‘আবার মায়ের মুখ দেখব ভাবিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোন পেয়ে রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর থেকে লংগদু ছুটে এসেছেন আবু দাউদ, এন মোস্তফা, আবুল হোসেন ও নূর হোসেন। পেটের দায়ে ইটভাটায় কাজ করতে এসে এখানে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে তাঁদের স্বজনদের। শেকলে হাত-পা বাঁধা শ্রমিকদের ছবি যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। সোমবার সকালে ১১ জন শ্রমিককে তুলে দেওয়া হয় তাঁদের চার স্বজনের কাছে। স্বজনদের পেয়ে আবেগে ভেসে যান মুক্তি পাওয়া শ্রমিকেরা।শ্রমিকদের ফিরিয়ে নিতে আসা সাতক্ষীরার আবু দাউদ জানান, লংগদুর বাইট্টাপাড়ার এলবিএম ইটভাটায় সর্দারের মাধ্যমে কাজ করতে এসেছিলেন এই শ্রমিকেরা। আইলার আঘাতে লন্ডভন্ড তাঁদের জন্মভূমি সাতক্ষীরা জেলার শ্যামনগরের কাশিমারী গ্রাম। ভেবেছিলেন, এখানে কাজ করে আইলার ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন। মুক্তি পাওয়া শ্রমিকদের প্রায় সবাই স্বজনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। মাহবুর রহমান, বাবুল হোসেন ও শহীদুল ইসলাম—এই তিন শ্রমিকের বয়স ১৮ বছরের কাছাকাছি। মুখ থেকে কৈশোরের সারল্য এখনো যায়নি। মুক্তির পর কেমন লাগছে, জানতে চাইলে চোখের পানি মুছতে মুছতে মাহবুর বলেন, ‘নতুন জীবন ফিরে পেলাম।’ ইটভাটায় কবে এসেছেন, জানতে চাইলে তিনি জানান, কার্তিক মাসের ৯ তারিখ (১৮ অক্টোবর)। নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘প্রথম প্রথম নির্যাতন ছাড়াই ইটভাটার কাজ করেছি। কিন্তু সর্দার পালিয়ে যাওয়ার পর সর্দারের কাছে অনেক টাকা পাওনার অজুহাত দেখিয়ে মালিকপক্ষ নির্যাতন শুরু করে।’ আরেক কিশোর শ্রমিক বাবুল হোসেন বলেন, ‘সন্ধ্যা নামতেই আমাদের একে একে ইটভাটার একটি ঘরে ঢোকানো হতো। দারোয়ান ইসমাইল লাঠি ও লম্বা দা হাতে এসে আমাদের সবাইকে শিকল পরিয়ে খুঁটির সাথে তালা মারতেন। আমাকে ও মাহবুরকে একই শিকলে বাঁধা হতো। শিকল বাঁধা অবস্থাতেই দেওয়া হতো ভাত, তা-ও অল্প এবং শুধু লাউসিদ্ধ দিয়ে।’ কিশোর শ্রমিক শহিদুল ইসলাম বলেন, ‘রাতে কারও প্রাকৃতিক ডাক এলে বাইরে পাহারারত দারোয়ান ইসমাইলকে ডাক দিতাম। তিনি খুঁটি থেকে শিকল খুলে বাথরুমে নিয়ে যেতেন এবং বাইরে শিকল ধরে দাঁড়িয়ে থাকতেন।’ শহিদুল চোখের পানি ফেলতে ফেলতে বলেন, ‘আর কোনো দিন বাবা-মায়ের মুখ দেখতে পাব ভাবিনি।’এ ঘটনার পরিপ্রেক্ষিতে হওয়া মামলার বাদী মশিউর রহমান (৩০) বলেন, ‘পুলিশ যখন আমার শরীর ও খুঁটি থেকে শিকল খুলে দিচ্ছিল, তখন আমি শিশুর মতো হাউমাউ করে কেঁদে উঠেছিলাম। টাকা-পয়সার দরকার নেই, মুক্তি পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছি, এটাই আনন্দ এবং আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তবে মনে এটুকু সান্ত্বনা, অন্তত একজন নির্যাতিত শ্রমিক হিসেবে নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা করতে পেরেছি। জান গেলেও আপোষ করবো না।’ বৃদ্ধ শ্রমিক তোফাজ্জল হোসেন (৬৫) চোখের পানি ফেলতে ফেলতে বলেন, ‘জালাল সর্দার পালিয়ে যাওয়ার পর দুই মাস ঘুমাতে পারিনি। বৃদ্ধ বয়সে পেটের দায়ে কাজ করতে এসে দুই মাস বন্দি জীবন কাটালাম। আমি বৃদ্ধ হলেও ওরা আমাকে মারধর থেকে রেহাই দেয়নি, সবার মতোই নির্যাতন করেছে।’শ্রমিকদের উদ্ধারের একমাস আগেই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ইটভাটা বন্ধ করে দিয়েছিল, আদায় করেছিল জরিমানা। এ সময় ভাটা থেকে কয়েকটি শেকলও উদ্ধার করা হয়েছিল। কিন্তু এর পরও ইটভাটাটি চালু ছিল। ১১ শ্রমিক উদ্ধারের পর এখনো পর্যন্ত প্রশাসন এই ইটভাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। মামলার আসামীরাও গ্রেফতার হয়নি এখনো। তবে পুলিশের দাবী, আসামীদের গ্রেফতারে কয়েকবার অভিযান চালানো হয়েছে। রবিবার সরেজমিন ইটভাটা পরিদর্শনকালে দেখা যায়, ইটভাটা জুড়ে কাঠের স্তুপ, পোড়ানো হচ্ছে ইট। তবে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ফ ম ফজলে রাব্বী বলেন, ‘ইটভাটা চালুর প্রশ্নই আসে না, আমি একমাস আগে ইটভাটা বন্ধের নোটিশ দিয়েছি। তবুও আমি আরেকবার খোঁজ নিয়ে দেখছি।’ অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা লংগদু থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাফায়াত উল্লাহ বলেন, ‘ইটভাটাটিতে নতুন করে ইট তৈরি হচ্ছে না। পুরোনো ইটগুলো পোড়ানো হচ্ছে। স্থানীয় শ্রমিক দিয়ে ইটভাটাটি চালু রাখা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’ উল্লেখ্য গত শনিবার (৫ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়ার এলবিএম ইটভাটা থেকে শেকলে বাধা অবস্থায় সাতক্ষীরা জেলার শ্যামনগরের ১১ জন শ্রমিককে উদ্ধার করেন। এ সময় ইটভাটার দারোয়ান মোঃ ইসমাইল হোসেনকে আটক করা হয়।