কে জি মুস্তাফা। স্বনামধন্য সাংবাদিক। একটি সময়ের প্রতিফলন। কূটনীতিক হিসেবেও কাজ করেছেন। তবে, জীবন এবং পেশার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল রাজনীতি। সম্প্রতি চলে গেলেন পৃথিবী ছেড়ে। কেমন ছিলেন মানুষটি? জানা গেল উত্তরসূরী সাংবাদিক-পুত্র সাবির মুস্তাফার কাছ থেকে।
‘আব্বার জীবন আমার প্রেরণা’
ছেলের কাছে বাবার কথা শুনি।বাবা খোন্দকার গোলাম মুস্তাফা, কে জি মুস্তাফা নামেই যাঁর পরিচিতি, মারা গেছেন। কয়েক বছর ধরেই তিনি ছিলেন অসুস্থ। ফলে শেষ খবরটির জন্য নিজেকে প্রস্তুত রেখেছিলেন সাবির মুস্তাফা। কিন্তু যখন সংবাদটি শুনলেন, তখন কেমন এক অদ্ভুত শূন্যতা এসে গ্রাস করল তাঁকে। বুঝলেন, এটাই সমাপ্তি। অসুস্থ হলেও সামনে তো ছিলেন মানুষটি। এখন যে সমাপ্তি এল, তাতে বুঝলেন, আর কোনো দিন মানুষটিকে দেখতে পাবেন না তিনি। আর কে জি মুস্তাফার সামনে আসা হবে না।‘সমাপ্তি’ শব্দটি বলার সময় কি একটু দীর্ঘশ্বাসও বেরিয়ে এল সাবির মুস্তাফার কণ্ঠ থেকে? বিবিসির বাংলা বিভাগের প্রধান সাবির মুস্তাফা তখন শুধু কে জি মুস্তাফার সন্তান। আর সব পরিচয় মিলিয়ে গেছে।কেমন বাবা ছিলেন কে জি মুস্তাফা? কীভাবে তাঁকে পেয়েছেন তিন ছেলে? সাবির বলেন, ‘একটা জিনিস ভাবি, আর পাঁচটা পরিবারের ছেলেমেয়েরা বাবার উপস্থিতি যেভাবে টের পায়, আমরা সেভাবে পাইনি। না পাওয়ার কারণ, পেশার প্রতি তাঁর ছিল নিষ্ঠা। সাংবাদিক সহকর্মীদের অধিকার প্রতিষ্ঠার জন্য সাংবাদিক ইউনিয়নের জন্য কাজ করতেন। তার একটি রাজনৈতিক পরিচয় ছিল। যদিও দলটি সে সময় নিষিদ্ধ ছিল; তবু এসব কারণে পরিবারে যতটা সময় দেওয়ার কথা, ততটা তিনি দিতে পারেননি। এ নিয়ে অবশ্য আমাদের তিন ভাইয়ের কোনো আক্ষেপ নেই। আমরা জানি যে এখান থেকে আমাদের শিক্ষণীয় কিছু ছিল। তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন সাংবাদিকতা পেশা, সহকর্মী ও কিছুটা রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য। আমরা ছোটবেলা থেকেই জানতাম যে বাবা আন্ডারগ্রাউন্ডে (আত্মগোপনে) আছেন। “আন্ডারগ্রাউন্ড” মানে কী, সেটা কিন্তু আমরা বুঝতাম না। শুধু জানতাম যে তিনি বাসায় নেই।’সাংবাদিক ইউনিয়নের এই সুযোগ্য নেতা ছিলেন দরাজদিল মানুষ। ঋজু কণ্ঠে কথা বলতেন। একাত্তর সালে কাজ করতেন ইংরেজি দৈনিক পাকিস্তান অবজারভার-এ। সে বছর খুব কম দেখা হয়েছে বাবা-ছেলের। ‘১৯৭১ সালে দীর্ঘ সময় তিনি বাড়িতে ছিলেন না। একাত্তরের কথা বেশি মনে আছে এই জন্য যে তখন আমার বয়স বারো। মনে হয় মে বা জুন মাসে তিনি অবজারভার থেকে পদত্যাগ করেন। এক রাতে পাকিস্তানি সেনারা আমাদের বাড়ি আসে তাঁকে খুঁজতে। অফিস থেকেই তিনি খবর পেয়েছিলেন, ফলে পালিয়ে যেতে সক্ষম হন। তারপর তাঁর সঙ্গে অক্টোবর মাসে দেখা হয় একবার। এরপর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের পর দেখা। তবে ১৭ ডিসেম্বর থেকেই আমরা পুরো পরিবার আত্মগোপনে চলে যাই। তখন আলবদরদের হত্যাযজ্ঞের তথ্য সামনে চলে আসতে থাকে। কে কে নিখোঁজ হয়েছেন, কাকে কাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তা নিয়ে আতঙ্ক ছিল। তাদের যে তালিকা ছিল, তাতে আব্বার নামও ছিল। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারা লুকিয়ে থাকতে পারে এবং হত্যাকাণ্ড ঘটিয়ে যেতে পারে—সেই আশঙ্কা ছিল। সে সময় এক মাসের জন্য শান্তিনগরে এক আত্মীয়ের বাসায় আমরা থাকি।’বাবার কোন দিকটির কথা বিশেষ করে বলবেন? ‘উদারতা ও সহনশীলতা।’—বলেন সাবির মুস্তাফা। ব্যাখ্যা করেন, ‘আগে আমি বুঝতাম না, এখন বুঝি, আব্বার মধ্যে যে উদারতা, সহনশীলতা ছিল, তা আসলে ওই সময়টিরই প্রতিফলন। ওই সময়ের মূল্যবোধের প্রতিফলন। শেখ মুজিব ও আওয়ামী লীগের নীতি ছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ স্বাধীন করার নীতি, সেটার প্রতি আব্বা প্রকাশ্যে সমর্থন জানালেন। বিষয়টি তাঁর দল কমিউনিস্ট পার্টি ভালো চোখে দেখেনি। তাদের চোখে আওয়ামী লীগ বুর্জোয়া দল, শোষকের দল, জনমানুষের দল নয়। আব্বার সঙ্গে শেখ মুজিবের ঘনিষ্ঠতা আগেই ছিল, আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ল। শেখ মুজিব অবশ্যই জানতেন, আব্বা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। কমিউনিস্ট পার্টির সঙ্গে আওয়ামী লীগের মতের অনেক অমিল আছে। তা সত্ত্বেও আব্বাকে তিনি সহযোগী হিসেবে গ্রহণ করতে পেরেছিলেন। এটা শেখ মুজিবেরও উদারতা ও সহনশীলতার একটা পরিচয়, যেটা সময়ের প্রতিফলন হতে পারে। সে রকম উদারতা, সহনশীলতা হয়তো আজকাল তেমন একটা দেখা যায় না। যদিও শেখ মুজিবের সঙ্গে আব্বা ঘনিষ্ঠ ছিলেন, তবু যখন জাসদ হলো, তখন জাসদের নেতা সিরাজুল আলম খান, আ স ম আবদুর রব আসতেন, আড্ডা দিতেন, গল্প করতেন। এতে আব্বার কোনো সমস্যা ছিল না। একজনের সঙ্গে আমার রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি তাঁকে প্রতিপক্ষ ভাবব। তাঁরা সবাই একটা লক্ষ্যেই কাজ করেছেন—বাংলাদেশকে একটি স্বাধীন ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তোলা। পার্থক্যটা হচ্ছে—কোন পথে সেটা যাবে। এখন বুঝতে পারি, আব্বা অন্য মতাদর্শের মানুষের সঙ্গে মিশতে পারতেন।’মুক্তিযুদ্ধের পর তো কে জি মুস্তাফা রাষ্ট্রদূত হয়ে লেবানন চলে গেলেন। সেই সময়টার কথা একটু বলবেন?‘তিনি যখন কূটনীতিক হলেন, লেবাননে রাষ্ট্রদূতের দায়িত্ব পেলেন, তখন প্রেসক্লাবে এক বিদায়ী সভা হয়। সেখানে তাঁর একজন ঘনিষ্ঠ সহযোগী আব্বার খুবই সমালোচনা করেছিলেন। বলেছিলেন, আব্বা তাঁর আদর্শ ভুলে গিয়ে একটি বুর্জোয়া পদ গ্রহণ করছেন। কিন্তু ওই সহযোগীর সঙ্গে বন্ধুত্ব, ঘনিষ্ঠতা এক বিন্দু ক্ষুণ্ন হয়নি। কূটনীতিক হিসেবে তিনি কেমন ছিলেন, সেটা বোঝার বয়স তখনো হয়নি আমার। পঁচাত্তরের ১৫ আগস্ট যখন শেখ মুজিবকে হত্যা করা হয়, তিনি খুবই মর্মাহত হয়েছিলেন। তবে তিনি মনে করতেন, খোন্দকার মোশতাক আহমেদ ও সামরিক বাহিনীর কিছু সদস্য যে কু-দেতা করেছেন, সেই অভ্যুত্থান টিকতে পারে না। ৩ নভেম্বর তিনি মনে করেছিলেন, সেটাই ঘটতে যাচ্ছে। কিন্তু সেটা তাঁর ভ্রান্ত ধারণা ছিল।’সামরিক সরকার রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কূটনীতিকদের দেশে ফিরে আসতে বলে। কে জি মুস্তাফা ফেরেননি।‘আব্বার মতো রাজনৈতিকভাবে যাঁদের কূটনীতিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, তাঁদের তখন দেশে ফিরে আসতে বলা হয়। আব্বা সামরিক শাসনের অধীনে দেশে ফিরতে অস্বীকার করেন। তিনি ইরাক সরকারের কাছে সে দেশে থেকে যাওয়ার অনুমতি চাইলেন। কূটনৈতিক পাসপোর্ট ফিরিয়ে দিলেন, দূতাবাস ছেড়ে দিলেন। বাথ পার্টির ইরাক সরকার শেখ মুজিব সরকারের প্রতি সহানুভূতিশীল ছিল। দুই দেশের মধ্যে কূটনৈতিক সংকটের ঝুঁকি থাকা সত্ত্বেও তারা আব্বাকে ইরাকে থাকার অনুমতি দিল। তারপর আব্বা ইরাকে ১০ বছর ছিলেন এবং দৈনিক বাগদাদ অবজারভার ও মাসিক ইরাক টুডে পত্রিকা দুটিতে সম্পাদকীয় উপদেষ্টা হিসেবে থাকলেন। ১৯৮৫ সালের দিকে তিনি দেশে ফিরে আসেন। আগে দেশে ফেরেননি কেন? একটা তো ছিল পুরো রাজনৈতিক কারণ। তাঁর দৃষ্টিতে, যে সরকার শেখ মুজিবের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না। আরেকটি নিশ্চয় আমাদের পড়ালেখার কথা চিন্তা করে। এ ছাড়া ইরানের সঙ্গে ইরাকের পাঁচ বছর ধরে যুদ্ধ চলছিল, ইরাকের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। বিদেশি যাঁরা, তাঁরা চলে যাচ্ছিলেন। আব্বাও চলে এলেন দেশে।’কে জি মুস্তাফা কখনোই তাঁর কোনো ছেলেকে পেশা বেছে নেওয়ার জন্য চাপ দেননি। সাবির মুস্তাফা সাংবাদিকতা পেশায় আসবেন—এ রকম কোনো বাঁধাধরা কথা ছিল না। ১৯৮৮ সালে যখন সাবির ফিরলেন ইংল্যান্ড থেকে, তখন যোগ দিলেন বাংলাদেশ টাইমস-এ। সেই পত্রিকার সম্পাদক ছিলেন শহীদুল হক। কে জি মুস্তাফা খুব খুশি হয়েছিলেন। সাবির কাজ করেছেন ডায়ালগ-এ, ডেইলি স্টার-এ। এস এম আলী, মাহফুজ আনামের সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছেন কিন্তু একটি ঘটনার পরিপ্রেক্ষিতে চাকরি ছেড়েছেন। ‘এস এম আলীর প্রতি আব্বার ছিল অগাধ শ্রদ্ধা। যে ঘটনাটি ঘটেছিল, তাতে আমি ছিলাম পরিস্থিতির শিকার। আব্বা আমাকে খুশি করার জন্য তাঁদের দোষারোপ করেননি, কারণ তাঁদের কোনো দোষ ছিল না। আমাকেও দোষারোপ করেননি। বলেছেন, যা হওয়ার তাই হয়েছে। বাস্তবতাকে মেনে নাও। ক্ষোভ-বিদ্বেষ নিয়ে এগোনো যায় না। এরপর ফিন্যান্সিয়াল এক্সপ্রেস হয়ে আবার ডেইলি স্টার-এ আসি। তার পর থেকে তো বিবিসি।’সাংবাদিকতা জীবনে তো সংসারে খুব কম সময় দিয়েছেন কে জি মুস্তাফা। সেটা কীভাবে নিয়েছিলেন আপনার মা সাবেরা খাতুন?‘১৯৮৫ সালের পর দেশে ফিরে আব্বা কিন্তু বাড়িতে সময় দিয়েছেন। আম্মা ছিলেন অভিনেত্রী, শিক্ষক; সুতরাং কাজের জায়গায় আম্মাও ছিলেন নিবেদিত। এ ছাড়া আম্মা আব্বাকে বুঝতেন। তাই সমস্যা হয়নি।’বাবা হিসেবে কেমন ছিলেন কে জি মুস্তাফা? ‘আমার কর্মজীবনের শুরু থেকে তাঁকে বেশি পেয়েছি, জীবনের শুরুতে ততটা পাইনি। তাঁর বলা কথা শিক্ষা হিসেবে গ্রহণ করেছি। আমার লেখা বের হলে বন্ধুদের বলতেন। এতে আমি লজ্জা পেতাম। তিনি আমার লেখার প্রশংসাও করতেন, সমালোচনাও করতেন। তিনি আমাদের নিয়ে গর্ব বোধ করতেন। তিনি বিবিসির অন্তঃপ্রাণ শ্রোতা ছিলেন। সন্ধ্যা আর রাতের খবর কখনো মিস করেননি। যে রেডিওতে তিনি বিবিসি শুনতেন, ঢাকায় এসে সেই রেডিওতেই আমি বিবিসি শুনছি এবার। আব্বার উদাহরণ আমার সামনে, তাতে আমি অনুপ্রেরণা পাই।’ঢাকায় এসে দম ফেলার অবকাশ ছিল না সাবির মুস্তাফার। গত বুধবার প্রেসক্লাবে বাবাকে নিয়ে এক স্মরণসভায় যোগ দিয়ে অল্প সময়ের জন্য এসেছিলেন প্রথম আলোয়। যাওয়ার আগে বললেন, ‘শুরুতে আমি শূন্যতার কথা বলছিলাম। কিন্তু শূন্যতা নিয়ে পড়ে থাকলে হয় না। তাঁর স্মৃতিই আমার শূন্যস্থান পূরণ করবে। তিনি চলে গেছেন, তাই দুঃখ নিয়ে বসে থাকতে হবে, তা তো নয়। তিনি যে জীবনটা যাপন করে গেছেন, তা থেকে কিছু শেখার চেষ্টা করব। আব্বার উদাহরণ আমার প্রেরণা। এটাই তাঁর সবচেয়ে বড় অবদান।’