'আমরা ছিলাম দেশলাই, ওরা লাকড়ি'

‘ব্লকেড তথ্যচিত্রে আপনাকে যেমন দেখেছি, আপনি কিন্তু এখন তার চেয়ে অনেকটা বদলে গেছেন।’ ৬ ডিসেম্বর ড. সুলতানা আলমের ধানমন্ডির বাসায় বসে আলাপের শুরুতেই কথাটা বলতে হলো। শুনে হাসলেন। বললেন, ‘সাক্ষাৎকার দিয়েছিলাম প্রায় আট বছর আগে। এখন তো আরও বয়স হয়েছে, চুল কেটে ফেলেছি...।’
১৯৭১ সাল। সুলতানা আলম তখন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়ে পিএইচডি করছেন। ফেব্রুয়ারি মাসে তিনি মা হয়েছেন, মার্চে শুরু হলো যুদ্ধ। ভিনদেশে বসে মা-বাবা-ছোট ভাই-স্বজন আর দেশের মানুষের জন্য ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল সুলতানার। এক হাতে বাচ্চাকে কোলে রেখে অন্য হাতে অনবরত ফোন করে গেছেন। যোগাযোগ করেছেন বিদেশি বন্ধু, সহকর্মীদের সঙ্গে। অংশ নিয়েছেন এক অহিংস বিপ্লবে। ব্লকেড তথ্যচিত্রে তিনি বলেছেন সেই সময়ের দিনগুলোর কথা।
ছবিটা কেমন লাগল? সুলতানা আলম বললেন, ‘খুব ভালো। এর আগে দু-একজন সাক্ষাৎকার নিয়েছেন। শেষ পর্যন্ত কিছু হয়নি। কিন্তু এই ছেলেরা খুব যত্ন নিয়ে কাজটা শেষ করেছে। ব্যক্তিগতভাবে ওদের তো এই ছবি বানিয়ে কোনো লাভ নেই। ওরা দেশের বাইরে পড়ালেখা করেছে। দেশকে কিছু ফেরত দেওয়ার ইচ্ছা থেকে এই দায়িত্ব নিয়েছে।’
সুলতানা আলম ২০০২ সাল থেকে বাংলাদেশেই আছেন। ৯৪ বছর বয়সী বৃদ্ধা মায়ের সেবা করছেন। আইন ও সালিশ কেন্দ্রের সঙ্গে টুকটাক কাজেও জড়িত আছেন। কথার ফাঁকে বারবার বলছিলেন, ‘বলার মতো তেমন কিছুই আসলে করিনি।’ ‘ব্লকেড-বিপ্লবের’ পুরো কৃতিত্বটাই তিনি বরং দিতে চান তাঁর বিদেশি বন্ধুদের। তাঁর ভাষায়, ‘আমরা ছিলাম দেশলাই, ওরা লাকড়ি।’