‘আকাশছোঁয়া প্রত্যাশা সবার, এটাই বড় চ্যালেঞ্জ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) আসনের উপনির্বাচনে প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাবেদ বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়লাভের পর আগামী দিনে তাঁর কর্মপরিকল্পনা ও অন্যান্য বিষয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।প্রথম আলো: আপনি বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন। এই বিজয়কে কীভাবে দেখছেন?সাইফুজ্জামান: এই বিজয় আমার বাবার বিজয়, আনোয়ারাবাসীর বিজয়। আনোয়ারার সর্বস্তরের জনসাধারণকে সঙ্গে নিয়ে আমি সামনের দিনগুলো পাড়ি দিতে চাই।প্রথম আলো: উপনির্বাচনে কোনো শক্ত প্রার্থীর মোকাবিলা আপনাকে করতে হয়নি। খুব সহজেই উতরে গেছেন। তাই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। কী বলেন আপনি?সাইফুজ্জামান: শক্ত প্রার্থী ছিল না, এটা ঠিক। আমি সুবিধা পেয়েছি। তবে আমি কে দুর্বল কে সবল, এসব দেখিনি। আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি। অনেক পরিশ্রম করেছি। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচন করতে বলেছেন, আমি বিষয়টি অনেক গুরুত্বের সঙ্গে নিয়েছিলাম।প্রথম আলো: নির্বাচন শেষ। এখন নির্বাচনী অঙ্গীকার পূরণের পালা। আর এক বছর আপনাদের দল ক্ষমতায় থাকবে। এত অল্প সময়ে আপনি কীভাবে সফল হবেন?সাইফুজ্জামান: এটা এখন আমার জন্য বড় চ্যালেঞ্জ। কারণ, অল্প সময়ের মধ্যে আকাশছোঁয়া প্রত্যাশা সবার। তবে আমি একটি বার্তা আমার জনসাধারণকে দিয়ে দিয়েছি আগে থেকেই। তা হলো, আমার হাতে সময় কম, আমি আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব।প্রথম আলো: অগ্রাধিকার ভিত্তিতে কী কী কাজ করবেন?সাইফুজ্জামান: আমার প্রথম কাজ হচ্ছে রাস্তাঘাট মেরামত। এখানকার অনেক সড়ক ভাঙা। অল্প সময়ের মধ্যে এগুলো করতে হবে। এ ছাড়া আনোয়ারার একটি কলেজ সরকারীকরণ করতে হবে। এটা আমার প্রতিশ্রুতি। অনেক এলাকায় বিদ্যুৎ নেই। বিশেষ করে, পারকি সমুদ্রসৈকত এলাকার মতো পর্যটন এলাকা বিদ্যুৎহীন। আমি অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো করব।প্রথম আলো: সাংগঠনিকভাবে কী করবেন? দলের মধ্যে তো কিছু পক্ষ আছে।সাইফুজ্জামান: আমি একেবারে রাজনীতির বাইরের মানুষ কখনো ছিলাম না। এখন সরকারি দায়িত্বের পাশাপাশি দলকে সংগঠিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে। সব পক্ষকে একসঙ্গে নিয়ে আমি কাজ করে যাব। প্রথম আলো: সামনের নির্বাচনে আপনাকে অনেক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তা নিয়ে এখন কী ভাবছেন?সাইফুজ্জামান: জাতীয় নির্বাচন অনেক বড় ব্যাপার। তখন এত সহজ হবে না, জানি। তাই কাজ দিয়ে আগামী দিনের জন্য যোগ্য হয়ে উঠতে হবে।