'আমরা ভাইয়াদেরও সহযোগিতা করি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমরাজিনা ইসলাম
এমরাজিনা ইসলাম

এমরাজিনা ইসলাম, নুসরাত জাহান ও শাহরিনা ইয়াসমিন—তথ্যপ্রযুক্তির আউটসোর্সিং কাজে তিনজনই সফল। ২০১৩ সালে বেসিসের আউটসোর্সিং পুরস্কারও পেয়েছেন এই তিন মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার)। নিজেদের সাফল্য নিয়েই তৃপ্ত থাকেননি, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘বাংলাদেশ ফিমেল ফ্রিল্যান্সারস হেল্প গ্রুপ’ নামের একটি পেজ খুলেছেন তাঁরা। যেখানে মূলত নারীদের আউটসোর্সিং বিষয়ক যেকোনো প্রশ্নের উত্তর দেন তাঁরা। কোনো সমস্যায় পড়লে তার সমাধানও দেওয়া হয় এই পেজ থেকে। আবার কারও প্রয়োজন হলে এমরাজিনা, নুসরাত বা শাহরিনাকে সরাসরি ই-মেইলও করা যায়। তাঁরা সেগুলোর সমাধান দিয়ে দেন।

নুসরাত জাহান
নুসরাত জাহান

গ্রুপটির তিন উদ্যোক্তা জানালেন, বেসিসের পুরস্কার তাঁদের আত্মবিশ্বাসী করে তুলেছিল। তখন তাঁরা চাইলেন অন্য নারীদের ফ্রিল্যান্সিং বিষয়ে আগ্রহী করে তুলতে ও তাঁদের সাহায্য করতে। এমরাজিনা ইসলাম বললেন, ‘নানা কাজের মাঝেও আমরা এই গ্রুপটিতে নিয়মিত সময় দিই। সমস্যার সমাধান দিয়ে থাকি। অনেক সময় উত্তর দিতে দেরি হয় সংসারের নানা কাজের জন্য৷ কিন্তু একটু অবসর পেলেই নির্দেশনা দিই গ্রুপের মেয়েদের। ভালো লাগে যখন কেউ সাফল্যের বার্তা পাঠায়।’ যখন কোনো মেয়ে ইনবক্সে বলে, ‘আপু আপনার গাইডলাইন পেয়ে আমি এখন কাজ পাচ্ছি’—তখন এমরাজিনার খুব ভালো লাগে। অনেক আগে থেকে এমরাজিনার ইচ্ছে ছিল গ্রুপটির পাশাপাশি নিজের একটি প্রতিষ্ঠান গড়ার। দুই বছরের চেষ্টায় ছয়জন মেয়েকে গ্রাফিক ডিজাইনের কাজে দক্ষ করে তুলেছেন। এখন তাঁরা এমরাজিনার প্রতিষ্ঠানে কাজ করছেন। ‘নারীদের জন্য ফ্রিল্যান্সিং দারুণ একটি কাজ। এতে করে ঘরে বসে যেমন কাজ করা যাবে, তেমনি সংসারও সামলানো যাবে। স্বপ্ন দেখি আরও অনেক নারীকে এর সঙ্গে যুক্ত করার।’

শাহরিনা ইয়াসমিন l ছবি: সংগৃহীত
শাহরিনা ইয়াসমিন l ছবি: সংগৃহীত

ফেসবুকের এই পেজটির মূল লক্ষ্য ছিল সবাইকে জানানো, মেয়েদের শেখানো। বাংলাদেশের নারীদের জন্য কিছু করার স্বপ্ন নিয়েই গ্রুপটির যাত্রা শুরু হয়েছিল। এই গ্রুপে ওয়েব ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), গ্রাফিক ডিজাইনসহ বিভিন্ন সমস্যার কথা জানান সদস্যরা। আর সেগুলোর সমাধান দেওয়া হয় পেজটিতে।
নুসরাত জাহান বললেন, ‘আমরা চাই মেয়েরা আউটসোর্সিংয়ের কাজ করতে গিয়ে যে সমস্যায় পড়ছে তা তুলে ধরুক আমাদের গ্রুপের পেজে। আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। মেয়েদের পক্ষে বাইরে গিয়ে কাজ করা বা শেখা কঠিন হয়ে যায়। তবে মেয়েরা ইচ্ছা করলে নিজেই কিছু করে দেখাতে পারে। আমাদের গ্রুপেও আছে অনেক সফলতার গল্প। হতাশার কথাও জানান অনেকে, তাঁদের আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করি।’
ভবিষ্যতে আরও ভালো কিছু করার ইচ্ছা আছে এই তিন নারী ফ্রিল্যান্সারের। শাহরিনা ইয়াসমিন বললেন, ‘আসলে আমাদের এই গ্রুপটিতে যে ধরনের প্রশ্ন করা হয়, আমরা সে অনুযায়ী দিকনির্দেশনা দিয়ে থাকি। আগামীতে ভালো কিছু করার চেষ্টা করছি। যাতে করে সামনে আরও বেশি সাড়া পাওয়া যায়। তবে আউটসোর্সিং খাতটি এগিয়ে যাচ্ছে এবং নারীরা এই খাতে অনেক ভালো করতে পারবেন।’
ফেসবুকে বাংলাদেশ ফিমেল ফ্রিল্যান্সার হেল্প গ্রুপ (https://goo.gl/jqWL2y) থেকে কি শুধু নারীদেরই পরামর্শ দেওয়া হয়? এমরাজিনার উত্তর, ‘মেয়েদের তো বটেই আমরা ভাইয়াদেরও অনেক প্রশ্নের উত্তর দিই। তাঁদের সহযোগিতা করে থাকি।’