‘আমরা আর ঠুঁটো জগন্নাথ হয়ে থাকব না’
‘পুরুষ সদস্যরা টিটকারি-মশকরা করে। কাজ করতে চাইলে বলে, ম্যানুয়েলে কোথাও তোমাদের কাজ দেওয়ার কথা লেখা নেই। কিন্তু আমরা আর ঠুঁটো জগন্নাথ হয়ে থাকব না।’সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সদস্যদের শপথ গ্রহণ শেষে প্রতিক্রিয়া জানতে চাইলে ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্য কহিনুর বেগম। ১৯ জুলাই উপজেলা পরিষদের (ইউপি) সম্মেলনকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। শুধু কহিনুর বেগম নন, সংরক্ষিত আসনের প্রায় সব নারী সদস্য তাঁদের সঙ্গে পুরুষ সদস্যদের কম-বেশি বৈষম্যমূলক আচরণের কথা বলেছেন। তাঁরা জানান, নারী সদস্যদের অধিকাংশই আদৌ জানেন না তাঁদের দায়িত্ব কী! কারণ এ-সংক্রান্ত কোনো নির্দেশ বা প্রজ্ঞাপন তাঁদের হাতে পৌঁছায় না। গত ৭ জুন ইউপি নির্বাচনে সীতাকুণ্ডের নয়টি ইউনিয়নে ২৭ জন নারী সংরক্ষিত আসনে সদস্য নির্বাচিত হন। তাঁদের মধ্যে ১৯ জনের এর আগে সদস্য হওয়ার অভিজ্ঞতা রয়েছে। তাঁদের মধ্যে রহিমা আক্তার, জাহানারা বেগম, খালেদা বেগম, আনোয়ারা বেগম ও দেলোয়ারা বেগম জানান, গত সাত বছরে কোনো অর্থ বরাদ্দ না পাওয়ায় নিজ এলাকার উন্নয়নে কোনো অবদানই রাখতে পারেননি তাঁরা। শুধু নাগরিক সনদ দেওয়ার ক্ষমতা নিয়েই এ দীর্ঘ সময় পার করেছেন তাঁরা। এ ক্ষমতাও আন্দোলন করে আদায় করে নিতে হয়েছে। এ ছাড়া, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভা-সমাবেশে অতিথি হিসেবে অংশ নিয়ে সময় কাটিয়েছেন তাঁরা।নারী সদস্যরা বলেন, ‘গণসংযোগ করতে গেলে এলাকার ভোটাররা জানতে চান, “আপনাদের সদস্য বানিয়ে লাভ কী?” নিজেদের কাছেও প্রশ্ন জেগেছে, আমরা নির্বাচিত হয়েছি কি শুধু নাগরিক সনদ দেওয়া ও সভা-সমাবেশে অতিথি হওয়ার জন্য? আমরা কি শো-পিস? তার পরও ভাগ্য ভালো, জনগণ আমাদের পুনরায় নির্বাচিত করেছেন।’ বাড়বকুণ্ড ইউপির নতুন নির্বাচিত নারী সদস্য স্মৃতিলতা ভারতী বলেন, ‘আমরা সাধারণ আসনের সদস্যদের চেয়ে তিন গুণ বেশি ভোট পেয়েছি। আমাদেরই ক্ষমতা বেশি হওয়া উচিত। চেয়ারম্যানরা আমাদের শো-পিস বানিয়ে রাখতে চেষ্টা করলে এবার প্রতিবাদ করব।’ নারী সদস্যদের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন জাহাঙ্গীর ও বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন জানান, ‘সাধারণ সদস্যদের মতো উন্নয়নকাজে বরাদ্দ পাওয়ার জন্য তাঁরা (নারী সদস্যরা) যে ধরনের ক্ষমতা পাওয়ার আশা করছেন, তা দিতে আমাদের সদিচ্ছার অভাব নেই। কিন্তু এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা ছিল না।’বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত জাহাঙ্গীর ও মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘নারী সদস্যদের এ অভিযোগ ভবিষ্যতে থাকবে না। এলাকার উন্নয়নে তাঁদের সমানভাবে সম্পৃক্ত করা হবে।’ এ বিষয়ে সীতাকুণ্ড মহিলা পরিষদের সভানেত্রী ও নারীনেত্রী সুরাইয়া বাকের বলেন, ‘ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ডে নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা দরকার।’ নারী-পুরুষ সদস্যদের মধ্যে বৈষম্যমূলক আচরণ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন পরিষদের অধ্যাদেশ বা বিভিন্ন প্রজ্ঞাপনে কোনো বৈষম্য করা হয়নি। বরং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সভাপতি পদসহ নারী সদস্যদের জন্য কিছু বিশেষ ক্ষমতা ও দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। তবে অজ্ঞতা কিংবা সচেতনতার অভাবে চেয়ারম্যানরা দায়িত্ব বণ্টনে ভুল করে থাকেন।’