আবৃত্তি কথামালা আর একাত্তরের চিঠি পাঠ—যেন ফিরে এল সেই যুদ্ধদিন। ত্রিতরঙ্গ আবৃত্তি দল ২৫ ডিসেম্বর নগরের স্টুডিও থিয়েটারে আয়োজন করে ‘আমরা তোমাদের ভুলব না’ শিরোনামের এ আয়োজন।
শুরুতে স্বাগত বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যাপক আলেক্স আলীম, বাংলাদেশ মেরিন একাডেমির চিফ কমান্ড্যান্ট সাজিদ হোসেন ও ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম। এ ছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিতরঙ্গের সংগঠনের উপদেষ্টা সাইফুদ্দিন খালেদ।
সংবর্ধিত মুক্তিযোদ্ধা বাংলাদেশ মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
আবৃত্তিপর্বের শুরুতেই অমিত অমির নির্দেশনায় ত্রিতরঙ্গ আবৃত্তি দলের বৃন্দ পরিবেশনা ‘আগুন ঝরা বাংলাদেশ’ জমিয়ে তোলে অনুষ্ঠান। এরপর বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন ও উচ্চারক আবৃত্তি কুঞ্জ। আবৃত্তির পর গানের শুরু দলীয় পরিবেশনায়। অংশ নেয় সমাজ সমীক্ষা সংঘের সাংস্কৃতিক স্কোয়াড। একক দেশাত্মবোধক গান পরিবেশন করেন ত্রিতরঙ্গের লীনা ভট্টাচার্য ও সুমন তালুকদার। এরপর আবার আবৃত্তি। একে একে একক আবৃত্তি করেন বোধন আবৃত্তি পরিষদের রমিজ বাবু, তারুণ্যের উচ্ছ্বাসের সাইদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের কনা দাশ, নরেন আবৃত্তি একাডেমির ফোরকান ইমন, ত্রিতরঙ্গের নাসরিন আক্তার, আসাদউল্লাহ চৌধুরী, উম্মে সানজিদা, জাকিয়া হোসেন ও প্রিয়াংকা চৌধুরী।
সব শেষে ছিল একাত্তরের চিঠি পাঠের আসর। এতে অংশ নেন তুষ্টি চৌধুরী ও সেঁজুতি শ্রেয়া। চিঠি পাঠের সময় মিলনায়তনজুড়ে ছিল পিনপতন নীরবতা। বারবার ভিজে আসছিল চোখ।
শফিউল আজম ও দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্য দেন ত্রিতরঙ্গের সভাপতি দেবাশিস রুদ্র।