‘বিতর্ক মানুষের প্রতিনিয়ত একটি বিষয়। আমরা নিয়মিত কোনো না কোনো বিষয় নিয়ে বিতর্ক করে যাই এবং এর একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু শিক্ষাজীবনে বিতর্কচর্চা এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধ হয়। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক বিতর্কের প্রশিক্ষণ ক্লাস থাকা প্রয়োজন।’ দৃষ্টি ডিবেট জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এস এম আবু তৈয়ব এ কথা বলেন।চট্টগ্রামের মাধ্যমিকস্তরের সেরা বিতার্কিক নির্বাচনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রথম আলো-দৃষ্টি ডিবেট জিনিয়াস (বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা) প্রতিযোগিতা ১৬ সেপ্টেম্বর সকালে সানশাইন গ্রামার স্কুলে অনুষ্ঠিত হয়। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ক্লাব লিমিটেডের চেয়ারম্যান এস এম আবু তৈয়ব, বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার এবং সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান।বিশেষ অতিথি কবি ওমর কায়সার বলেন, ‘দৃষ্টির সঙ্গে সৃষ্টির একটি অদ্ভুত মিল আছে। দৃষ্টি চট্টগ্রামে আমাদের যেভাবে সৃষ্টিশীলতা দিয়ে যাচ্ছে, তাতে পুরো দেশ উপকৃত হবে।’ তিনি আরও বলেন, ‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো। তাই দৃষ্টির সব ভালো কাজের সঙ্গে প্রথম আলো সামনে থাকবে।’ এ ছাড়া বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক ব্যাংকার সাইফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাবের শাহ, অর্থ সম্পাদক বনকুসুম বড়ুয়া, দপ্তর সম্পাদক সাইফুদ্দিন মুন্না ও বিতর্ক যুগ্ম সম্পাদক রেজা চৌধুরী। প্রতিযোগিতায় চট্টগ্রামের ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ২৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম পর্বে ‘আজ মন চেয়েছে’—এ বিষয়ে বক্তব্যের পর বিজয়ী ৪০ জনকে নিয়ে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আদনান মান্নান, বিতার্কিক মাসুদ রানা ও জনপ্রিয় আবৃত্তিকার মিলি চৌধুরীর সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের মাধ্যমে দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা সম্পন্ন হয়।এ পর্বে বিজয়ী ১৩ জনকে নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর।