‘আমরা রাতে শান্তিমতো ঘুমাবের চাই’ সীতাকুণ্ড আদিবাসী পল্লিতে বখাটেদের উত্পাত
সীতাকুণ্ড সদর থেকে প্রায় পাঁচ কিলেমিটার দূরে চন্দ্রনাথ পাহাড়ে মহাদেবপুর আদিবাসী পল্লি। এখানে প্রায় ৪৫টি পরিবারের লোকজন বাস করেন। দিনমজুরি করে চলে তাঁদের সংসার। কিন্তু রাতে যে দুমুঠো খেয়ে শান্তিতে ঘুমাবেন সেই উপায়ও তাঁদের নেই। সন্ধ্যা হলেই এক শ্রেণীর মদ্যপের উচ্ছৃঙ্খল আচরণ কেড়ে নেয় তাঁদের শান্তি। ঘটেছে হতাহতের ঘটনাও। এভাবেই চলছে দীর্ঘদিন।স্থানীয়দের অভিযোগ, মাতালদের অত্যাচারে অমানবিক জীবন কাটাতে হচ্ছে তাঁদের। গত ১১ আগস্ট সন্ধ্যায় বখাটে যুবক জিতেন মজুমদার মুকুলেশ ত্রিপুরার (৪২) ঘরে গিয়ে মদ দাবি করে। মদ নেই জানালে জিতেন ক্ষিপ্ত হয়ে পাশের ঘর থেকে একটি ধারালো দা নিয়ে মুকুলেশকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এতে মুকুলেশ ঘটনাস্থলেই মারা যান। তাঁর বোন লক্ষ্মীপতি ত্রিপুরা ভাইকে উদ্ধার করতে এগিয়ে এলে জিতেন তাঁকেও কুপিয়ে মারাত্মক জখম করে। তাঁর ডান হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় পল্লির নারী-শিশুদের চিত্কারে স্থানীয় লোকজন এসে পড়লে জিতেন পালিয়ে যায়। গত ১১ ডিসেম্বর স্থানীয় চার বখাটে যুবক পল্লির কয়েকটি ঘরে গিয়ে মদ না পেয়ে সংশ্লিষ্ট ঘরের লোকজনের ওপর চড়াও হয়। এতে মানিক ত্রিপুরা, হরিপদ ত্রিপুরা, সাধন ত্রিপুরা, অর্জুন ত্রিপুরা, লক্ষ্মীকান্ত ত্রিপুরা, বলহরি ত্রিপুরাসহ আটজন আহত হন। এভাবে প্রতিনিয়তই তাদের বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হতে হচ্ছে। পল্লির বৃদ্ধা লক্ষ্মীকান্ত ত্রিপুরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা গরিব দেইখ্যা আরেক গেরামের ছেলেরা আমাগো অত্যাচার করে। গরিব হওয়াই আমাগো অপরাধ।’ একই গ্রামের মানিক ত্রিপুরা বলেন, ‘মাঝিমধ্যে খারাপ লোকেরা মদ খাইয়া আইসা আমাগো খারাপ খারাপ কথা বইলা গালি দেয়। বাড়ির ছেলে মানুষেরা প্রতিবাদ করলে আমাগো মাইর দেয়। খারাপ লোকগোর ভয়ে বয়েস্তা (যুবতী) মাইয়াগো লুকায় রাখতি হয়।’ কথাগুলো বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। রবীন্দ্র ত্রিপুরা বলেন, ‘আমরা রাতে শান্তিমতো ঘুমাবের চাই। আবার দিনত পরার জমিত খাটবার চাই।’ পল্লির শন ত্রিপুরা জানান, ‘আদিবাসীরা পরিশ্রমী। তাঁরা অন্যের জমিতে দিনমজুরি করে সংসার চালান। কিন্তু পাশের নিজতালুক ও সোবহানবাগ এলাকার ছেলেরা মদ খেয়ে প্রায় রাতেই তাঁদের অত্যাচার করে। ভয়ে পল্লির লোকজন রাতে ঘুমাতে পারেন না। গত ২৫ ডিসেম্বর প্রতিবাদ করায় নেশাখোরেরা আমার মাথায় মদের বোতল দিয়ে আঘাত করে।’ সীতাকুণ্ড আদিবাসী পরিষদের নেতা উপেন্দ্র ত্রিপুরা জানান, এরকম সমস্যা প্রতিনিয়তই তাঁদের মোকাবিলা করতে হচ্ছে। বখাটেরা স্থানীয় হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কিছু বলে না। এ নিয়ে থানা-পুলিশ বা মামলা-মোকদ্দমা করলে পল্লিতে থাকাই দায় হতে পারে বলে কেউ সেদিকে যাওয়ার সাহসও পান না। তাই সব নীরবে সহ্য করতে হয়। এলাকার পৌর কাউন্সিলর সফিউল আলম চৌধুরী জানান, ‘আদিবাসীদের ওপর অত্যাচার বন্ধে আমি একাধিকবার উদ্যোগ নিয়েও বন্ধ করতে পারিনি। কয়েকজনকে পুলিশের হাতেও তুলে দিয়েছি। কিন্তু আদালত থেকে তারা জামিনে এসে আবারও অত্যাচার শুরু করে।’এ ব্যাপারে থানার উপপরিদর্শক শওকত হোসেন জানান, ‘একসময় আদিবাসী এলাকা থেকে মদ তৈরি করে বিক্রি করা হতো। তাঁরা এখন মদ তৈরি এবং বিক্রি বন্ধ করে দিয়েছেন। ফলে বখাটেরা মদ খেতে না পেরে তাঁদের ওপর অত্যাচার করে। এ নিয়ে থানায় দুটি মামলা হয়েছে। তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’