'আমা বেগর মোনঘর'

মোনঘর শিশুসদন ও বিদ্যালয়ের ৪০তম বর্ষপূর্তি। এ উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে এসেছেন কয়েক শ সাবেক শিক্ষার্থী। সবার চোখেমুখে আবেগ। এক সারিতে দাঁড়িয়ে গাইছিলেন ‘আমা জাগা আমা ঘর/ আমা বেগর মোনঘর (আমাদের জায়গা আমাদের ঘর/ আমাদের সবার মোনঘর’)।
১৬ জানুয়ারি ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে মোনঘর পরিণত হয়েছিল শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায়। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আলোকিত ব্যক্তিদের দেওয়া হয় সম্মাননা। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পাহাড়ের এতিম ও দরিদ্র শিশুদের লেখাপড়ার সুযোগ করে দিতে রাঙামাটির রাঙাপানিতে প্রতিষ্ঠিত হয়েছিল মোনঘর। জুমখেতের ফসল রাখার ঘরের সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হয়েছিল। গত ৪০ বছরে মোনঘর থেকে বহু মেধাবী শিক্ষার্থী পাস করে বেরিয়েছেন। দেশে–বিদেশে নানা সংস্থায় কাজও করছেন তাঁরা। মোনঘর যেন আক্ষরিক অর্থেই মেধার ফসলে ভরে উঠেছে আজ।
বাংলাদেশের স্বাধীনতা–পরবর্তী সময়ে বৌদ্ধ সাধক জ্ঞানশ্রী মহাথের এবং তাঁর শিষ্য বিমলতিষ্য মহাথের, প্রজ্ঞানন্দ মহাথের, শ্রদ্ধালংকার মহাথের, সজ্জন চাকমা এবং সুভাষ চাকমা মোনঘর প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা রাখেন। পরে ফরাসি নাগরিক পিয়ার মার্চন্ড মোনঘর শিশুসদনের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা প্রসারে দীর্ঘ সময় ধরে সহযোগিতা দেন।
মোনঘরের প্রাক্তন ছাত্র ও নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা জানান, প্রতিষ্ঠার পর থেকে মোনঘর শিশু সদনে তিন হাজারের বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করেছেন। এঁদের মধ্যে ১৫ থেকে ২০ ভাগ শিক্ষার্থী প্রকৌশল, চিকিৎসা, আইনসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন। মোনঘর থেকে শিক্ষা লাভকারী শতাধিক শিক্ষার্থী বর্তমানে বিশ্বের ১৭টি দেশে বসবাস করছেন। দেশেও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চপদে চাকরি করছেন অনেকে। সরকারি অনুদান, প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় বর্তমানে মোনঘর পরিচালিত হচ্ছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে ‘মোনঘরের ভূমিকা : বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন অশোক কুমার চাকমা। প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ‘দি মোনঘরিয়ান্সের’ সভাপতি বিপ্লব চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান ও শিক্ষাবিদ মংসানু চৌধুরী।