'আম আদমি'র নতুন হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের আসনে জয়ের পর আম আদমি পার্টির সমর্থকেরা দলের প্রতীক ঝাড়ু নিয়ে মিছিল বের করেন। ছবি: এএফপি
দিল্লি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের আসনে জয়ের পর আম আদমি পার্টির সমর্থকেরা দলের প্রতীক ঝাড়ু নিয়ে মিছিল বের করেন। ছবি: এএফপি

‘অরবিন্দ কেজরিওয়াল কে? কারা এপিপি (আম আদমি পার্টি)? একে কি পার্টি বলা যায়? কংগ্রেস বা বিজেপির সঙ্গে আদৌ এর তুলনা চলে? এপিপি নিয়ে এত কথা হচ্ছে, কারণ দলটির নেতা ও দলটি নিজেদের ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করছে।’ কথাগুলো বলেছিলেন ১৫ বছর ধরে দিল্লির মুখ্যমন্ত্রীর মসনদে বসে থাকা শিলা দীক্ষিত। তা-ও আবার কেজরিওয়ালের কাছে বিপুল ভোটে হেরে গত ৮ ডিসেম্বরে ক্ষমতা ছাড়ার মাত্র চার দিন আগে।

মাত্র দুই বছর আগেও কেউ ভাবেনি, শিলার দুর্গে কেউ এমন মারণবাণ মারতে পারে। কিন্তু বয়সে ৩০ বছরের এবং রাজনীতিতে প্রায় ২৮ বছরের ছোট কেজরিওয়াল যে তাঁকে হারিয়ে ‘আম আদমি’র জয় বাগিয়ে নেবেন, তা কল্পনাও করেননি শিলা।

নির্বাচনে পরাজয় মেনে পদত্যাগ করার পর শিলা দীক্ষিতের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, নতুন নেতা অরবিন্দ কেজরিওয়ালের জন্য কোনো উপদেশ আছে কি না? শিলা জানান, কেজরিওয়ালকে দেওয়ার মতো কোনো উপদেশ নেই। তিনি বলেন, ‘তিনি (কেজরিওয়াল) আমার চেয়ে জ্ঞানী।’ জনগণের চাওয়া-পাওয়া বুঝতে ভুলই করাই কি ভরাডুবির কারণ, এমন প্রশ্নের উত্তরে শিলা বলেছেন, ‘হ্যাঁ... আমরা তো বেকুবই বটে।’

ঘুণে খাওয়া গণতন্ত্র
কার্যত কেজরিওয়ালের উত্থান ও কংগ্রেস-বিজেপির হোঁচট খাওয়া ভারতীয় রাজনীতিতে নতুন হাওয়ার স্পষ্ট আভাস ছাড়া আর কিছু নয়। বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ ভারতের গণতান্ত্রিক কাঠামোটা দুর্নীতি আর স্বেচ্ছাচারের কারণে কফিনে ঢুকতে বসেছিল। বলা হচ্ছে, কেজরিওয়াল কফিনে পেরেক ঠোকা ঠেকিয়েছেন। আম আদমি পার্টির উত্থান থেকে ভারতের বাকি দলগুলো যদি শিক্ষা নেয়, তবে কফিন থেকে বেরোতে পারে ভারতীয় গণতন্ত্র। কিন্তু ব্যর্থ হলে, সব বরবাদ হবে।
প্রকৌশলী থেকে কর কর্মকর্তা বনে যাওয়া অরবিন্দ কেজরিওয়াল চাকরি ছেড়ে দুর্নীতির বিরুদ্ধে প্রচার শুরু করেছিলেন অনেক আগেই। তথ্য অধিকার আইন বাস্তবায়নের দাবিতে লড়েছেন তিনি ও তাঁর সাথিরা। সফল হয়েছেন। পরে আন্না হাজারের সঙ্গে দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলেন।
কিন্তু জনগণের সঙ্গে থাকতে থাকতে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর বন্ধুরা বুঝতে পারেন, রাজনৈতিক সংগ্রাম ছাড়া দুর্নীতিবিরোধী লড়াইয়ে জয় প্রায় অসম্ভব।
আন্না গররাজি হলেও, রাজনৈতিক মঞ্চ দাঁড় করান কেজরিওয়াল। ২০১২ সালের ২৬ নভেম্বরে আম আদমি পার্টি গঠন করেন। শুরু করেন আন্দোলন-সংগ্রাম। একসময় আম আদমি পার্টির আন্দোলন-বিক্ষোভেই মূর্ত হয়ে ওঠে সাধারণ মানুষের ক্ষোভ-বিক্ষোভ-আক্ষেপ। ফলে বাড়তে থাকে জনসমর্থন।
কেজরিওয়াল প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেওয়ায় সবচেয়ে খুশি হয়েছিল কংগ্রেস, বিজেপি ও অন্য দলগুলো। তারা ভেবেছিল আপদ বিদায় হয়েছে। কিন্তু গণতন্ত্রের মৌলিক উপাদান বা কোনো আদর্শের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ না থাকা এসব দলের রাজনীতিকেরা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি, ‘আম আদমি’ এভাবে তাদের নাকে ঝামা ঘসে দেবে।

জনবিক্ষোভ
দিল্লির বিধানসভার নির্বাচনে ৭০ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৩২টি, এপিপি ২৮টি, কংগ্রেস আটটি এবং বাকি দুটি স্বতন্ত্র। আম আদমি যে আসনগুলোয় জিতেছে, তার অর্ধেক আসনে গতবার বিজেপি জিতেছিল। নির্বাচনে কোনো দলই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি। মসনদে বসার জন্য মোট আসনের অন্তত অর্ধেক অর্থাৎ ৩৫টিতে জয়ের প্রয়োজন। এ ক্ষেত্রে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠনের সুযোগ রয়েছে এপিপি ও বিজেপির। হয়তো বড় প্রতিদ্বন্দ্বী বিজেপিকে সমর্থন দেবে না কংগ্রেস। কিন্তু এপিপি ঘোষণা করেছে, তারা দুর্নীতিবাজ কোনো দলকে যেমন সমর্থন করবে না, তেমনি সমর্থন নেবেও না। এতে মনে হচ্ছে, দিল্লির সরকার গঠনের বিষয়টি আপাতত ঝুলেই থাকবে বা রাষ্ট্রপতির শাসনে থাকবে ২০১৪ সালের লোকসভার নির্বাচন পর্যন্ত। এর বিকল্প হতে পারে কংগ্রেস-বিজেপির জোট সরকার।
কেজরিওয়াল ইতিমধ্যেই গণমাধ্যমকে দলটির সিদ্ধান্ত জানিয়েছেন। একই সঙ্গে পাল্টা প্রশ্নও ছুড়ে দিয়েছেন, ‘বিজেপি ও কংগ্রেসের নেতারা ঠিকই একে অন্যের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেন। এখন কেন তাঁরা মিলেমিশে একটি সরকার গঠন করতে পারছেন না?’
কেজরিওয়াল জানেন, তাঁর জয়ের পেছনে কাজ করেছে জনবিক্ষোভ। তিনি বলেছেন, ‘জনগণ আমাকে ভোট দিয়েছে, কারণ তারা ক্ষুব্ধ।’
আম আদমি পার্টির উত্থান থেকে এটা পরিষ্কার যে ভারতের জনগণ ক্রমেই সম্প্রদায়, বর্ণ, জাতি, শ্রেণী এবং পারিবারিক রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ছে। তারা চাইছে, এমন একটি দল সরকার গঠন করুক, যা সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, দেশের মানুষকে নিয়ে ভাববে।
কেজরিওয়াল ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ৬০ থেকে ৭০টি আসনে প্রার্থী দিতে চান। ভারতের শহুরে মধ্যবিত্ত ও তরুণদের ভাবাবেগকে কাজে লাগাতে পারলে ‘আম আদমি’ কোথায় যেতে পারে, তার প্রমাণ দিল্লি। সে ক্ষেত্রে অবশ্যই কংগ্রেস ও বিজেপির মতো দলগুলো প্রশ্নের মুখে পড়বে। আবার উল্টোটাও সত্য। ‘আম আদমি’র মধ্যে যে বিপুল প্রত্যাশার জন্ম দিয়েছেন কেজরিওয়াল ও তাঁর সাথিরা, তা লালন ও বাস্তবায়ন না পারলে একদিন তাঁদের ইতিহাসের পাতায় চলে যেতে হবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি