‘আকস্মিক ধর্মঘট কাম্য নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুরাদপুর মোড়ে দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরও কোনো যানবাহন পাননি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নিজাম উদ্দিন। এমন দুর্ভোগে তিনি কোনো দিন পড়েননি। মুরাদপুরে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা নিজাম কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।প্রথম আলো: আপনি যাবেন কোথায়?নিজাম উদ্দিন: আমি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে যাব। বেলা ১২টায় ক্লাস। এখন মনে হচ্ছে আজ ক্লাস ধরতে পারব না। প্রথম আলো: কয়টায় বাসা থেকে বের হয়েছেন?নিজাম উদ্দিন: সকাল ১০টায় শুলকবহরের বাসা থেকে বের হয়ে হেঁটে মুরাদপুর আসি। তারপর দেড় ঘণ্টা দাঁড়িয়ে আছি। কোনো বাস-টেম্পো পাচ্ছি না। প্রথম আলো: কেন আজ এমন হলো?নিজাম উদ্দিন: এখানে এসে জানলাম বাস ধর্মঘট। এখন কোনোভাবে টেম্পোতে উঠতে পারছি না। টেম্পোও কম। এ রকম আকস্মিকভাবে ধর্মঘট ডাকা কারও কাম্য নয়।প্রথম আলো: আপনি অন্য কোনো উপায়ে যাচ্ছেন না কেন?নিজাম উদ্দিন: যদি আগে থেকে ধর্মঘটের বিষয়টি জানতাম তাহলে বাসা থেকে সেভাবে প্রস্তুতি নিয়ে বের হতাম। এখন মুরাদপুর থেকে ওয়াসা মোড় পর্যন্ত রিকশা ৪০ টাকার কমে যাচ্ছে না। এটা অনেক বেশি। তা ছাড়া পাওয়াও যায় না। প্রথম আলো: সাধারণত কত টাকা দিয়ে যান?নিজাম উদ্দিন : রোজার সময় বাসভাড়া নেওয়া হতো পাঁচ টাকা। তার আগে নেওয়া হতো তিন টাকা। এখন বাসভাড়া আরও বেশি চাওয়া হচ্ছে। প্রথম আলো: এ ধরনের দুর্ভোগে কি আগে কখনো পড়েছেন?নিজাম উদ্দিন: গতকাল (রোববার) পড়েছিলাম। তখন বাসস্ট্যান্ডে এসে শুনলাম মারামারি হয়েছে। তাই বাস বন্ধ রয়েছে। তখন হঠাৎ করে আসা একটি বাসে অনেক কষ্টে উঠে পড়েছিলাম।প্রথম আলো: এই দুর্ভোগের সবচেয়ে বেশি শিকার কারা?নিজাম উদ্দিন: নারী ও শিক্ষার্থীরা এই দুর্ভোগের শিকার বেশি হয়। এ জন্য নারী ও শিক্ষার্থীদের জন্য বাস চালু করা দরকার বলে আমি মনে করি। দেখুন না, আজ হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। তাঁদের মধ্যে নারী ও শিক্ষার্থীর সংখ্যা কম নয়। প্রথম আলো: প্রশাসনের কিছু করার আছে কি না?নিজাম উদ্দিন: অবশ্যই রয়েছে। তারা আগে থেকে আলোচনা করে এ বিষয়ের একটা সমাধান করতে পারত।