‘আজ যেন ঈদের দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আইজ য্যান আমাগো ঈদের দিন। সারা বছর কারখানায় কাম করি, আইজ কোনো কাম নাই। সারাটা দিন আনন্দের মইধ্যে কাটামু’—এভাবেই অনুভূতি জানালেন ইপিজেড থেকে শ্রমিক মেলায় আসা পোশাকশ্রমিক হেনা বেগম। তাঁর সঙ্গে আসা বাচ্চার চোখ-মুখেও ছিল আনন্দের ছায়া। এরকম হাজারো পোশাক শ্রমিক-কর্মচারীর হাসি-আনন্দ, জমজমাট নাচ-গানের মধ্য দিয়ে গত ২৬ ফেব্রুয়ারি নগরের এমএ আজিজ স্টেডিয়ামে উদ্যাপিত হলো দিনব্যাপী দ্বিতীয় শ্রমিক মেলা। সারা বছরের কর্মব্যস্ততার মাঝে শ্রমিকদের একটু বাড়তি উদ্দীপনা আর বিনোদনের জন্য ‘উজ্জীবিত শ্রমিকের ঐকতান অর্থনীতির সচল প্রাণ’ শীর্ষক মেলার আয়োজন করে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।মেলায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তবে নাচ, গান আর ফ্যাশন শোর মনমাতানো এ আয়োজনে আলোচনা পর্ব ছিল খুবই সংক্ষিপ্ত। প্রধান অতিথি বলেন, ‘চট্টগ্রাম বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের চালিকাশক্তি। আগামী দিনের সফল বাংলাদেশ গঠনে শ্রমিক-মালিক সবাইকে ঐক্যবদ্ধভাবে উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে।’ বিশেষ অতিথি বলেন, ‘মালিক-শ্রমিকের যৌথ অংশগ্রহণে শিল্প উপকৃত হবে। আর শিল্প উপকৃত হলে উপকৃত হবে দেশ।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দীন চৌধুরী। সংক্ষিপ্ত আলোচনা পর্বের পর বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় ঢাকায় অগ্নিকাণ্ডে নিহত পোশাকশ্রমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠান সম্পর্কে বিজিএমইএর শ্রমসংক্রান্ত কমিটির চেয়ারম্যান এএনএম সাইফ উদ্দীন বলেন, ‘এ মেলা মূলত মালিক ও শ্রমিকদের মিলনমেলা। এখানে অংশগ্রহণকারী শিল্পীরা পোশাকশ্রমিক। আমরা চাই প্রতি বছর এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শ্রমিক ভাই-বোনেরা আনন্দমুখর দিন কাটাবেন, এরপর তরতাজা মন নিয়ে আবার কাজে ফিরে যাবেন। এতে তাঁরা এই শিল্পের উন্নয়নে ভূমিকা রাখতে আরও বেশি উত্সাহী হবেন। ঝলমলে পোশাক পরে দেশ গার্মেন্টস থেকে এসেছিলেন রুমা আক্তার। অনুষ্ঠানে এসে কেমন লাগছে—জানতে চাইলে সপ্রতিভ উত্তর ‘অনেক মজা লাগছে। কয়েকজন বান্ধবীকে নিয়ে এসেছি। আগামী দিনে এমন আয়োজন হলে আরও ভালো লাগবে।’ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে বেশির ভাগ কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অনুষ্ঠানে আনার জন্য নিজস্ব উদ্যোগে যানবাহনের ব্যবস্থা করেছিল। অনুষ্ঠানে সকালের আয়োজনে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গণিত অলিম্পিয়াড। পোশাকশ্রমিকদের সন্তানরাই এতে অংশ নেয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এরপর ছিল বিভিন্ন কারখানা শ্রমিকের পরিবেশনায় উপভোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আধুনিক গান, ছায়াছবির গান, আঞ্চলিক গান ছাড়াও পাহাড়ি গান গেয়ে শোনান শ্রমিকেরা। প্রতিটি গানের তালে তালে শ্রমিকেরা নাচ আর হাততালিতে মুখর করে তোলেন পুরো মাঠ ও গ্যালারি।সৃশৃঙ্খল এই আয়োজনে সেন্টার ফর এশিয়ান থিয়েটার পরিবেশন করে নাটিকা গার্মেন্টস কর্মী। এ ছাড়াও চট্টগ্রামের আজিম গ্রুপ, ভেলিয়েন্ট গ্রুপ ও বন্দর নিটিংয়ের শ্রমিকদের পরিবেশনায় ছিল দুর্দান্ত ফ্যাশন কিউ। মাথায় টুপি, চোখে রোদচশমা, টিশার্ট, জিনস, টপস্সহ বর্ণিল সাজে শ্রমিকদের প্রত্যয়ী ক্যাটওয়াক পুরো আয়োজনে যোগ করে ভিন্নমাত্রা। বিদেশি বাদ্যের তালে তালে ফ্যাশন কিউটি প্রায় ৩০ মিনিট মন্ত্রমুগ্ধ করে সবাইকে। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ফ্লাড লাইটে ঝলমলে আলোয় মঞ্চে আসেন পানজাবিওয়ালা খ্যাত গায়িকা মিলা। এ সময় গ্যালারির কাঁটাতার টপকে উত্সুক দর্শকদের মাঠে ঢোকার চেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। মনমাতানো গান আর নাচের সঙ্গে মেতে ওঠে পুরো স্টেডিয়াম। এ যেন শ্রমিক-মালিকের এক অভূতপূর্ব মিলনমেলা। সবশেষে মঞ্চে আসেন শিল্পী নকুল কুমার বিশ্বাস। স্বভাবসুলভ ভঙ্গিতে গানের সঙ্গে নানা রসিকতায় সমাজের নানা অসংগতি তুলে ধরেন তিনি। দর্শক মাতিয়ে নকুল কুমার বিশ্বাস যখন গান শেষ করেন তখন ঘড়ির কাঁটা রাত আটটা ছুঁই ছুঁই। সারা দিনের আনন্দকে সাথি করে ঘরমুখী হন তৃপ্ত শ্রমিকের দল। মাঠের এক কোনায় বেশ কয়েকটি স্টল নিয়ে বসেছিলেন বিভিন্ন এনজিও কর্মীরা। মূলত বাংলাদেশের যেসব এনজিও পোশাকশ্রমিকদের নিয়ে কাজ করে সেগুলোই এখানে অংশ নিয়েছে। শ্রমিক মেলা সম্পর্কে ইপসার উন্নয়নকর্মী নাজমুল বরাত বলেন, ‘এ ধরনের আয়োজন শ্রমিক-মালিকদের পারস্পরিক অবিশ্বাস দূর করে। এ জন্য মালিকপক্ষকে ধন্যবাদ জানানো উচিত।’ ইপসা ছাড়াও মেলায় ছিল ঘাসফুল, স্টেপ, দৃষ্টি, মমতা প্রভৃতি সংগঠনের স্টল। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা এবং পৃষ্ঠপোষকতায় ছিল জার্মান টেকনিক্যাল সাপোর্ট জিটিজেড।