‘আমাকে বলত, আমি যেন তাদের ভালোবাসি’
ইভ টিজিংয়ের শিকার চতুর্থ শ্রেণীর এক ছাত্রী গত সপ্তাহে আদালতে জবানবন্দি দেয়। জবানবন্দির চুম্বক অংশ তুলে ধরা হলো। তার নাম ও পরিচয় গোপন রাখা হলোআমি হোসনে আরা (ছদ্মনাম)। আমার বয়স ১২ বছর। চতুর্থ শ্রেণীতে পড়ি। স্কুলে যাতায়াতের সময় প্রতিদিন শুক্কুর, শামিম, শাকিলসহ আরও কিছু ছেলে আমার পথে দাঁড়ায়। আমার ওড়না ধরে টান দেয় ওরা। আমাকে বলত, আমি যেন তাদের ভালোবাসি। এ কারণে আমি বাবার কাছে বিচার দিলে আমাকে এক দিন বলে, আমি কেন বাবার কাছে বিচার দিয়েছি। এজন্য আমার বাবাকে জুতাচোর বলে ওরা মার দেবে। আরেক দিন বৃহস্পতিবার। ওই দিন আমার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে আমার কয়েকজন বান্ধবী বাসায় পৌঁছে দিতে এগিয়ে আসে। তারা বলে, যেহেতু ছেলেগুলো আমার পেছনে লেগেছে তাই তারা আমাকে বাসায় পৌঁছে দেবে। বান্ধবীদের নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। পথেই ওরা আমাকে খুব খারাপ কথা বলে। এ সময় আমার বান্ধবীরা ওদের বলে—তোমরা এমন করছ কেন? তোমাদেরও তো বোন আছে। একপর্যায়ে ওরা আমাদের ছুরি নিয়ে তাড়া করে বাসা পর্যন্ত নিয়ে যায়। শুক্কুর কোনো পড়াশোনা করে না। তার বয়স ১৫-১৬ বছরের মতো হবে। শামিম ও শাকিল ওরা দুজন যমজ ভাই। একজন তৃতীয় ও অন্যজন চতুর্থ শ্রেণীতে পড়ে। তাদের বয়স আমারই মতো প্রায়। এক দিন ওরা আমার আব্বুকে বকা দেয়। আব্বু এজন্য শামিম ও শাকিলকে থাপ্পড় মারে। পরে ওরা ছুরি নিয়ে আসে। ওদের বাবা-মা এসে আমার আব্বু-আম্মুকে মারধর করে। মামলা: এ ঘটনায় হোসনে আরার (ছদ্মনাম) বাবা গত ২৭ জানুয়ারি ডবলমুরিং থানায় মামলা করেন। এতে আসামি করা হয় মিজু, রফিক ও রব্বানীকে। এজাহারে বলা হয়, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে আসামিরা প্রায় সময় আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। আমি বিষয়টি এক নম্বর বিবাদীর অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাই। এতে ওই আসামি আমার মেয়ের ওপর আরও ক্ষিপ্ত হয়।এজাহারে আরও বলা হয়, গত ২০ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ে যায় এবং বেলা দুটায় ছুটির পর বাসার দিকে রওনা হয়। বিদ্যালয়ের সামনে এক নম্বর আসামি ও অন্যান্য অজ্ঞাতনামা ছেলেসহ আমার মেয়েকে উদ্দেশ করে বিভিন্ন রকমের খারাপ উক্তি করে এবং খারাপ প্রস্তাব দেয়। আমার মেয়ে প্রতিবাদ করলে আসামিরা মেয়েকে ধরে টানা-হেঁচড়া করে। একপর্যায়ে আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় আমার মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।