মুক্তিযুদ্ধের সময় লেখা চিঠি পাঠ, আবৃত্তি, সংবর্ধনা, দেশের গান ও কথামালার মধ্য দিয়ে শেষ হয় ত্রিতরঙ্গ আবৃত্তি দলের অনুষ্ঠান ‘আমরা তোমাদের ভুলব না’।
গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শুরু হয় সমবেত কণ্ঠের জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এরপর মঞ্চ মাতায় শিশুদের বৃন্দ পরিবেশনা ‘হৃদয়ে একাত্তর’। অংশ নেয় প্রবীর দাশ, দীঘি বড়ুয়া, অর্ক দেব ও সায়রা শানাফা।
বৃন্দ পরিবেশনা শেষে শুরু হয় কথামালা। এতে অতিথি ছিলেন সাজিদ হোসেন ও ফারহা সুলতানা শহীদ। সংবর্ধনা দেওয়া হয় মুক্তিযোদ্ধা বদিউল আলমকে। এরপর আবার বৃন্দ পরিবেশনা ‘হে মহামানব একবার এসো ফিরে’। অংশ নেন ত্রিতরঙ্গের সদস্যরা। একক আবৃত্তিতে অংশ নেন সুপ্রিয়া চৌধুরী, দিদারুল আলম, সেঁজুতি শ্রেয়া, রনি দাশগুপ্ত, সুজয় দে ও আদিল ইলাহি।
ছিল আমন্ত্রিত সংগঠন ‘বোধন আবৃত্তি পরিষদ’ ও ‘শব্দনোঙর আবৃত্তি সংগঠন’–এর বৃন্দ পরিবেশনা। এরপর দলীয় সংগীতে শিল্পীরা গেয়ে শোনান ‘জেগে ওঠো বাংলা’, ‘স্বাধীনতা আমার মায়ের অশ্রুভেজা চোখ’, ‘স্বদেশের বুকে ফিরে এলাম’ ও ‘বিপ্লব চারিদিকে বিপ্লব’।