'আম-ছালা' দুটোই গেল আনসারুল করিমের
‘আম-ছালা’ দুটোই গেল কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও পরিবেশ বিজ্ঞানী আনসারুল করিমের। এ আসনে তিনি গতবার আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। এবার দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ৫ ডিসেম্বর তাঁর মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। অভিযোগ রয়েছে, মনোনয়নপত্রের সঙ্গে তিনি সমর্থক ভোটারদের যে তালিকা জমা দিয়েছিলেন তা ভুয়া। এ নিয়ে তিনি মহাবিপাকে পড়েছেন।
প্রতিক্রিয়া জানিয়ে মহেশখালী উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, ২০০৮ সালে আনসারুল করিম এ আসনে মহাজোটের প্রার্থী ছিলেন। কিন্তু নৌকার গণজোয়ারের সময়ও তিনি জিততে পারেননি। এবার শেখ হাসিনা নতুন মুখ আশেকুল্লাহ রফিককে মনোনয়ন দিলে আনসারুল নাখোশ হন। পরে তিনি দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু মনোনয়নপত্রের সঙ্গে সমর্থক হিসেবে ভুয়া ভোটারের তালিকা দেওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
কুতুবদিয়া উপজেলা আ. লীগের সভাপতি সৈয়দ আহমদ কুতুবী বলেন, ‘মনোনয়ন বাতিল হওয়ায় আনসারুল করিম নির্বাচনে অংশ নিতে পারছেন না। অন্যদিকে দলীয় প্রধানের সিদ্ধান্ত অমান্য করায় তাঁকে দল থেকেও বহিষ্কার করা হতে পারে। এতে তাঁর ‘আম- ছালা’ দুটোই যাওয়ার অবস্থা হয়েছে। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও আনসারুল করিমের বক্তব্য পাওয়া যায়নি।