টানা দুই ঘণ্টা কবিতার পরিবেশনা। এক এক করে ১৯টি কবিতা। কিছু কবিতায় সুরের ব্যবহার। সব মিলিয়ে মনোমুগ্ধকর কবিতাসন্ধ্যার আয়োজন। অনুষ্ঠানে দর্শকদের একাই মুগ্ধ করেছেন আবৃত্তিশিল্পী পারভেজ চৌধুরী।
১০ ডিসেম্বর ‘আজ আমার প্রণতি গ্রহণ করো’ শিরোনামে নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এই একক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম।
সন্ধ্যা সাতটায় বোধন আবৃত্তি পরিষদের সভাপতি রণজিৎ রক্ষিতের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর ছিল আবৃত্তিশিল্পী পারভেজ চৌধুরীকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের প্রদর্শনী। বোধনের প্রতিষ্ঠাকালীন এ সংগঠকের তিন দশকের কর্মকাণ্ড উঠে আসে পরিবেশিত তথ্যচিত্রে। এরপর মঞ্চে আসেন আবৃত্তিশিল্পী। শুরু করেন বিলু কবিরের ‘সহি জঙ্গনামা, একাত্তর’ কবিতাটি পরিবেশনা দিয়ে। এরপর একে একে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ শামসুল হক, শক্তি চট্টোপাধ্যায়, নির্মলেন্দু গুোণ, আনিসুল হক ও জয় গোস্বামীসহ বেশ কিছু কবির কবিতা।
গতানুগতিক প্রথা ভেঙে পরিবেশন করা কয়েকটি কবিতার আবৃত্তি ভালো লেগেছে দর্শকদের। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রকৃতি’ কবিতার পরিবেশনার সময় সুরের ধারা বৈচিত্র্য এনেছিল পরিবেশনায়। দর্শকদের করতালি কুড়িয়েছে ‘বালিকা আশ্রম’, ‘পৃথিবী’, ‘আকবর হোসেনের জন্য গান’, ‘দিলকানা’ ও ‘কাল সে আসিবে’ কবিতার পরিবেশনা। আনিসুল হকের ‘তুই কি আমার দুঃখ হবি?’ কবিতার পরিবেশনার শুরুতে আবৃত্তিশিল্পী নিজেই বাঁশিতে তুললেন করুণ সুর। সুর-ছন্দে পরিবেশনাটি মুগ্ধ করে দর্শকদের।
তবে সহশিল্পীদের সঙ্গে তাল ও ছন্দ না মেলাতে জয় গোস্বামীর ‘দুই বোনের কবিতা’–এর পরিবেশনাটি কিছুটা শ্রুতিকটু লেগেছে। কাজী নজরুল ইসলামের ‘বাংলাদেশ’ কবিতার পরিবেশনার মাধ্যমে পারভেজ চৌধুরী শেষ করেন তাঁর কবিতার পরিবেশনা। এরপর এই আবৃত্তিশিল্পীর হাতে বোধন আবৃত্তি পরিষদসহ নগরের বেশ কিছু আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় শুভেচ্ছাস্মারক। এর মাধ্যমে শেষ হয় কবিতার আসর।