স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে ত্রিতরঙ্গ আবৃত্তি দলের আয়োজনে গত ৩০ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো কবিতা ও একাত্তরের চিঠি নিয়ে আবৃত্তি অনুষ্ঠান ‘আমরা তোমাদের ভুলব না’।অনুষ্ঠান শুরু হয় মাসুদ তালুকদারের সম্পাদনা ও নির্দেশনায় ত্রিতরঙ্গ আবৃত্তি দলের ‘মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’ শীর্ষক সমবেত আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে। এরপর মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন ত্রিতরঙ্গের সদস্য ও অন্যান্য সংগঠনের আমন্ত্রিত শিল্পীরা। সবশেষে মঞ্চস্থ হয় প্রমার দলীয় পরিবেশনা ।অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলীকে সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা সাইফুদ্দীন খালেদ বাহার।তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা এখনো অমর্যাদা ও অবহেলায় দিনযাপন করছেন। যুদ্ধাপরাধীদের বিচারও বিলম্ব হচ্ছে। এ জন্য আমাদের আরও সোচ্চার হতে হবে।’ আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি দেবাশীষ রুদ্র, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি আলোক মাহমুদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক রাশেদ হাসান প্রমুখ।