আলোচনা, আবৃত্তি, কথামালা আর গানের সুরে আবৃত্তি সংগঠন ক্বণন ৭ জুলাই বিকেলে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে উদ্যাপন করল তাদের ২৭ বছর পূর্তি অনুষ্ঠান। এবার অনুষ্ঠানে ক্বণনের ৬০ ও ৬১তম কর্মশালায় উত্তীর্ণ ৪৮ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোসতাক খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আল মুজাহিদী। বিশেষ অতিথি ছিলেন কবি ও নাট্যকার অভীক ওসমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘আবৃত্তি শিল্পীদের কণ্ঠে স্বকাল-সমকাল-স্বদেশ বাঙ্ময় হয়ে ওঠে। আমরা একটি মানবিক ভোরের স্বপ্ন দেখতে চেয়েছিলাম। আবৃত্তিশিল্পীরা আমাদের সে আশা পূরণ করতে পারে।’ তিনি আরও বলেন, শ্রুতি ও স্মৃতির সমন্বিত রূপই আবৃত্তি। অভীক ওসমান বলেন, ‘মানুষের সুন্দর অনুভূতি জাগ্রত করতে আবৃত্তিশিল্প কার্যকর ভূমিকা রাখছে।’ আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি আবৃত্তি কর্মশালায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করেন। দ্বিতীয় পর্বে আবৃত্তি করেন হিমাদ্রী রাহা, রুম্মান মাহমুদ, সৌভিক চৌধুরী, লুবাবা ফেরদৌসী সায়কা, শুক্লা ভট্টাচার্য ও তৃষা সেন। তাঁরা রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, বুদ্ধদেব বসু, সৈয়দ আলী আহসান, শামসুর রাহমান, আল মাহমুদ, শহীদ কাদরী, সুভাষ মুখোপাধ্যায়, ময়ুখ চৌধুরী, সুবোধ সরকার ও শ্রীজাতের কবিতা আবৃত্তি করেন। উপস্থাপনা করেন রাশেদুল ইসলাম, সাদেকুল্লাহ রিপন ও পান্না দত্ত।