‘আড্ডা’য় আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই রেস্তোরাঁ মেয়েদের জন্য। ছেলেদের প্রবেশ নিষেধ। অবশ্য বিশেষ বিবেচনায় ছেলেরা যেতে পারবে। তবে সঙ্গে থাকতে হবে কোনো মেয়েকে। আড্ডা রেস্তোরাঁটির নিয়ম এ রকমই! ঢাকার আসাদগেট পার হয়ে শ্যামলীর দিকে কয়েক শ গজ এগোলেই ফ্যাশন হাউস প্রবর্তনার ওপরে চারতলায় বিশেষ খাওয়ার এ জায়গাটি।‘মেয়েদের সবাক জলপান কেন্দ্র’ আড্ডার ভেতরে ঢুকলেই চোখে পড়বে আটপৌরে ভঙ্গিমায় শতরঞ্জি পাতা। সামনে ছোট ছোট টেবিল নিয়ে বসে আছে মেয়েরা। টেবিল-চেয়ারও পাতা আছে। তবে ভিন্নতা এবং আরেকটু আয়েশের জন্যই বোধ করি সবার আগ্রহ শতরঞ্জির দিকেই। দেয়ালে টাঙানো দেশজ কারুকাজ—সব মিলিয়ে ঘরোয়া আবহ।আড্ডার জন্ম অনেকটা আড্ডাচ্ছলে। মেয়েদের জন্য লাইব্রেরি ‘গ্রন্থ প্রবর্তনার’ জন্ম ১৯৮৯ সালে। লাইব্রেরিতে পড়াশোনা করতে এসে মেয়েরা নিয়মিতই আড্ডা বসাত। এভাবেই একসময় ‘সোমবারের আড্ডা’ নামে মেয়েদের বিশেষ আড্ডা শুরু গ্রন্থ প্রবর্তনায়। পড়াশোনার পাশাপাশি নানা বিষয় নিয়ে আড্ডা চলত এখানে। সেই সোমবারের আড্ডা থেকেই জন্ম নেয় আজকের এই আড্ডা। প্রথমে দোতলায় ছোট্ট করে শুরু হয়েছিল। এরপর তিনতলা হয়ে আজকের জায়গায় শুরু হয় আড্ডার বড় পরিসর।প্রতিষ্ঠানটির পরিচালক শাহিদ হোসেন শামীম বলেন, ‘নারীদের জন্য প্রকাশনা, লাইব্রেরি থেকেই খাবারের জায়গার এ আইডিয়াটি এসেছে। সামনে এ রেস্টুরেন্টটি আরও ভালো করে উপস্থাপন করতে চাই। দেশে এ ধরনের আর কোনো রেস্টুরেন্ট আছে বলে আমার জানা নেই। তবে আমাদের আইডিয়া নিয়ে যদি কেউ এ রকম রেস্টুরেন্ট করে, তাতে আমরা খুশিই হব।’আড্ডার খাবারদাবারে বাঙালিয়ানা ছাপ স্পষ্ট। কোনো ধরনের ফাস্টফুড-জাতীয় খাবার এখানে নেই। নাজিরশাইল চালের সাদা ভাত কিংবা রাঁধুনীপাগল চাল-মুগডালের খিচুড়িতে পাবেন দেশীয় আমেজ। মুরগি, খাসি ও গরুর মাংসের সঙ্গে চিংড়ি মাছের দোপেঁয়াজা পাবেন। মলা-ঢেলা-বাতাসি ইত্যাদি ছোট মাছের তরকারির সঙ্গে আছে সরষে ইলিশ, পঞ্চডাল। আরও পাবেন চিংড়ি, শুঁটকি, সবজির ভর্তাসহ অন্যান্য ভর্তা। চাইলে ঢেঁকিছাঁটা চালের ভাতও পাবেন এখানে। এ তো গেল দুপুরের খাবারের তালিকা। বিকেলে খাবারের তালিকায় আছে পুডিং, চটপটি, ফুচকা, মাছের বড়া, সবজি সমুচা, কলিজা সিঙাড়া, স্যুপ, টিকা কাবাব, চপ ইত্যাদি।তবে আড্ডার শরবত না খেলে পস্তাবেন। লেবু, তেঁতুল, কাঁচা কিংবা পাকা আম, বেল, তরমুজ, যবের ছাতুর শরবত আপনাকে দেবে চনমনে স্বাদ। মাত্র ৩০-৫০ টাকার মধ্যে এত টাটকা, সুস্বাদু শরবত এই শহরে বিরল। অন্যান্য খাবারের দামও হাতের নাগালে। শাহেদ হোসেন শামীম বলেন, ‘ব্যবসা করার জন্য নয়, নারীদের জন্য কল্যাণমূলক কিছু করার জন্যই কম লাভে রেস্টুরেন্টটি চালাচ্ছি। আর এখানকার প্রতিটি খাবারের কাঁচামাল আমাদের নিজস্ব কৃষি আন্দোলন শাখা শস্য প্রবর্তনা থেকে আসে।শুধু খাওয়াদাওয়াই নয়, চাইলে এখানে অনুষ্ঠানও করতে পারবেন। অর্ধেক বেলার জন্য অনুষ্ঠান করতে চাইলে ৪ হাজার টাকা দিতে হবে। এখানে বাইরে থেকে খাবারের অর্ডার দিতে পারবেন।এ ছাড়া বিশেষ বিশেষ দিনে, বিশেষ অনুষ্ঠানের আয়োজনও আছে। আম মেলা, মাছ মেলা, ধান মেলা, ডাল মেলা, আচার মেলা, পিঠা মেলাসহ নানা মেলার আয়োজন নিয়মিতই করে আসছে আড্ডা।রসুই ঘর থেকেযবের ছাতুর শরবতযবের ছাতুর শরবত বানানোর জন্য আপনার কাছে শুধু যবের ছাতু, চিনি অথবা গুড় থাকলেই চলবে।এক গ্লাস পানিতে দুই থেকে তিন চামচ যবের ছাতু দিতে হবে। সঙ্গে পরিমাণমতো চিনি অথবা গুড় দিয়ে নাড়তে হবে। পানি ঠান্ডা হলে অথবা সঙ্গে বরফ মিশিয়ে দিলে খেতে আরও ভালো লাগবে।