‘আত্মহত্যাই সব সমস্যার সমাধান নয়’
‘আত্মহত্যাই সব সমস্যার সমাধান নয়। আত্মহত্যা মানে জীবন থেকে পালিয়ে যাওয়া। আমরা কিছু সমস্যার জন্য নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারি না। বরং লড়াকু-আত্মবিশ্বাসী মানসিকতাই আমাদের নতুন দিনের জন্য তৈরি করতে পারে।’ বাংলাদেশ কিশোরী অধিকার ফোরাম (প্রেব) আয়োজিত মুক্ত আলোচনা অনুষ্ঠানে এভাবেই নিজের অভিমত জানালেন প্রধান অতিথি উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম। ৩ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে কিশোরীদের সামাজিক সমস্যা ও সমাধানবিষয়ক এ মুক্ত আলোচনার আয়োজন করে প্রেব। ফরিদুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী ও দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব। বক্তব্য দেন পাথরঘাটা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা আয়শা খাতুন। এ আয়োজনে সহযোগিতা করে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। প্রধান অতিথি বলেন, ‘যেকোনো সমস্যা সমাধানে পুলিশ প্রশাসন সব সময় সতর্ক রয়েছে। তবে ইভ টিজিং ও বাল্যবিবাহের মতো সমস্যা সমাধানে সামাজিক সচেতনতা জরুরি।’ মোহাম্মদ তৈয়ব বলেন, ‘শুধু কাগজ-কলমে সমস্যা সমাধান নয় বরং মাঠ পর্যায়ে সবাইকে কিশোরীদের সমস্যা সমাধানে কাজ করতে হবে।’ বিজয় কুমার চৌধুরী বলেন, ‘এ দেশের সামাজিক উন্নয়নে প্রেবের মতো অনেক বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করছে—যা বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ শিক্ষিকা আয়শা খাতুন বলেন, ‘সমাজে বখাটে হিসেবে পরিচিতদের সংশোধনের আওতায় আনতে হবে। কারণ এরা আমাদের সমাজেরই অংশ।’ আলোচনার ফাঁকে ফাঁকে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল গান, নাচ আর নাটিকা। ইভ টিজিংবিষয়ক ছোট নাটিকাটি মুগ্ধ করেছে সবাইকে।