'আমরা আনিব রাঙা প্রভাত'

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের একপাশে যে রাস্তাটা ভেতরের দিকে চলে গেছে, সে রাস্তার দুই দিকে বিশ্ববিদ্যালয়ের নাম লেখা সাইনবোর্ড দুটি না থাকলেও এমন কোনো ক্ষতি ছিল না। শিক্ষার্থীদের পরিবহনের জন্য ধূমকেতু, প্রভাতি, প্রলয় শিখা, বাঁধনহারা...নামে যেই বাসগুলো আছে, যাওয়া-আসার পথে সেগুলোই আপনাকে পথ দেখাবে। পথ ধরে সোজা এগোলে পাবেন ‘চির উন্নত মম শির’ লেখা স্মৃতিস্তম্ভ। এখানে ক্যাফেটেরিয়ার নাম ‘চক্রবাক’। মেডিকেল সেন্টারের নাম ‘ব্যথার দান’। ছেলেদের হল ‘অগ্নি-বীণা’, আর মেয়েদের ‘দোলনচাঁপা’। আছে ‘গাহি সাম্যের গান’ মঞ্চ। তাতেও যদি চিনতে অসুবিধে হয়, ‘ঝরনার মতো চঞ্চল’ একদল তরুণের সঙ্গে দেখা হলেই বুঝবেন, আপনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেছেন।
ময়মনসিংহের ত্রিশালে ২০০৬ সালে স্থাপিত হয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। এখন শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ হাজার ৩০০। কলা, বিজ্ঞান ও প্রকৌশল, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ২৩টি বিভাগে পড়ার সুযোগ আছে। আর আছে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ। গত ১৮ সেপ্টেম্বর নজরুলময় এই প্রাঙ্গণ ঘুরে দেখতে গিয়ে কীভাবে মার্কিন ঔপন্যাসিক টনি মরিসন কিংবা বাঙালি বাউল হাসন রাজাকেও খুঁজে পেলাম, সে গল্পটাই বলি শুনুন।
‘ভালোবাসো মোর গান’
‘আপনাদের সঙ্গে একটু কথা বলতে পারি?’ প্রশ্ন শুনে সংগীত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের দলটা নড়েচড়ে বসল। তাঁদের ক্লাস শুরু হতে তখন ১০ মিনিট বাকি। ১০ মিনিটের একটা ঝটপট আড্ডাই নাহয় হোক।
ক্লাসরুমে উপস্থিত শিক্ষার্থীরা বড় মুখ করে জানালেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সুনাম ক্যাম্পাসের সীমানার বাইরে পৌঁছে দিতে সংগীত বিভাগের বড় অবদান আছে। আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় গত ২ বছর এই বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। দেশ-বিদেশে গানের মূর্ছনা পৌঁছে দিচ্ছেন সংগীত বিভাগের শিক্ষার্থীরা। ক্লাসরুমের পেছনের দিকে বসা এক ছাত্রীর মুখটা চেনা চেনা মনে হচ্ছিল। তিনি যখন দাঁড়িয়ে বললেন, ‘আমি সানসিল্ক ডিভাস নামে একটা গানের প্রতিযোগিতায় সেরা দশে ছিলাম।’ চট করে মনে পড়ল, মেয়েটির নাম আনিকা।

আনিকাদের কাছে একটা গান শোনার খুব আগ্রহ হচ্ছিল। সে কথা বলতেই দু-তিনজন ক্লাস থেকে বেরিয়ে গেলেন এবং শিগগিরই ফিরে এলেন আরও পাঁচ-ছয়জনকে নিয়ে। বুঝলাম, পুরো দল মিলেই গান শোনাতে চান। একজন হারমোনিয়ামের দায়িত্ব নিলেন। বেঞ্চগুলো কিছুক্ষণের জন্য তবলার ‘মর্যাদা’ পেল। সবাই গলা খুলে গাইলেন, ‘মরণ কথা স্মরণ হইল নারে, হাসন রাজা তোর...’।
শিক্ষার্থীদের গানের প্রতি মুগ্ধতার কথা প্রকাশ করছিলাম এক শিক্ষকের কাছে। শুনে সংগীত বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ ব্যাপারী হাসলেন। বললেন, ‘অন্য কোনো বিষয়ে ভর্তির সুযোগ না পেয়ে এই ছেলেমেয়েরা সংগীত বিভাগে ভর্তি হয়েছে, ব্যাপারটা কিন্তু তা নয়। গান ভালোবাসে বলেই ওরা গান নিয়ে পড়তে এসেছে।’ দেবাশীষ জানালেন, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গিয়ে জাককানইবির সংগীত বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তাঁর দেখা হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বাইরে উচ্চশিক্ষা নিচ্ছেন, দেখে মন ভরে গেছে এই শিক্ষকের।
‘দেখব এবার জগৎটাকে’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলছিলেন, এই বিশ্ববিদ্যালয়ের বড় শক্তিই হলো তরুণ শিক্ষক। ক্যাম্পাস ঘুরে তাঁর কথার প্রমাণ পাওয়া গেল। মনেপ্রাণে তারুণ্য আছে বলেই শিক্ষকেরা নতুন কিছু করতে চান। এক শিক্ষকের সঙ্গে দেখা হলো, তিনি পুরো ক্লাস নিয়ে চলে গেছেন চায়ের দোকানে। গুরুকে ঘিরে বসে কথা বলছিলেন শিষ্যরা।
ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে চালু করেছেন ইংক নামের একটি সংগঠন। এই সংগঠনে মূলত সাহিত্যের চর্চা হয়। ক্যাম্পাসে ঝোলানো ব্যানার দেখে জানলাম, মার্কিন ঔপন্যাসিক টনি মরিসনকে উৎসর্গ করে একটি কবিতা ও গল্প লেখার কর্মশালা আয়োজন করছে ইংক। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মুক্তাদির বলছিলেন, ‘ইংরেজি বিভাগের ক্লাব হলেও আমরা অন্য সব বিভাগের শিক্ষার্থীদের আমাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে চাই। যেমন একবার আমরা বব ডিলানের গান নিয়ে “লিরিকস বেয়ন্ড লিটারেচার” নামে একটা অনুষ্ঠান করলাম। সেখানে সংগীত বিভাগের শিক্ষার্থীরা গান শুনিয়েছে। অনেক সময় চারুকলার শিক্ষার্থীরা আমাদের মঞ্চ সাজিয়েছে। আবার আমরা শিক্ষার্থীদের ছোট গল্প লিখতে বলেছি। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এই গল্প থেকে ছবি বানাবে।’
চারুকলার ছাত্রছাত্রীদের আঁকা ছবিতেও আপনি ক্যাম্পাসের অনেক গল্প পাবেন। বড় বড় ফ্রেম বগলদাবা করে তাঁরা যখন দল বেঁধে হেঁটে যাচ্ছিলেন, কোনো রাজনৈতিক দলের ‘শোডাউন’ ভেবে ভুল হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে মনে হলো, এই ক্যাম্পাসে তাঁদের বেশ প্রভাব আছে। পুরো বিশ্ববিদ্যালয়ে সবুজের ছড়াছড়ি। বিশাল মাঠ আছে। শাপলাভাসা পুকুর আছে। পুরো ক্যাম্পাসই তো চারুকলার ছাত্রছাত্রীদের ‘ছবি আঁকার স্টুডিও’!
‘আকাশের মতো বাধাহীন’
শুধু গান, ছবি, নাটকের আধিপত্যবলে ব্যবসায় প্রশাসন, সামাজিক বিজ্ঞান বা বিজ্ঞান ও প্রকৌশলের শিক্ষার্থীরা এখানে গুরুত্ব কম পান—এমনটা ভাবলে ভুল হবে। হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ছাত্র দিদার আহমেদ তো জোর গলায় বললেন, ‘আমার কাছে মনে হয়, এখানে আমার বিভাগের পড়ালেখাই সবচেয়ে ভালো হয়। শিক্ষকেরা সাহায্য করেন। কোনো সেশনজট নেই।’ দিদারের স্নাতকোত্তর প্রায় শেষ পর্যায়ে। জানালেন, পড়ালেখা শেষে তাঁর উদ্যোক্তা হওয়ার ইচ্ছা।
বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে দেখা হলো লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তিন শিক্ষার্থীর সঙ্গে—গোলজার আহমেদ, মো. মাহমুদুর রহমান ও ওয়াহিদা খাতুন। তিনজনই চতুর্থ বর্ষে পড়ছেন। জানালেন, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে তাঁরা ক্লাস শুরু করেছিলেন। আগামী বছরের ফেব্রুয়ারিতেই তাঁদের স্নাতক শেষ হচ্ছে। গোলজার ও মাহমুদুর ময়মনসিংহ থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে ক্যাম্পাসে আসেন। আর ওয়াহিদা ক্যাম্পাসের কাছেই মেসে থাকেন।
ছেলেদের জন্য একটি আর মেয়েদের জন্য একটি হল আছে। আসনসংখ্যা কম বলে অনেক শিক্ষার্থীকেই ওয়াহিদার মতো আশপাশের মেসে থাকতে হয়। তবে ছাত্র ও ছাত্রীদের জন্য ১০ তলা দুটি হল নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন আছে আরও বেশ কয়েকটি স্থাপনা। অপেক্ষায় দিন গুনছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ভর্তি ও শিক্ষক নিয়োগে কোনো ছাড় নেই
এ এইচ এম মোস্তাফিজুর রহমান
উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় শক্তি হলো তরুণ শিক্ষক আর মেধাবী শিক্ষার্থী। অসদুপায় অবলম্বন করে এখানে ভর্তির কোনো সুযোগ নেই। ভালো ও নিষ্ঠাবান শিক্ষক যেহেতু আছেন, শিক্ষার্থীরা যেহেতু ক্যারিয়ার গড়ার প্রতি আগ্রহী, তাই আমি আশাবাদী যে পৃথিবীতে না হোক, বাংলাদেশের প্রথম সারির কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় চলে আসবে। যদিও আমাদের পরিসর এখনো ছোট। এখনো অনেক কাজ বাকি। আমি দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকজন শিক্ষককে নিয়োগ দিয়েছি, নতুন চারটি বিভাগ খুলেছি। এখানে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও খুবই স্বচ্ছ। লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাদের এখানে কোনো ছাড় নেই। প্রতিবছর প্রায় ১০০ জন শিক্ষককে আমরা গবেষণার জন্য তহবিল দিই। ভারতের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের সমঝোতা চুক্তি আছে। সেখান থেকে শিক্ষার্থী ও গবেষকেরা আমাদের এখানে আসতে পারেন, আমাদের শিক্ষার্থী ও শিক্ষকেরা সেখানে যেতে পারেন। আমি বিশ্বাস করি, নজরুল গবেষণার ক্ষেত্রে সারা বিশ্বে এই বিশ্ববিদ্যালয় একটা বড় অবদান রাখবে।