‘আমাকে লাশের ট্রাকেই তোলা হয়েছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ পাঁচটি বছর পেরিয়ে গেছে। ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার ক্ষত এখনো শুকায়নি। সেদিনের সেই ঘটনার সাক্ষী হয়ে বেঁচে আছেন নাসিমা ফেরদৌস। উত্তরার মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন সে সময়। এখন তিনি জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শরীর সায় দেয় না, তবুও মনের টানে রাজনীতিতে সক্রিয় আছেন। শরীরে এখনো অজস্র স্প্লিন্টার। প্রতিনিয়ত অসহনীয় যন্ত্রণা দিচ্ছে সেগুলো। কাছেপিঠে কোথাও ছোটখাটো শব্দ হলেই বুক ধড়ফড় করে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে সেদিন এসেছিলেন এই ৪৮ বছর বয়সী নারী। সেখানে পা রেখেই দুঃসহ স্মৃতি যেন সামনে এসে দাঁড়ায় আবার। কানে বাজে সেই শব্দ, আর্তচিত্কার। চোখে ভাসে ধোঁয়া আর রক্ত! ঘটনাস্থলের সামনে এসেই ভুল করে অন্যদিকে পা বাড়িয়েছিলেন। সঙ্গে আসা মেয়েজামাই তাঁকে ধরে এক জায়গায় বসান। চোখ দিয়ে তখন তাঁর পানি গড়াচ্ছে। বলছিলেন সেদিনের কথা, ‘এখানে এসেই যে কী হলো! গ্রেনেড হামলার স্মৃতি তো প্রতিনিয়ত কুরে কুরে খায়। তার ওপর ঘটনাস্থলে এসেই মাথায় যেন কী হয়ে যায়! সেদিনের ঘটনা কেউ কোনো দিন ভুলতে পারবে না। আমিও পারি না। এই তো সেই জায়গা, যেখানে আমি বসে ছিলাম। আমার ঠিক ডান পাশেই ছিলেন আইভি আপা (আইভি রহমান)। হঠাৎ বিকট শব্দ। তারপর আর কিছু মনে নেই।’ বলতে বলতে গলা ধরে আসে নাসিমার। শূন্যদৃষ্টিতে চেয়ে থাকেন কিছুক্ষণ। আবার বলতে শুরু করেন, ‘সেদিন তো মরে গিয়েছি মনে করে আমাকে লাশের ট্রাকেই তোলা হয়েছিল। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর আমার পা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আমার স্বজনেরা তা হতে দেয়নি। তারপর আমাকে চিকিত্সা দেওয়া হয়। দিল্লি অ্যাপোলো হাসপাতালেও চিকিত্সা নিয়েছি। অনেক চেষ্টা করে পা দুটো রক্ষা করতে পেরেছেন চিকিত্সকেরা। কিন্তু তারপরও ক্ষত-বিক্ষত আমার পা দুটো। বলা যায় একরকম জোড়াতালি দিয়েই টিকে আছে।’ তবে সুখের বিষয়, বছর দুয়েক হলো নাসিমা লাঠি ধরে ধরে হাঁটছেন। সেদিন বুকে একটা মোবাইল ফোনসেট ঝোলানো ছিল তাঁর। সেখানেও স্প্লিন্টার আঘাত হেনেছিল। তারপরও ফুসফুসে পৌঁছে গিয়েছিল একটি ঘাতক স্প্লিন্টার। ‘সারা শরীরে স্প্লিন্টার গেঁথে আছে। হাতে, পায়ে, কোমরে, মাথায়, পেটে—সবখানে। অসহ্য যন্ত্রণা। আরও কয়েকটি অস্ত্রোপচারের দরকার আছে। আওয়ামী লীগের কাছ থেকে অনেক সাহায্য-সহযোগিতা পেয়েছি। একাত্তরের মুক্তিযুদ্ধে গুলিবিদ্ধ অনেক মুক্তিযোদ্ধাকে জার্মানিতে পাঠিয়েছিলেন বঙ্গবন্ধু। আশা করছি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও আমাদের জন্য তেমন কিছু করবেন। আর এই নারকীয় গ্রেনেড হামলার বিচার তো সবাই চায়। এ রকম হত্যাকাণ্ড যেন বাংলাদেশে আর না হয়।’