গত বৃহস্পতিবার বিকেল থেকেই শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ শিশু-কিশোরদের পদচারণে উৎসবমুখর হয়ে ওঠে। কারণ, মিলনায়তনে বাচিক শিল্পচর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস আয়োজন করেছিল ছোটদের আবৃত্তি অনুষ্ঠান ‘আকাশভরা সূর্য-তারা’। খুদে শিল্পীদের একের পর এক বৃন্দ ও একক আবৃত্তি মুগ্ধ করে দর্শকদের।বিকেল সাড়ে পাঁচটায় তারুণ্যের উচ্ছ্বাসের শিশুশিল্পীদের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সার্থক জনম আমার’ এবং কাজী নজরুল ইসলামের ‘বাংলাদেশ’ কবিতাটির বৃন্দ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রণজিৎ রক্ষিত এবং রবীন্দ্রসংগীতশিল্পী শীলা মোমেন। তারুণ্যের উচ্ছ্বাসের শাওন সরকারের সভাপতিত্বে আলোচনায় অতিথিরা বলেন, ‘শিশুদের নিয়ে এ ধরনের বর্ণাঢ্য একটি আবৃত্তি আয়োজন আগামী সময়ে আমাদের উন্নয়নমুখী বাকিশল্পকে আরও শাণিত করতে বিশেষ ভূমিকা রাখবে।’ আবৃত্তি পর্বে ‘চাটগাঁইয়া ছড়া’ আবৃত্তি করে বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন পরিবেশন করে ‘ভাবি যাহা মনে’, ফুলকি চট্টগ্রাম করে ‘বিচিত্র সাধ’, ‘অন্ধকারের আলো’ পরিবেশন করে শৈশব চট্টগ্রাম, ফেইম শিশুনাট্য ও আবৃত্তি বিভাগ পরিবেশন করে ‘ছড়ার ছড়াছড়ি’। ‘ছড়ার মেলা’ আবৃত্তি করে সূচয়ন ললিতকলা কেন্দ্র এবং ‘দুর্মর’ কবিতাটির বৃন্দ আবৃত্তি করে বর্ণ আবৃত্তি পাঠশালা। শিশুশিল্পী ঐশী চৌধুরীর উপস্থাপনায় একক আবৃত্তি পরিবেশন করে বিভিন্ন সংগঠনের শিশু আবৃত্তিশিল্পীরা