বাচ্চু মিয়া। বয়স ষাটের আশপাশে। কাঁচা-পাকা চুল আর দাড়ি। ছয় নম্বর তাঁবুর বাইরে থেকে উঁকি দিতেই তিনি ভেতরে ডাকলেন। ভেতরে একটা ছোট চৌকি পাতা। আসবাব বলতেই এটুকুই। বাচ্চু মিয়া গত শনিবার এই তাঁবুতে এসেছেন। পরিবারে কে কে আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পরিবারের পাঁচজন তো বাটালি পাহাড়ে দেয়াল চাপায় মারা গেছে। কয়েক বছর আগের ঘটনা, মনে পড়ছে? আমি সেই বাচ্চু।’এবার মনে পড়ে। ২০১১ সালের ১ জুলাইয়ের ঘটনা। ওই দিন ভোরে নগরের টাইগারপাস মোড়ের কাছে বাটালি পাহাড়ের একটা অংশ ধসে পড়েছিল। এতে পাহাড়ি মাটির ধাক্কায় দেয়াল ধসে ১৭ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন বাচ্চুর স্ত্রী ও চার সন্তান। পাহাড় ধসের পর ওই দিন সকালে কথা হয়েছিল তাঁর সঙ্গে। গত মঙ্গলবার সকালে ঘটনাস্থলের অদূরে টাইগারপাস নবদিগন্ত ক্লাব মাঠে স্থাপিত তাঁবুতে আবার দেখা সেই বাচ্চু মিয়ার সঙ্গে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের জন্য স্থাপিত অস্থায়ী এই পুনর্বাসন কেন্দ্রে এখন আশ্রয় নিয়েছে ৯০টি পরিবার।২০১১ সালে পাহাড়ধসের ওই ঘটনায় বাচ্চুরও বাঁচার কথা ছিল না। ওই রাতে প্রথম পক্ষের স্ত্রী রিনা আক্তারের সঙ্গে অন্য বস্তিতে থাকায় প্রাণে বাঁচেন তিনি। কিন্তু মারা যান তাঁর দ্বিতীয় স্ত্রী রেহানা বেগম (৪০), চার সন্তান শারমিন (২০), ফাতেমা (১০), আজাদ (৬) ও তানজিনা (১)। সেই মৃত্যুর বিভীষিকা নিয়ে এখনো বেঁচে আছেন বাচ্চু। এখন তাঁর সঙ্গে থাকেন প্রথম স্ত্রী রিনা আক্তার ও নাতি রাকিব (১)। বাচ্চু বলেন, ‘তাঁবু তো বালা। এই হানে তো আর পাহাড় পড়ব না। আমরা মূর্খ মানুষ। এত কিছু বুঝি না। এটা বুঝি, আগে তাঁবু হইলে এত মানুষ মরত না।’তাঁবুতে আসার আগে কোথায় থাকতেন? জানতে চাই বাচ্চু বলেন, ‘পাহাড়ের নিচে যেখানে ঘর আছিল তার কাছেই থাকি। কই আর যামু বাবা, গরিব মানুষ। ডিসি সাহেবের (জেলা প্রশাসনের) লোকজন বলছে তিন মাস তাঁবুতে থাকতে হবে। তারপর আবার ওই ঘরে যামু।’বয়স আর অসুস্থতার কারণে এখন আর আগের মতো রিকশা চালাতে পারেন না বাচ্চু। রিনা আক্তার ভিক্ষা করে যা পান সেটাই একমাত্র উপার্জন। অল্প কিছু পুঁজি পেলে পান-বিড়ির দোকান দেবেন বলে জানান বাচ্চু। একটু এগিয়ে যেতেই ৩৩ নম্বর তাঁবুর সামনে দেখা হয় মোশারফ হোসেনের সঙ্গে। তাঁবুর সামনে মাটি কেটে উঁচু করছেন। যাতে বৃষ্টির পানি ভেতরে না ঢোকে। মোশারফ নগরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বাতের ওষুধ বিক্রি করেন। স্ত্রী ও এক সন্তান নিয়ে থাকতেন বাটালি পাহাড়ের মামা-ভাগিনা মাজার-সংলগ্ন অংশে। গত সোমবার পরিবারের সদস্যদের নিয়ে তাঁবুতে ঠাঁই গেড়েছেন। মোশারফ বলেন, ‘এখানে খাওয়ার পানি আছে। রান্নারও ব্যবস্থা আছে। তেমন কোনো সমস্যা নাই। পাহাড় নাকি ভাইঙ্গা পড়বে এ জন্য আমাদের এখানে নিয়া আসছে। ঘরের মালিক বলছে, ভাড়া দিতে হইব না। বর্ষার পর আগের ঘরে যামু।’সরেজমিনে দেখা গেছে, তাঁবুতে বসবাসকারী পরিবারগুলোর জন্য বসানো হয়েছে ২০টি পরিবেশবান্ধব চুলা ও ২০টি শৌচাগার। বিশুদ্ধ পানির জন্য আছে দুটি পানির ট্যাংক ও একটি টিউবওয়েল। বৃষ্টিতে যাতে পানি জমতে না পারে সে জন্য কয়েকটি ছোট নালাও কাটা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম এ এইচ হুমায়ুন কবির জানান, মোট ৯০টি পরিবারকে অস্থায়ী পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। পার্শ্ববর্তী টাইগারপাস প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আরও শ খানেক তাঁবু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আকবর শাহ এলাকায়ও তাঁবু করা হবে। পর্যায়ক্রমে মতিঝরনা ও আকবর শাহ এলাকায় ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনকারীদের তাঁবুতে সরিয়ে নেওয়া হবে।