
‘আপনার একটা ছবি তুলি?’
প্রথম আলো বন্ধুসভার রুমে এসে এমনটিই বলেছিল ভুবন।
‘হ্যাঁ, তোলো।’
পটাপট ক্লিক করতে থাকে ভুবন।
‘একটা না। অনেক ছবি তো তুলে ফেললে?’
আমার কথায় ভুবন হাসে। যদিও সারাক্ষণই হাসত সে। ওর মতো কেউ কি হাসতে পারে?
‘আমি জামালপুর বন্ধুসভায় ছিলাম। আমি আই-জিনিয়াস। আমি কি ঢাকা বন্ধুসভায় যুক্ত হতে পারি?’
‘এক শ বার।’ আমি বলি। কথা শুনে আবারও সেই হাসি। আমি তার সরলতায় মুগ্ধ হয়ে যাই। হাসি দেখে মুগ্ধ হই। এমন করেই ইশতিয়াক ভুবনের সঙ্গে আমার পরিচয়।
মাঝেমধ্যেই কারওয়ান বাজার প্রথম আলো অফিসে আসত। বন্ধুদের সঙ্গে গল্পে মেতে উঠত। উচ্ছল, চঞ্চল, আবেগে উদ্দীপ্ত। দুচোখ ভরা স্বপ্ন তার। কাঁধে ভারী ক্যামেরা। কত কিছু হওয়ার স্বপ্ন। সামনে অফুরন্ত সময়। কেবল এইচএসসি পাস করেছে সে।
সেদিন বাজে ফোন পেলাম একটি। জামালপুর থেকে আরজু ফোন করেছে। ‘নেই। ভুবন নেই।’
আমি এরপর নানান জনকে ফোন করি, সবাই বলে, হ্যাঁ, ঘটনা সত্যি। আমি ফোন চালিয়ে যাই। নিশ্চয়ই, কেউ বলবে, ‘না, মিথ্যে কথা। কে বলল আপনাকে? এইমাত্র ওর সঙ্গে কথা হলো।’
না, এমন কথা কেউ আমাকে শোনাল না।
ইশতিয়াক ভুবন আর কখনো এসে বলবে না, ‘ভাইয়া, আপনার একটা ছবি তুলি?’
তুমি নেই ভুবন। কিন্তু আমাদের ভুবনের সবার চোখের তারায় তারায় বেঁচে থাকো।
{গত ২১ জুলাই আহকাম ইশতিয়াক ভুবন (১৯) জামালপুরে নিজেদের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্য হয়।}
নির্বাহী সভাপতি
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ