'আপিল ফর গাজা' অনলাইনে

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় বিপর্যয়ের শিকার মানুষের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে ‘আপিল ফর গাজা’ শীর্ষক আলোকচিত্র ও চারুশিল্প প্রদর্শনীটি এখন অনলাইনেও চলছে। দৃকের এই অনলাইন প্রদর্শনী থেকেই আলোকচিত্র বা চিত্রকর্ম বাছাই করে কেনা যাবে। এদিকে, ঢাকার দৃক গ্যালারিতে প্রদর্শনীটির মেয়াদও বাড়ানো হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত।
গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার জন্য দেশের খ্যাতনামা প্রবীণ ও নবীন শিল্পী-আলোকচিত্রীদের অংশগ্রহণে ১৯ আগস্ট এই প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত শায়ের এম এইচ আবুইয়াদা। এ প্রদর্শনী থেকে আলোকচিত্র ও চিত্রকর্ম কিনতে পারবেন দর্শকেরা। শিল্পকর্ম বিক্রির টাকা ফিলিস্তিনের গাজায় দুস্থ মানুষের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
প্রদর্শনীতে অংশ নিয়েছেন কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, সমরজিত্ রায় চৌধুরী, আবুল বারক আলভী, আব্দুশ শাকুর শাহ, সৈয়দ জাহাঙ্গীর, মনিরুল ইসলাম, শহীদ কবীর, বীরেন সোম, ফরিদা জামান, রোকেয়া সুলতানা, নাসরিন বেগম, জামাল আহমেদ, শাহজাহান আহমেদ বিকাশ, কনক চাঁপা চাকমাসহ বেশ কয়েকজন চারুশিল্পী।
অংশগ্রহণকারী আলোকচিত্রীদের মধ্যে আছেন নাসির আলী মামুন, শহিদুল আলম, জান্নাতুল মাওয়া, আবীর আবদুল্লাহ, মুনেম ওয়াসিফ, সাইফুল হক অমি, তাসলিমা আখতার, শাহরিয়া শারমিন, শাহাদাত পারভেজ, কামরুজ্জামান, ইন্দ্রনীল কিশোর, শামসুল আলম হেলাল, সুমন ইউসুফ, তানভীর মুরাদ তপুসহ বেশ কয়েকজন আলোকচিত্রী।
আপিল ফর গাজা
প্রদর্শনীর স্থান: দৃক গ্যালারি, বাড়ি ৫৮, সড়ক ১৫/এ, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯।
প্রদর্শনী খোলা থাকবে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
অনলাইনে প্রদর্শনীর শিল্পকর্ম কেনার জন্য ভিজিট করুন: www.drik.net/appeal-for-gaza