মঞ্চে বিজয় শিখার প্রজ্বলন। চারদিকে আলোর ফোয়ারা। শিল্পীর কণ্ঠে বারুদ হয়ে ঝরছিল প্রতিটি শব্দ। দর্শকদের যেন ফিরিয়ে নিয়ে গেলেন সেই একাত্তরের রণাঙ্গনে।
১১ ডিসেম্বর ত্রিতরঙ্গ আবৃত্তি সংগঠনের আয়োজনে ‘আমরা তোমাদের ভুলব না’ শিরোনামের আয়োজন এমনই মুগ্ধতা ছড়ায়। এতে ছিল কথামালা, আবৃত্তি ও একাত্তরের চিঠিপাঠ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন একাত্তরের জননী রমা চৌধুরী, আবৃত্তিশিল্পী ফারুক তাহের ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিম। সভাপতিত্ব করেন ত্রিতরঙ্গে উপদেষ্টা সাজিদ হোসেন।
কথামালার পর পল্লিকবি জসীমউদ্দীনের ‘দগ্ধ গ্রাম’ আবৃত্তির মধ্য দিয়ে পরিবেশনা শুরু হয়। নির্দেশনায় ছিলেন দেবাশিষ রুদ্র। এরপর একাত্তরের চিঠি পাঠ করেন সংগঠনের সদস্যরা। চিঠি পাঠের সময় চোখ ভিজে যায় অনেকের।
চিঠি পাঠের পর আবার আবৃত্তি। শিল্পীরা আবৃত্তি করেন কবি শামসুর রাহমানের ‘প্রিয় স্বাধীনতা’, আবু হেনা মোস্তফা কামালের ‘ছবি’, মহাদেব সাহার ‘ফিরিয়ে দাও রাজবংশ’ ও ‘হে কিশোর শোনো’, নির্মলেন্দু গুণের ‘প্রথম অতিথি’ ও ‘সেই রাতের কল্পকাহিনী’, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘কনসেনট্রেশন ক্যাম্প’, কামাল চৌধুরীর ‘নিয়াজী যখন আত্মসমর্পণ লিখছে’ এবং মাহবুব উল আলম চৌধুরীর ‘স্বাধীনতা তুমি কার স্বাধীনতা’।
অনুষ্ঠানে ত্রিতরঙ্গ আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে রমা চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।