‘আজকের দিনটা শুধু আমাদের’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ পাহাড়, নীল হ্রদ আর বর্ণিল রাইড। সবখানে ছিল বাঁধনহারা আনন্দের মিছিল। পুরোটা দিনই ছিল ছোটাছুটি, লাফালাফি, আড্ডা, ছবি তোলা আর রাইডে চড়ার ব্যস্ততা। ফয়’স লেকের পাহাড়, হ্রদ ও রাইডগুলোও যেন উন্মুখ ছিল কৃতীদের ছুঁয়ে দেখবে বলে। তাঁরা যে বিশ্বজয়ের স্বপ্নযাত্রায় জীবনের প্রথম সোনালি সাফল্য (এসএসসিতে জিপিএ-৫) পেয়েছেন। ‘পাহাড়ে রহস্যময় আনন্দের হাতছানি। ঝোপ-ঝাড়ে সংকীর্ণ লাল মাটির উঁচু-নিচু পথ বেয়ে পাহাড়ের সবুজচূড়ায় ওঠার মজাই আলাদা। চূড়া থেকে নিচের সৌন্দর্য দেখার অনুভূতিও অন্য রকম। ফয়’স লেকের পাহাড়চূড়ায় ওঠার অনুভূতি এভাবেই প্রকাশ করলেন আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া (চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজের ছাত্রী) সাদিয়া আফরিন। তিনি বলেন, ‘আমি এর আগে কোনো দিন পাহাড়ে আসিনি। তাই পাহাড় আমাকে টানত। আজ আমার এ স্বপ্ন পূরণ হয়েছে।’ তাঁর বান্ধবী রোকসানা আফরোজ বললেন, ‘পড়ে যাচ্ছি মনে করতে করতে পথে তিনবার বিশ্রাম নিয়ে পাহাড়চূড়ায় উঠেছি। এখানকার শীতল হাওয়া ও ছায়ায় প্রাণ জুড়িয়ে গেল।’ পাশ থেকে বন্ধু সিকদার খান টিপ্পনী কেটে বললেন, তাহলে এ পাহাড়ের কন্যা হয়ে থেকে যা। আমরা চলে যাই।’ পাহাড়ে উঠেও বন্ধুদের উচ্চতায় ছাড়িয়ে যাওয়ার জন্য গাছে উঠে বসলেন আল জাবের ইনস্টিটিউট থেকে পাস করা চট্টগ্রাম কলেজের ছাত্র মুহিতুল করিম। তিনি চিৎকার দিয়ে বললেন, ‘পাহাড়ে ওঠার পর মনে হচ্ছে মুসা ইব্রাহিমের মতো হিমালয় জয় করেছি। আমার এ পাহাড় আরোহন তাঁকেই উৎসর্গ করলাম।’ পাহাড়ি ফুল মাথায় গুঁজে বাঘ, ভালুক, অজগর ও পাখির মূর্তির সামনে ছবি তুলতে ব্যস্ত তামান্না সুলতানা ও নাজমুস সাকিব। তাঁরা বলেন, ‘আজকের আনন্দের স্মৃতি ধরে রাখতে চাই। তাই ছবি তুলছি।’ এমনই ভ্রমণ ও আড্ডায় ফয়’স লেকের পাহাড়চূড়াগুলো পরিণত হয় আনন্দমেলায়। পাহাড়ের কোলঘেঁষা পথ মাড়িয়ে শিক্ষার্থীরা উপভোগ করেছেন হ্রদের অকৃত্রিম সৌন্দর্যও। বড় নৌকা, স্পিডবোট, সাম্পান, ডাক প্যাডেলে চড়ে সুন্দরের সৌন্দর্য উপভোগ করেছেন অনেকে। অনেকে হ্রদের পাড়েই সেরেছেন দুপুরের খাবার। অনুষ্ঠানের মঞ্চও তৈরি হয় হ্রদের তীরে পাহাড়ের কোলঘেঁষে। সুর ও সংগীতের মূর্ছনায় শিক্ষার্থীদের নাচ ও মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো ফয়’স লেক। ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৩০ শিক্ষার্থী কালো পোশাকে হ্রদের তীরে বসে উপভোগ করছিলেন অনুষ্ঠান। তাঁদেরই কয়েকজন ইফতেখার হোসেন, তাসিনুর আলম ও শাহরিয়ার রহমান বলেন, ‘আমরা হ্রদের অনেকটা হেঁটে ও নৌকায় চড়ে দেখেছি। খাবার সেরেছি হ্রদের তীরে। খুবই মজা লাগছে।’ চিটাগাং পুলিশ ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসমত আরা ও সায়লা সাবনাজ বললেন, ‘হ্রদটি চমৎকার। আমরা পানি ছিটিয়ে ও সাম্পানে চড়ে আনন্দ করেছি।’ অনুষ্ঠানও উপভোগ করেছি হ্রদের মধ্যে নৌকায় বসে।’ সব রাইডে চড়াই লক্ষ্য ছিল বেশির ভাগ শিক্ষার্থীর। তাই প্রখর রোদ উপেক্ষা করে সকাল থেকেই রাইডগুলোর সামনে পড়ে দীর্ঘ লাইন। ঠেলাঠেলির ধকল সামলে রাইডে চড়ার সুযোগ পেলেই চোখেমুখে ফুটে ওঠে হাসি ও উল্লাস। ফ্যামিলি কোস্টার রাউড থেকে নেমে সিলভার বেলস গার্লস হাইস্কুল থেকে পাস করা মুসতারি মালিহা বললেন, ‘অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে, রোদে পুড়ে তবেই সুযোগ পেয়েছি। ছিটকে পড়ব ভেবে ভয়ও পেয়েছি। তবে আনন্দটাই বেশি।’ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের সায়মা সাবিতা ফ্যামিলি কোস্টার, কপি কাপ, ফ্রাইডিস হুয়িল, অ্যাপোলো ফ্লাইট, ইয়োলো ও রেড স্লাইড, পাইরেটশিপসহ নয়টি রাইডে চড়েছেন। তিনি বলেন, ‘আমি সব রাইডে চড়ার মজাটা পেতে চেয়েছিলাম। তাই সকাল থেকেই চড়া শুরু করেছি। প্রতি রাইডেই চড়ার এ আনন্দ সারা জীবন মনে থাকবে।’ খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের ১১ ছাত্রীর দি সাইকো দলটি দাপিয়ে বেড়িয়েছে পুরো আয়োজন। দলপতি সালসাবিল ওয়ারিছা জানালেন, ‘আমরা তিনটি রাইডে চড়েছি। পাহাড়ে ও হ্রদে ইচ্ছেমতো ঘুরেছি। অনুষ্ঠানও দেখেছি। পা ব্যথা করছে। খুবই ক্লান্ত হয়ে পড়েছি।’ সালসাবিলের মা আনার কলি বললেন, ‘এ আনন্দের জন্য আমি নতুন ডিজাইনে সবাইকে পোশাক তৈরি করে দিয়েছি। বেশ কিছু দিন ধরেই চলছিল এ সংবর্ধনায় আসার প্রস্তুতি। দলের অপর সদস্য নিলম বললেন, ‘আজকের দিনটি শুধু আমাদের।’