‘আমরা একটি বিদ্যালয় চাই’
‘আমরা একটি বিদ্যালয় চাই। আমরা লেখাপড়া করতে চাই। কিন্তু আমাদের কথা কেউ শোনে না।’ পড়াশোনা করার জন্য এভাবেই আকুতি জানাল মিরসরাইয়ের সাহেরখালী জেলেপাড়ার শিশুরা। স্থানীয় বাবুল জলদাস জানান, পাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার মতো পাঁচ-সাত বছরের ছেলেমেয়ে আছে প্রায় ১২০ জন। আড়াই-তিন কিলোমিটার দূরের বিদ্যালয়ে যায় মাত্র ২০ জন। কাছাকাছি কোনো বিদ্যালয় না থাকায় শিক্ষালাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শতাধিক শিশু।সরেজমিনে দেখা যায়, বাবুল জলদাসের বাড়ির আঙিনায় পাঁচ-সাত বছরের ৫০-৫৫জন ছেলেমেয়ে খোলা আকাশের নিচে বসে পড়ালেখা করছে। শিক্ষকের দায়িত্ব পালন করে পশ্চিম মায়ানী সফিউল আলম আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র কৃষ্ণ জলদাস। কৃষ্ণ জলদাস জানায়, ‘জেলেপাড়ায় ৭৩টি পরিবার বাস করে। প্রায় প্রতিটি পরিবারেই অভাব-অনটন নিত্যসঙ্গী। সাগর থেকে মাছ ধরে বাজারে বিক্রি করলে তাঁদের খাবার জোটে, নয়তো অনাহারে থাকতে হয়। অভাবের কারণে অভিভাবকেরা সন্তানদের বিদ্যালয়ে পাঠান না, কাজে লাগিয়ে দেন। আমি চাই শিশুরা পড়াশোনা করুক। নইলে আমাদের জীবনে আলো আসবে না। তাই নিজেই বিনা পারিশ্রমিকে তাঁদের পড়াই।’ প্রতিদিন সকালে দুই ঘণ্টা করে ৫০-৫৫ জন ছেলেমেয়েকে পড়ান কৃষ্ণ জলদাস। ঘরে ঘরে গিয়ে শিশুদের বিদ্যালয়ে পাঠাতে অভিভাবকদের সচেতন করেন। তার মতে, একটি বিদ্যালয় থাকলে শিক্ষার প্রতি অভিভাবকদের সচেতনতা বাড়ত, শিশুরা স্কুলে যেত। স্থানীয় লোকজন জানান, ‘কৃষ্ণ জলদাস পড়ালেখার পাশাপাশি প্রতি শুক্রবার শিশুদের গান শেখায়। বর্ষার আগে ঘরের ব্যবস্থা না হলে পাঠদান বন্ধ হয়ে যাবে।’জেলেপাড়ার সর্দার সুরেশ জলদাস জানান, ২০০৪ সালে বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে গ্রামে একটি বিদ্যালয় চালু করা হয়। শিক্ষা পদ্ধতি ছিল একমুখী। ২০০৪ সালে পাড়ার ৩০ ছেলেমেয়েকে প্রথম শ্রেণীতে ভর্তি করা হয়। পরে আর কেউ ভর্তির সুযোগ পায়নি। ওই ৩০ জনই এখন মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করছে। ব্র্যাক বিদ্যালয় চালু হলে পাড়ার ছেলেমেয়েরা বিদ্যালয়মুখী হয়। কিন্তু পাঁচ মাস আগে ব্র্যাক কর্তৃপক্ষ বিদ্যালয়টি বন্ধ করে দিয়েছে। সনাতন জলদাস ও গৌর কিশোর জলদাস জানান, জেলেপাড়ার চারদিকে দেড়-দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় নেই। দেড় কিলোমিটার পশ্চিমে রয়েছে ১৩ নন্বর মায়ানী ইউনিয়নের আনন্দেরহাট আবদুল মজিদ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়। দুই কিলোমিটার পূর্বে রয়েছে সাহেরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০ এপ্রিল জেলেপাড়ায় বেসরকারি সংস্থা কোডেক আয়োজিত ‘জেলে নারী ও শিশু অধিকার সুরক্ষা’ বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত শিশুরা একই দাবি জানায়। পদ্মারানী, শ্যামল জলদাস, যমুনা রানি, পলাশ জলদাস, মুন্নি রানি ও কৃষ্ণধন জলদাস জানায়, ‘লেখাপড়া না করলে মাছ ধরতে হবে। আমরা পড়তে চাই। বড় হয়ে চাকরি করব।’ জানা যায়, জেলেরা নিজেদের পাড়ার বাইরে সন্তানদের পাঠাতে ভয় পান। কারণ প্রত্যন্ত এ পাড়ার পরিবেশ ভালো নয়। সাহেরখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুল আমিন জানান, ‘জেলেপাড়ার লোকজন শুধু শিক্ষা নয় স্যানিটেশনের দিক দিয়েও অনেক পিছিয়ে রয়েছে। একটি বিদ্যালয়ের অভাবে জেলেপাড়াসহ আশপাশের এলাকার শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুন উর রশীদ প্রথম আলোকে জানান, ‘জেলেপাড়ার তিন কিলোমিটারের মধ্যে একাধিক বিদ্যালয় রয়েছে। সে কারণে সেখানে নতুন বিদ্যালয় স্থাপন করার প্রস্তাব দেওয়া যাচ্ছে না। তবে সংসদ সদস্য বিশেষব্যবস্থায় ওই পাড়ায় একটি বিদ্যালয় স্থাপন করে দিতে পারেন।’ অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাড়ার সব শিশুকে বিদ্যালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।