‘মা গো ভাবনা কেন/ আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে/ তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি/ তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।’জামালখান সড়ক, বৃহস্পতিবার, রাত নয়টা। সড়কে মোমবাতি জ্বালিয়ে লেখা হয়েছে একাত্তর। আর তার চারদিকে মানববৃত্ত তৈরি করে এই গান গাইছিলেন একদল তরুণ-তরুণী। গান থামতেই স্লোগান, ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই। কতই বা বয়স হবে ওদের। ১৬, ১৭, ১৮, কারও বড়জোর ২৩। উদ্ভাসিত মুখগুলো যেন জ্বলছিল অগ্নিশিখার মতো। সড়কের এ প্রান্ত হতে ও প্রান্তে এমন আরও ২০-২৫টির মতো দল যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে স্লোগানে প্রকম্পিত করছিল রাজপথ। গত মঙ্গলবার যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর ফাঁসির দাবিতে সারা দেশে সোচ্চার হয় জনতা। চট্টগ্রামে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ নাগরিক উদ্যোগের ডাকে জামালখান প্রেসক্লাবের সামনের সড়কে গত বুধবার থেকেই ছাত্র-জনতা অবস্থান নিয়েছেন। ঢাকার শাহবাগের অবস্থান কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে শুরু করা এই আন্দোলনে প্রতিদিনই বাড়ছে জনসমাগম। যারা ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারেননি এই গণজমায়েতে গত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে তাঁরাও এসেছেন। অনেকেই এসেছেন সপরিবারে। কোলের শিশুটিকে কাঁধে নিয়ে। ফলে শুক্রবার জামালখান যেন পরিণত হয়েছিল জনসমুদ্রে। সেই সমুদ্রের ঢেউ একপ্রান্তে চেরাগি পাহাড়, অন্যপ্রান্তে সেন্ট মেরিস স্কুলের মোড়ে আছড়ে পড়েছে। হাজার হাজার মানুষ ফুঁসে উঠেছে ৭১-এর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে। প্রতিরোধের ডাক দিয়েছে জামায়ত শিবিরসহ সাম্প্রদায়িক শক্তিকে।প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত সংহতি সমাবেশ, প্রতিবাদী গান চলবে—এমন ঘোষণা আয়োজকদের। কিন্তু প্রতিবাদী তরুণ-তরুণীরা গত চার দিন ধরেই গভীর রাত পর্যন্ত সড়ক দখল করে স্লোগান দিয়েছেন। রাত একটায়ও জামালখান চত্বর ছিল লোকে লোকারণ্য। উদীচি, চারণ, প্রমা, বোধন, চারণ ও সমগীতসহ নগরের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা লাগাতার গান, আবৃত্তি করেছেন গত চার দিন ধরে। সাংস্কৃতিক আয়োজনের সমন্বয় করছিলেন ডা. চন্দন দাশ, হাসান ফেরদৌস, সুনীল ধর, রাশেদ হাসান, শরীফ চৌহান ও শওকত বাঙালিসহ বেশ কয়েকজন। অনেকেরই গলা ভেঙে গেছে। রাতে ঘুম নেই, নাওয়া-খাওয়ার ঠিক নেই তবু ক্লান্তি কাউকে স্পর্শ করেনি ক্ষণিকের জন্যও।গতকাল শনিবার বৃহত্তর চট্টগ্রামে জামায়াত হরতাল ডেকেছিল। যুদ্ধাপরাধীদের বাঁচানোর দাবিতে ডাকা এই হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়ে সকাল ১০টায় জামালখান চত্বরে হাজির হয় জনতা। এর আগের দিন শুক্রবার দুপুরে প্রতিবাদী সমাবেশে জামায়াত-শিবিরকে প্রতিরোধের ডাক দেওয়া হয়। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার করে জনতাকে শপথ করান শহীদ-জায়া বেগম মুশতারী শফী।কারা এসেছেন এই জমায়েতে? এমন প্রশ্ন কেউ করলে তাকে পাল্টা প্রশ্ন করা যায় এভাবে—কে আসেনি? বৃদ্ধ, শিশু, গৃহবধূ, শিক্ষক, ছাত্রসহ সর্বস্তরের পেশাজীবী মানুষজন শামিল হয়েছেন এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে। তবে এই জমায়েতের সিংহ ভাগই তরুণ। যাদের বয়স ১৫ থেকে ২৫।বাবার হাত ধরে এসেছিল ছোট্ট পাপাই, আভেরি, তানিয়া, লেখনসহ আরও অনেক শিশু-কিশোর। যুদ্ধাপরাধ কী তারা জানে না। কিন্তু এই ঐতিহাসিক গণজাগরণের সাক্ষী হয়ে রইল ওরাও।গত বৃহস্পতিবার সন্ধ্যার পর পর দেখা গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টুপসি, শুভ, তন্দ্রা, মানস একসঙ্গে স্লোগান ধরেছে। ঢাকার শাহবাগে জনপ্রিয় হয়ে ওঠা ‘আ-তে আব্দুল আলীম—তুই রাজাকার তুই রাজাকার। স-তে সাকা চৌধুরী—তুই রাজাকার তুই রাজাকার।’ স্লোগানের সঙ্গে গলা মেলাচ্ছিল ওরা। ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও সুযোগ মিলছিল না। ‘এখন তো কথা বলার সময় নয়। যুদ্ধের সময়। দেখছেন না যুদ্ধ শুরু হয়ে গেছে।’ হেসে জানাল তাদের একজন।দূর-দূরান্ত থেকেও লোকজন এসে যোগ দিয়েছেন প্রতিবাদে। এসেছেন মুক্তিযোদ্ধা, শহীদের স্বজন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাবেক ছাত্রনেতা ও শ্রমজীবী মানুষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা দীপেশ চক্রবর্তী সব দেখে বললেন, ‘ নব্বই দশকে ফিরে গেছি। খুব মনে পড়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিবিরবিরোধী আন্দোলনের দিনগুলোর কথা।’সংহতি জানাতে এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন। গত ৬ জানুয়ারি ‘অপনয়ন’ শিরোনামে রাজধানী ঢাকার একটি গ্যালারিতে তাঁর মাসব্যাপী শিল্প প্রদর্শনী হয়ে গেল। প্রদর্শনীর বিষয়বস্তু ছিল ৭১-এর গণহত্যা। এই গণহত্যার বিরুদ্ধে গণজাগরণ দেখে ভীষণ আলোড়িত তিনি। বললেন, ‘আজকের ডিজিটাল প্রজন্ম সম্পর্কে আমরা যা ধারণা করেছিলাম তা একেবারেই ভুল। এরা দেখিয়ে দিল বাংলাদেশের ভবিষ্যৎ তাদের হাতেই নির্মিত হবে।’ গগনবিদারি স্লোগানের নিচে চাপা পড়ল তাঁর কথা। তারুণ্যের কণ্ঠে তখন ধ্বনিত হচ্ছে ‘৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’।