‘আমা জাগা আমা ঘর, আমা বেগর মোনঘর’
‘আমা জাগা আমা ঘর, আমা বেগর মোনঘর, সুগে দুগে ইদু থেই, বেক্কুন আমি বোনভেই’ (আমাদের জায়গা আমাদের ঘর, আমাদের সবার মোনঘর, সুখে-দুঃখে এখানে থাকি, সবাই আমরা বোন-ভাই)—এ গানটি মোনঘর প্রতিষ্ঠানে পড়া সব শিক্ষার্থীর প্রাণের কথা—মোনঘরসংগীত। মোনঘর জুমিয়া সংস্কৃতির প্রতীক, জুমিয়া আদিবাসীদের জীবিকার মাধ্যম। জুম খেতের মাঝখানে যে ঘর নির্মাণ করা হয় তা মোনঘর নামে পরিচিত। তবে গানের এ মোনঘর সেই মোনঘর নয়। এ মোনঘর পার্বত্য চট্টগ্রামের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের ঠিকানা। আলো ছড়ানো একটি প্রতিষ্ঠানের নাম।বান্দরবান থেকে আসা মোনঘর আবাসিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রেং ইয়ং ম্রো ও সপ্তম শ্রেণীর ছাত্রী জিংব্যাং বোম মনে করে, মোনঘর না হলে তাদের পড়াশোনা করার ইচ্ছা কোনোদিনই পূরণ হতো না। মোনঘর তাদের শিক্ষার বাতিঘর। শুধু রেংইয়ং আর জিংব্যাং নয় আরও দুই হাজারের বেশি ছাত্র-ছাত্রীর শিক্ষা লাভের স্বপ্নপূরণ করছে এ প্রতিষ্ঠান।শুরুর কথাবাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক দুরবস্থা, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক অস্থিরতা সবকিছু মিলিয়ে এক অনিশ্চিত পরিস্থিতি। এমন সময়ে রাঙামাটি শহরতলী রাঙাপানি গ্রামে ১৯৭৪ সালে কয়েকজন তরুণ বৌদ্ধ ভিক্ষু প্রতিষ্ঠা করেন মোনঘর। পার্বত্য চট্টগ্রামের গরিব ও মেধাবী এবং স্বল্প জনসংখ্যার জাতিসত্তাগুলোর ছেলেমেয়েদের নিয়ে এসে শুরু হয় শিক্ষা কার্যক্রম। বৌদ্ধ ভিক্ষুদের অক্লান্ত পরিশ্রম আর দায়িত্ববোধ মোনঘরকে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করে। বর্তমানেও মোনঘর প্রতিষ্ঠান হিসেবে সে ধারা অব্যাহত রেখেছে। বর্তমানে মোনঘর পরিচালিত হয় পার্বত্য চট্টগ্রামের ১৫ জন বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি কার্যনির্বাহী কমিটির মাধ্যমে। জানা যায়, মোনঘর থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি গরিব ও মেধাবী ছাত্রছাত্রী শিক্ষালাভ করেছে। বর্তমানে অধ্যয়নরত এক হাজার ১৫০ শিক্ষার্থী, এর মধ্যে ৫৫০ জন আবাসিক। তারা সবাই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকার ও আদিবাসী সমপ্রদায়ের শিক্ষার্থী। মোনঘরের নির্বাহী পরিচালক চঞ্চু চাকমা জানান, বর্তমানে যেসব আবাসিক শিক্ষার্থী রয়েছে, তাদের মধ্যে ১৫০ জনের বেশি সম্পূর্ণ বিনা খরচে এবং বাকিরা সামান্য অর্থের বিনিময়ে পড়াশোনা করছে। যেভাবে চলছে: মোনঘর রাঙামাটি জেলা সমাজসেবা অধিদপ্তর ও এনজিও ব্যুরোর নিবন্ধিত প্রতিষ্ঠান। সে কারণে সমাজকল্যাণ অধিদপ্তর ও বেশ কিছু বিদেশি সংস্থা থেকে অনুদান সংগ্রহ করে। মোনঘর সমাজকল্যাণ অধিদপ্তর থেকে ৮০ জন আবাসিক শিক্ষার্থীর জন্য জনপ্রতি মাসিক ৭০০ টাকা করে অনুদান পায়। এ ছাড়া ‘মানুষের জন্য ফাউন্ডেশন’, ‘অস্ট্রেলিয়ার ডেনিস রাইট মেমোরিয়াল’, বুড্ডিস্ট গ্লোবাল রিলিফ রোটারি ক্লাব ও যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় নানা প্রকল্প চালু আছে মোনঘরে। ছাত্রছাত্রী ও গ্রামীণ দরিদ্র নারীদের কৃষিশিক্ষাবিষয়ক প্রকল্প এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহায়তায় ভোকেশনাল ট্রেনিং কোর্সও পরিচালিত হচ্ছে।