স্বরলিপি সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে ৯ আগস্ট নগরে হয়ে গেল চমৎকার এক শ্রাবণসন্ধ্যা। ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’ শীর্ষক এ অনুষ্ঠানে ছিল বর্ষার গান, আবৃত্তি আর কবিতা। মানস শেখরের সঞ্চালনে শুরুতে বক্তব্য নিয়ে এলেন সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ মানসী দাশ তালুকদার। এরপর ছিল স্বরলিপির বৃন্দ পরিবেশনা। শিরোনাম সংগীত ছাড়াও এ সময় পরিবেশিত হয় ‘আবার শ্রাবণ হয়ে এলে ফিরে’ গানটি। দর্শকের বিপুল করতালিই জানিয়ে দিল ভালোই গেয়েছেন তাঁরা। ‘মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো’ রবীন্দ্রসংগীতটি গাইলেন মানশ্রী মজুমদার।শিশুশিল্পী ইন্দ্রনীল রুদ্র গলা ছেড়ে শোনাল ‘রিম্ ঝিম্ ঘন ঘন রে বরষে।’ কান্তা দের কণ্ঠে ‘আজি তোমায় আবার চাই শুনাবারে’ ছিল এককথায় অপূর্ব। অনুষ্ঠানের একমাত্র নজরুলসংগীত ‘শাওন আসিল ফিরে’ ভালো গেয়েছেন সুমন সিকদার। আরেকটি আধুনিক গানের কথা বিশেষভাবে বলতে হয়। তাহমিনা আক্তারের কণ্ঠে ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ দারুণ মানিয়েছিল। সংগঠনের সভাপতি কেশব জিপসী ‘আমি কী গান গাব যে ভেবে না পাই’, বনানী শেখরের ‘আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে’, তরুণ চক্রবর্তীর ‘পাগলা হাওয়ার বাদল-দিনে’, শুভ্রজিৎ চক্রবর্তীর ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’ গানে নিয়মিত রেওয়াজের ছাপ ছিল স্পষ্ট। অনুষ্ঠানে আরও গান গেয়েছেন মাহিকা শেখর, হূদিতা শেখর, বাসন্তী দে, মো. ফারুক প্রমুখ। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে উপভোগ্য হয়ে ওঠে কথামালা। এ পর্বে অংশ নেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, স্বরলিপির উপদেষ্টা এ আর খান, অধ্যাপক সাধন কুমার দে ও চয়নকৃষ্ণ দাশ। রাশেদ রউফ বলেন, ‘সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন সংগীত মেধাবিকাশে সহায়ক, যা এত দিন ছিল মনের খোরাক। গান হচ্ছে নিরন্তর চর্চার বিষয়। চর্চা না থাকলে শিল্পীর এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ হয়ে যায়। বর্তমান কর্মব্যস্ত সময়ে ঘরোয়া পরিবেশে বেশি বেশি সংগীতানুষ্ঠান করা দরকার।’ কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন বিশ্বজিৎ সেন, অরুণ শীল, উৎপল কান্তি বড়ুয়া, বিকিরণ বড়ুয়া, আরাফাত রূপক প্রমুখ। ‘শ্রাবণে সিক্ত পঙিক্তমালা’পতেঙ্গা সমুদ্রসৈকতে ৭ আগস্ট অনুষ্ঠিত হলো জমজমাট কবিতাসন্ধ্যা। ফেলে আসা দিনগুলোর বর্ষাস্মৃতি, হারিয়ে যাওয়া বর্ষার জন্য আকুতি, বর্ষা আবাহন আর ছন্দে ছন্দে বর্ষাবন্দনায় মূর্ত হয়ে উঠেছিল পুরো অনুষ্ঠান। ‘শ্রাবণে সিক্ত পঙিক্তমালা’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি অরুণ দাশগুপ্ত। তিনি বলেন, ‘অনেক দেশে বৃষ্টি পড়ে কিন্তু বর্ষাকাল নেই। বাঙালির যাপিত জীবনে বর্ষা ব্যাপক প্রভাব বিস্তার করে। কালি দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাপতি বর্ষা নিয়ে অসাধারণ সব কবিতা, গল্প বা রূপকল্প-সাহিত্য সৃষ্টি করেছেন।’ বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, কবি স্বপন দত্ত ও আশীষ সেন। সভাপতিত্ব করেন আমিনুর রশীদ কাদেরী। স্বাগত বক্তব্য দেন আন্দরকিল্লা সম্পাদক মুহাম্মদ নুরুল আবসার। বর্ষার কবিতা পাঠ করেন বদরুন নেসা, দীপালী ভট্টাচার্য, ইফতেখার মারুফ, মোখলেসুর রহমান, মেহেরুননেসা রশীদ, রেবেকা সুলতানা, আরিফ চৌধুরী, আবদুল্লাহ মজুমদার, হোসাইন আনোয়ার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সায়রা রৌশনী, তিনি প্রত্যেকের নাম ঘোষণার সময় বলেছিলেন ‘এখন আবৃত্তি করবেন...!’ অবশ্য তাঁর কণ্ঠে রবিঠাকুরের বর্ষার কবিতার আবৃত্তি ছিল সুন্দর। স্বপ্নযাত্রীর তারুণ্যের উৎসবনগরের ডিসি হিলে ৬ আগস্ট সাদামাটা কিন্তু অন্য রকমভাবে হয়ে গেল স্বপ্নযাত্রীর তারুণ্যের উৎসব। স্লোগান ছিল ‘সুন্দর স্বদেশের প্রত্যয়ে আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই।’ নাচ, গান, আবৃত্তি, পথনাটক, জাদু ও বাঁশির সুর উপভোগ করেছেন দর্শকেরা। শুরুতে আবৃত্তি ও গানে গানে রবিঠাকুরকে স্মরণ করা হয়। সন্ধ্যায় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে মঞ্চে প্রদীপ জ্বালিয়ে সংহতি প্রকাশ করেন সংগঠনের সদস্যরা। স্বপ্নযাত্রী দল ছাড়াও উৎসবে সমগীত, তারুণ্যের উচ্ছ্বাস, শব্দ নোঙর, আলোর খোঁজে ও কিংবদন্তির পরিবেশনা ছিল মনে রাখার মতো। এর মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নাট্যদল আলোর খোঁজে এবং নারী নির্যাতন ও ইভ টিজিং নিয়ে স্বপ্নযাত্রীর নাটিকা ভালোই হয়েছে। তনুশ্রী চক্রবর্তীর উপস্থাপনায় উৎসবে মো. আলমগীরের বাঁশির সুর ছিল অন্যতম আকর্ষণ। সংগীতানুষ্ঠানে অংশ নেয় ব্যান্ডদল ভেনাস।