‘আনা’র সঙ্গে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশটাকে হারিয়ে ফেলেছি। ঘুরছি ঘুরছি, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না। কেউ বলেও দিতে পারছে না। দেশের মানুষ পেলামও একজনকে, তিনিও জানেন না বাংলাদেশটা কোথায়। আমার অবস্থা তখন আল মাহমুদের ‘নোলক’ কবিতার মতো, ‘আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে/হেথায় খুঁজি হোথায় খুঁজি, সারা বাংলাদেশে।’ এই বিদেশ-বিভুঁইয়ে এখন বাংলাদেশকে কোথায় পাই? সিঙ্গাপুরের শোভা সাত তারকা হোটেল মেরিনা স্যান্ডস বে হোটেলের বিশাল কনভেনশন হলের মধ্যে বাংলাদেশের ছোট্ট প্যাভিলিয়নটি আসলেই হারিয়ে গিয়েছিল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) এই বৈশ্বিক মেলায় অজস্র স্টলের অরণ্যে বাংলাদেশ প্যাভিলিয়নটা যেন বিরাট অরণ্যে একটা ছোট্ট পাখি। বিভিন্ন দেশের স্টলগুলোর মধ্যে যখন ঘুরছি, তখন মাথার মধ্যে ঘুরছে মুঠোফোন সেট নির্মাতা নকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ইলোপের একটা কথা। নকিয়ার মোবাইল প্রযুক্তির নতুন যুগের সূচনা ঘোষণা করছিলেন তিনি। সারা পৃথিবী থেকে ৫০০ সাংবাদিক এসেছিলেন এটা কভার করতে। দিনটা ২১ জুন। ঠিক সেই সময় ঘটছিল এক মহাজাগতিক ঘটনা। সূর্য আর পৃথিবীর মাঝখানে এসে পড়ছিল চাঁদ। পৃথিবী ঢাকা পড়ছিল চাঁদের ছায়ায়, ঘটে চলছিল পূর্ণ সূর্যগ্রহণ। ইলোপ নকিয়ার এই নতুন যুগের সূচনাকে তুলনা করছিলেন এই মহাজাগতিক ঘটনার সঙ্গে। কমিউনিক এশিয়া নামের এই মেলার প্রথম দিনটি ছিল নকিয়াময়। ১১তম নকিয়া কানেকশনস সম্মেলনের দিকে তাই মনোযোগ ছিল সবার। নকিয়ার মাধ্যমে পৃথিবীর ১৩০ কোটি মানুষ পরস্পরের সঙ্গে যুক্ত। তারা এখন চাইছে আরও এগিয়ে যেতে। ইলোপের ভাষায়, কৌশলটি অতি সরল: সৃজনশীল উদ্ভাবন। এবারের মেলায় নকিয়ার নতুন স্মার্টফোনগুলোর মধ্যমণি ছিল ‘আনা’। স্নিগ্ধ নকশার এই স্পর্শকাতর পর্দার (টাচস্ক্রিন) ফোনটি যে বাজারে আসামাত্রই তরুণদের মন জয় করে ফেলবে, তাতে সন্দেহ নেই। কেন করবে, সেটাই দেখিয়ে ও বুঝিয়ে দিলেন এর অন্যতম উদ্ভাবক মার্কো আর্জেন্টি। হলরুমের বিশাল ডিজিটাল পর্দার নিচের মঞ্চে নকিয়ার কর্তাব্যক্তিদের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, তুখোড় জনসংযোগ ছাড়া আজকাল ব্যবসা সম্ভব না। আর প্রযুক্তিকে শিল্পীর নিষ্ঠা নিয়ে না বানালে ক্রেতাদের মনোহরণকারী ব্র্যান্ডে পরিণত হওয়াও অসম্ভব। তাহলে এঁরাই কি আমাদের সময়ের মহানায়ক-নায়িকা? আর এই ব্র্যান্ডের ব্র্যান্ডিত হওয়া এখন অনেকের কাছে আনন্দ, গর্ব আর তৃপ্তির বিষয়। ক্রেতা ও বিক্রেতা, উদ্ভাবক আর ব্যবহারকারী উভয়ের মধ্যেই দেখতে পেলাম নতুন ফোন প্রযুক্তির রোমাঞ্চের স্পর্শ। সেই রোমাঞ্চের মূল আকর্ষণ হলো উইন্ডোজকে নকিয়ার মোবাইলে নিয়ে আসা। কমিউনিক এশিয়ার বাংলাদেশ প্যাভিলিয়ন দেখতে গেলাম। দুই বাংলাদেশি প্রেগ্রামার জাকির আর আবীরকে দেখা গেল মহাব্যস্ত। প্রতিবছর বছরের মাঝামাঝি সময়ে সিঙ্গাপুরে বসে এশিয়ার বৃহত্তম তথ্যপ্রযুক্তি মেলা কমিউনিক এশিয়া। সারা দুনিয়ার যোগাযোগ প্রযুক্তির সঙ্গে জড়িত সব ধরনের মানুষের দেখা এখানে মিলবে। কোম্পানিগুলো আসে, আসেন পাইকারি ক্রেতারা, আসেন প্রেগ্রামার ও সাংবাদিকেরাও। জাকিরেরা এখানে এসেছেন বিভিন্ন ধরনের সফটওয়্যার নিয়ে। এবারে তাঁদের নতুন হলো মোবাইলে ব্যবহারযোগ্য বাংলা ক্যালেন্ডার। এ ব্যাপারে তাঁরা অগ্রণী। রথ দেখা আর কলা বেচার এই মেলাটা কেন সিঙ্গাপুরে হয়, তা বোঝা গেল দিনের শেষে। সিঙ্গাপুরকে তরুণদের শহর বললে ভুল বলা হয় না। বয়সের দিক থেকেও আধুনিক সিঙ্গাপুরের বয়স বেশি না। তাহলেও মাত্র ৩০-৩৫ বছরে এটি উঠে এসেছে বিশ্বের অন্যতম সুন্দর, ঝকঝকে ও নিরাপদ শহরে। অভিজাত শপিং মলের মতোই পুরো শহরটা সব সময় বিক্রি ও বিনোদনের জন্য প্রস্তুত। স্মার্ট ঝকঝকে তরুণ-তরুণীদের দিয়ে ভরে আছে পথঘাট। নানান দেশ থেকে যে পর্যটকেরা এসেছেন, তাঁদেরও বেশির ভাগই তরুণ। প্রযুক্তিপ্রিয় তারুণ্যের প্রযুক্তি মেলা যে এখানেই বসবে, তা-ই তো স্বাভাবিক। মেলার দুই দিনে রথ দেখা ও কলা বেচা, সবই হলো। কিন্তু রয়ে গেল একটা খেদ, তথ্যপ্রযুক্তির এই আসরে বাংলাদেশের উপস্থাপনে এত দীনতা কেন? বাংলাদেশি প্রোগ্রামার ও ডেভেলপাররাও যেখানে দুনিয়ায় খ্যাতি পাচ্ছেন, সেখানে কেন এ রকম আন্তর্জাতিক মঞ্চে তাঁদের দেখা গেল কম?