'আত্মঘাতী হয়ে অন্যকে হত্যা করা জঘন্য অপরাধ'
আত্মঘাতী হয়ে অন্যকে হত্যা করা জঘন্য অপরাধ। যারা সঠিকভাবে ধর্মীয় চর্চা করে না তারাই ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে সন্ত্রাস ও জঙ্গিবাদে অনুপ্রাণিত করছে।
গত সোমবার লোহাগাড়া থানা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল হায়াত মো. তারেক।
সভাপতিত্ব করেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদভিত্তিক পাঠাগারের শিক্ষকসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশের বিশেষ অতিথি সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা বলেন, ইসলামের নামে এ ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদে যারা জড়িয়ে পড়ছে, তারা ইসলামের শত্রু। তিনি স্থানীয় ব্যক্তিদের এ ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দেন।
পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন বলেন, এ দেশ শান্তির দেশ। যারা এসব জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন তাদের খুঁজে আইনের আওতায় আনে। তিনি পাড়ায় পাড়ায় জঙ্গিবাদবিরোধী কমিটি গঠনের তাগিদ দেন।