‘আধখেঁচড়া’ সংস্কারে নিত্য দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ১৬ বছর আগে নির্মিত মারিশ্যা-দীঘিনালা সড়ক। গুরুত্বপূর্ণ এ সড়কটির ১৩ কিলোমিটারে সম্প্রতি সংস্কারকাজ হয়েছে। তবে বাকি ৯ কিলোমিটার এলাকা সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গেছে। ২২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি রাঙামাটি জেলার বাঘাইছড়ি ও খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাকে সংযুক্ত করেছে। সম্প্রতি একটানা ভারী বর্ষণের পর সংস্কার না হওয়া সড়কের ৯ কিলোমিটার এলাকায় পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রক্ষা-দেয়াল না থাকায় সড়কের মাটিও সরে গেছে। ফলে এ পথে লক্ষাধিক মানুষকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কলা, ফল ও সবজিসহ পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। এ পথে নিয়মিত যাতায়াতকারী লোকজনের অভিযোগ, প্রশাসনকে দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের দাবি জানানো হয়েছে। ১৩ কিলোমিটার এলাকা সংস্কার করা হলেও ৯ কিলোমিটার সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই ৯ কিলোমিটার এলাকা বাঘাইছড়ি উপজেলার ভেতরে পড়েছে। ফলে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন বাঘাইছড়ির বাসিন্দারা।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের দুই কিলোমিটার, তিন কিলোমিটার, চার কিলোমিটার ও নয় কিলোমিটার এলাকায় বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। এ ছাড়া বাঘাইছড়ি উপজেলা সদর থেকে নয় কিলোমিটার এলাকার পিচঢালাই উঠে গেছে। কোথাও কোথাও ইট-সুরকিও বৃষ্টিতে ধুয়ে গেছে। মারিশ্যা এলাকার লোকজন জানান, ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনী মারিশ্যা-দীঘিনালা সড়কটি নির্মাণ করে। ২০০৩ সালে সড়ক ও জনপথ বিভাগের কাছে এই সড়ক হস্তান্তর করা হয়। সড়কের একাংশ সংস্কার না হওয়ায় ভারী বর্ষণ অব্যাহত থাকলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। বাসচালক মো. ইদ্রিস আলী বলেন, সড়কের একটি অংশ খানাখন্দে ভরা। কোনো কোনো স্থানে বড় গর্তও আছে। মাটি সরে গিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে কোথাও কোথাও। এই রাস্তায় চালক দক্ষ ও অভিজ্ঞ না হলে দুর্ঘটনার আশঙ্কা আছে।বাঘাইছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. তোজাম্মেল হোসেন বলেন, ‘সড়কটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে। সমপ্রতি খাগড়াছড়িতে সড়ক ও জনপথ বিভাগ সড়কের কিছু অংশ সংস্কার করেছে। কিন্তু বাঘাইছড়ি অংশে সংস্কার হয়নি।’ খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রশিদ বলেন, ‘বৃষ্টির কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্ষাকাল শেষ হলে সংস্কারকাজ শুরু হবে আবারও। তখন নয় কিলোমিটার এলাকাও সংস্কার করা হবে। তবে এ মুহূর্তে আমাদের করার কিছুই নেই।’