ছুটির দিনের ৫৬৯তম সংখ্যার ‘আমাদের কথা মামাদের কথা’ লেখাটি পড়লাম। লেখাটা পড়তে পড়তে একটা ঘটনা মনে পড়ে গেল। আমাদের বাড়ি কিশোরগঞ্জ। একবার আমার এক বন্ধু ঢাকা থেকে আমাদের বাসায় বেড়াতে এল। বিকেলে ফেরার সময় আমিও রাস্তার মোড় পর্যন্ত ওর সঙ্গে গেলাম। হঠাৎ শুনলাম, সে যেন কাকে মামা, মামা বলে ডাকছে! আমি জিজ্ঞেস করলাম, কাকে মামা ডাকছিস? কে তোর মামা? সে আমার কথা শুনে চোখ রসগোল্লার মতো বড় করে বলল, কেন, রিকশাওয়ালা! শুনে আমারও একই দশা, অর্থাৎ চোখ রসগোল্লা! অন্যদিকে আমাদের কথোপকথন শুনে সেই রিকশাওয়ালা মামাই হাসতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে আমিও, অবস্থা বেগতিক দেখে আমার বন্ধু দ্রুত মামা থেকে চাচায় চলে এল। বেচারি!মো. সাইফুল্লাহকে বলছি, আপনি আজ পাঠকদের কাছে একটি ভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এটি হয়তো ঢাকা শহরের নিত্য বা সাময়িক হালচালের একটি বিশেষ চিত্র। আনতারা খায়েরচরসোলাকিয়া, কিশোরগঞ্জ