে উঠবে। এ ছাড়া যেখানে যাচ্ছি, সবার বেশ ভালো সাড়া পাচ্ছি। এটা আমাদের অনুপ্রাণিত করছে।’
এবার প্রশ্ন তুষি, রাজ ও উদয়ের কাছে। প্রথম সিনেমা—পর্দায় নিজেকে দেখা, দর্শকদের প্রতিক্রিয়া কেমন লাগছ? শুরুতে রাজ বলেন, ‘ছবি মুক্তির পর টেনশনে ছিলাম। দর্শকেরা কীভাবে নেন। এখন খুব ভালো লাগছে।’ উদয়ের কাছে দর্শকদের এই ভালোবাসা এগিয়ে যাওয়ার প্রেরণা।
আর তুষি? এতক্ষণ চুপটি মেরে থাকা নায়িকা অবশেষ মুখ খুললেন। বললেন, ‘সিনেমা চলার সময় পর্দার ঘটনা নিয়ে দর্শকেরা নানাভাবে আবেগ প্রকাশ করছেন। কেউ চিৎকার–চেঁচামেচি করছেন, কেউ বিষণ্ন। এই অনুভূতিগুলো অন্য রকম।’ জানালেন স্বপ্নের কথাও, ‘আমি সিনেমাতেই থাকব। পৃথিবীর বড় বড় পরিচালকের সঙ্গে কাজ করতে চাই।’
সবশেষে রনির কাছে ফেরা। প্রথম ছবি চোরাবালি পাঁচটি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে। এবার আইসক্রিম, প্রত্যাশা কেমন? তঁার সাফ জবাব, ‘আমি ছবি বানাই দর্শকদের বিনোদন দেওয়ার জন্য। অন্য কোনো কিছু মাথায় থাকে না।’