সোনিয়া খাতুন প্রতিদিন এক পায়ে হেঁটে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যায়। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার পূর্ব ধোপাপাড়া গ্রামে। সে ধোপাপাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

এক পায়ে এতদূর হাঁটার সাহস পাও কী করে?
ছোট বেলায় একা একাই এক পায়ে হাঁটতে শিখি। স্কুল বাড়ির কাছে ছিল। বেশি হাঁটতে হয়নি। কিন্তু হাইস্কুল বাড়ির কাছে নেই। তারপরও আমি পড়ব। আমাকে হাঁটতেই হবে। এই মনের জোর থেকেই হাঁটি।
পড়াশোনার অনুপ্রেরণা কে দিয়েছে?
আমার বড় বোন পড়াশোনায় ভালো ছিল। পঞ্চম শ্রেণী পাস করার পরে তাকে লেখাপাড়া শেখানো যায়নি। এ নিয়ে আমার মায়ের মনে খুব কষ্ট। আমার একটি পা নেই। ঠিকমতো চলাফেরা করতে পারব না। কাজও করতে পারব না। তাই যেকোনোভাবে পড়ালেখা চালিয়ে যেতে চাই।
বড় হয়ে কী হতে চাও?
আমার খুব ইচ্ছা বড় হয়ে আমি একজন চিকিৎসক হবো। আমার পায়ে খুব যখন যন্ত্রণা হয়, টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারি না। যারা চিকিৎসা পায় না, তাদের কষ্টটা আমি বেশি করে বুঝতে পারি। তাই মনে হয় আমি চিকিৎসক হলে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারব।
সাক্ষাৎকার: আবুল কালাম মুহম্মদ আজাদ