বৃহস্পতিবার সকাল পৌনে নয়টা। রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সাত চিকিত্সকের মধ্যে তিন চিকিত্সকের কক্ষ বন্ধ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী দোতলায় মহিলা ওয়ার্ডে রোগী দেখছেন। আটটা ৫১ মিনিটে এলেন চিকিত্সা কর্মকর্তা কফিল উদ্দিন। পর পর এলেন আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) ফরিদুল ইসলাম। তিনি এসেই ওয়ার্ডে চলে যান। নয়টা ৩২ মিনিটে এলেন চিকিত্সক মহিউদ্দিন। স্বাস্থ্য কমপ্লেক্সের সময় সূচি সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা। কিন্তু বহির্বিভাগের রোগীদের টিকিট দেওয়া শুরু হয় নয়টা থেকে। যথা সময়ে চিকিত্সক না আসায় রোগীদের ভোগান্তি পোহাতে হয়। অন্যরা আসেন ১০টার পর। কাশি আর শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ১০ মাসের শিশুকে নিয়ে সোয়া নয়টায় হাসপাতালে আসেন মনোয়ারা বেগম। এসে তিনি দেখেন, মা ও শিশু কর্নারে চিকিত্সক নেই। রোগী দেখছেন চিকিত্সা সহকারী ওয়াহিদাতুন নেছা। মনোয়ারা বলেন, ‘গতবার পুরুষ ডাকতরে চাইয়িল, আজিয়া চাইয়িদে হেলপারে’ (গতবার পুরুষ চিকিত্সক চিকিত্সা দিয়েছিলেন, এবার দিলেন সহযোগী)।নামফলকে মা ও শিশু কর্নারের চিকিত্সক সন্জয় কুমার দের নাম দেখা যায়। চিকিত্সক কোথায় জানতে চাইলে ওয়াহিদা বলেন, ‘স্যার ভেতরে আছেন, আমি রোগী দেখছি।’ আশকরখিল এলাকার নূরজাহান (৩৫) আসেন দাঁতের সমস্যা নিয়ে। চিকিত্সক না থাকায় তাঁকে ব্যবস্থাপত্র দেন সহকারী জাহেদ। ব্যবস্থাপত্র হাতে নিয়ে আসল চিকিত্সককে খুঁজতে থাকেন নূর জাহান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী বলেন, ‘অফিস সময় সাড়ে আটটা থেকে আড়াইটা। কিন্তু শীতকালে রোগীর চাপ কম থাকে, রোগীরাও দেরিতে আসেন। এ কারণে চিকিত্সকেরাও একটু দেরি করেন। তবে একটার মধ্যে বহির্বিভাগে রোগী দেখা শেষ হয়ে যায়।’শিশু কর্নারে চিকিত্সা সহকারীর রোগী দেখার বিষয়ে তিনি বলেন, ‘তাঁর তিন বছরের প্রশিক্ষণ আছে। তা ছাড়া জটিল রোগীদের তিনি দেখেন না।’রোগীদের অভিযোগ, আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) ফরিদুল ইসলাম টাকা দিলে ভালো করে দেখেন নইলে নয়। নাম প্রকাশ না করার শর্তে মেরংলোয়া গ্রামের একরোগী জানান, আগে তাঁর কাছ থেকে ৫০ টাকা নেন ওই চিকিত্সক। তবে আজ নেননি। অভিযোগ অস্বীকার করে ফরিদুল ইসলাম বলেন, ‘রোগীরা খুশি হয়ে দিলে টাকা নিই। জোর করে কখনো নিইনি।’ জানা গেছে, হাসপাতালে ডেন্টাল ইউনিট স্থাপন করা হয় ২০০৮ সালের ২৩ অক্টোবর। তখন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়। কিন্তু চিকিত্সার উপকরণ না থাকায় এটি চালু হয়নি। ডেন্টাল সার্জন বশির আহমেদ জানান, ডেন্টাল ইউনিটে তাঁর বসার চেয়ারটি ছাড়া আর কিছুই নেই।আমিন উল্লাহ (৬০) ও তফুরা বেগম (৩৫) বুকের ব্যথা আর শ্বাসকষ্ট নিয়ে আসেন। চিকিত্সক দুইজনকে এক্স-রে করার পরামর্শ দেন। হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ থাকায় তাঁদের বাইরে গিয়ে পরীক্ষা করতে হয়। জানা গেছে, ২০০৫ সালের ২৮ এপ্রিল ৩০০ এমএ ক্ষমতাসম্পন্ন একটি এক্স-রে যন্ত্র দেওয়া হয়। জায়গার অভাবে প্রায় দুই বছর এটি পড়ে ছিল। ২০০৭ সালের ১২ ফেব্রুয়ারি হাসপাতালের একটি কক্ষে এটি স্থাপন করা হয়। বছর দেড়েক চালু থাকলেও মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও) বদলি হলে এটিও বন্ধ হয়ে যায়। চকরিয়া থেকে প্রেষণে একজন এসেছিলেন, গত ৫ আগস্ট তিনিও চলে যান। তখন থেকে এক্স-রে যন্ত্রটিও বন্ধ।